প্রার্থীর নির্বাচনী কার্যালয় গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালত সম্ভাব্য এক চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী কার্যালয় গুঁড়িয়ে দিয়েছেন। এ সময় ওই প্রার্থীর কার্যালয় থেকে চেয়ার, বৈদ্যুতিক পাখা ও মাইক জব্দ করা হয়। এ ছাড়া আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে প্রকাশ্যে প্রচারণা চালানোয় আরও দুই সম্ভাব্য প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।২৭ মে বিকেল ও রাতে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদ মোহাম্মদ ছাইদুল হক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবদুর রহমান শিকলঘাট এলাকায় একটি কার্যালয় তৈরি করে বিধিবহির্ভূতভাবে প্রচারণা চালাচ্ছিলেন। আদালত তাঁর কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। অন্যদিকে প্রকাশ্যে জনসভা করার অভিযোগে জোয়ারিয়ানালা ইউনিয়নের সদস্য পদপ্রার্থী ফরিদুল আলমকে পাঁচ হাজার টাকা ও নুরুল ইসলাম চৌধুরীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এই সময় নুরুল ইসলাম ইউএনওর সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়লে তাঁকে আটক করা হয়।ইউএনও শহীদ মোহাম্মদ ছাইদুল হক বলেন, ‘নির্বাচনী আচরণবিধি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের ২১ দিন আগে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। এর আগে সব ধরনের নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ।’ এই আচরণবিধি লঙ্ঘনের দায়ে ওই তিন প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় বলে তিনি জানান। এর আগে ২৫ মে আগাম প্রতীক প্রদর্শন করে প্রচারণা চালিয়েছিলেন রশিদনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য সদস্য পদপ্রার্থী আবদুল করিম। ভ্রাম্যমাণ আদালত আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাঁকেও দুই হাজার টাকা জরিমানা করেন। উল্লেখ্য, এ উপজেলার ১১টি ইউনিয়নে আগামী ২৫ ও ২৮ জুন দুই দফায় নির্বাচন হবে।