প্রার্থীর যোগ্যতাই বড় করে দেখছেন ভোটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৩০ মে প্রতীক বরাদ্দের পরপরই শহরতলি চিকনদণ্ডী ও দক্ষিণ মাদার্শা ইউনিয়নে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। দুই ইউনিয়নেই রয়েছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির সমর্থক একাধিক প্রার্থী। ভোটাররা এবার দলীয় বিবেচনা থেকে নয়, বরং এলাকার উন্নয়ন করতে পারবেন—এমন যোগ্য প্রার্থীকেই নির্বাচিত দেখতে চান। গত ৩১ মে এই দুই ওয়ার্ডে সরেজমিনে দেখা গেছে, প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন, দিচ্ছেন এলাকার উন্নয়নের নানা প্রতিশ্রুতিদক্ষিণ মাদার্শা ইউনিয়ন৪ দশমিক ৫ বর্গকিলোমিটার আয়তনের এ ইউনিয়নে মোট জনসংখ্যা ৩০ হাজার, ভোটকেন্দ্র নয়টি, ভোটার সংখ্যা ১৩ হাজার ২৩৫ জন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সাতজন। সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪০ জন। তিনটি সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী হয়েছেন নয়জন।চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থক প্রার্থীরা হলেন—আবদুল মজিদ (দোয়াত-কলম), আরমান আহমেদ চৌধুরী (টেলিফোন), নুরুল আমীন (মাইক) ও এস এম মাহমুদ (তালা)।বিএনপি সমর্থক প্রার্থী হলেন—আবুল হোসেন (আনারস)। এ ছাড়া ভোটযুদ্ধে নেমেছেন বর্তমান চেয়ারম্যান আকতার হোসেন (দেয়ালঘড়ি) ও আবু তাহের (জাহাজ)। গত ৩০ মে প্রতীক বরাদ্দের পর থেকেই এ ইউনিয়নের সর্বত্র এখন নির্বাচনী আমেজ। প্রার্থীরা ব্যস্ত হয়ে পড়েছেন গণসংযোগে। অলিগলিতে চলছে সংশ্লিষ্ট প্রার্থীর পক্ষে মাইকিং। তবে চেয়ারম্যান পদপ্রার্থীরা জোরেশোরে নির্বাচনী প্রচারণায় নামলেও ভোটারদের মধ্যে তেমন উত্তেজনা দেখা যায়নি।মধ্যম মাদার্শার অধিকাংশ বাসিন্দা বর্তমান চেয়ারম্যান আকতার হোসেনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় বৈলতল এলাকার বাসিন্দা মোহাম্মদ আবদুল্লাহ বলেন, তিনি আট বছর ধরে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। সাত বছর কোনো উন্নয়ন হয়নি। সিকদারঘাটার ভোটার রহিমুল্লাহ বলেন, ‘মদুনাঘাট স্লুইসগেটটি ছয় মাস বন্ধ থাকে, ছয় মাস চালু থাকে। জলাবদ্ধতার কারণে কাটাখালী খালের উভয়পাড়ের দুটি সড়ক বার বার ভেঙে যায়।’ গৃহবধূ ফেরদৌস বেগম বলেন, ‘মধ্যম মাদার্শা এলাকার ১৮-২০টি সড়কের অবস্থা বেহাল।’ভোটারদের অভিযোগ প্রসঙ্গে বর্তমান চেয়ারম্যান আকতার হোসেন বলেন, ‘আমি বরাদ্দবৈষম্যের শিকার। গত আট বছরে আমি চার কোটি টাকার উন্নয়নমূলক কাজ করেছি। আমার বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে।’ ভোটারদের অভিমত, চেয়ারম্যান পদে লড়াই হবে আবু তাহের (জাহাজ) ও আবুল হোসেনের (আনারস) মধ্যে। উল্লেখ্য, আবু তাহের গত নির্বাচনে ২০০ ভোটের ব্যবধানে বর্তমান চেয়ারম্যানের কাছে হেরেছিলেন। গত ৩১ মে বটতলী গ্রামে গণসংযোগের সময় দেখা হয়চেয়ারম্যান প্রার্থী আবু তাহেরের সঙ্গে। নির্বাচনে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘নির্বাচিত হলে দক্ষিণ মাদার্শার রাস্তাঘাটের উন্নয়নে ও হালদার ভাঙন রোধের বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেব।’চিকনদণ্ডী ইউনিয়ন৮০ হাজার জনসংখ্যা-অধ্যুষিত এ ইউনিয়নে ভোটার রয়েছেন ২৮ হাজার ১৭০ জন, ভোটকেন্দ্র ১০টি। এবারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ১২, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৫৪ এবং তিনটি সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন প্রার্থী হয়েছেন। দলীয়ভাবে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না থাকলেও আওয়ামী লীগ ও জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে একাধিক ব্যক্তি চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন।আওয়ামী লীগ সমর্থক প্রার্থীরা হলেন—সাবেক চেয়ারম্যান শাহ আলম (টেলিফোন), মো. মহসিন খান (তালা), অশোক কুমার দেব (দেয়ালঘড়ি) ও মীর কাশেম (চাঁদ)।বিএনপির সমর্থক প্রার্থীরা হলেন—মোজাম্মেল হক (জাহাজ), মোহাম্মদ সেলিম (মাইক), নজরুল ইসলাম (কাপ-পিরিচ), বদরুল আলম (বালতি)। এ ছাড়া মোহাম্মদ সেলিম (চশমা), মোহাম্মদ হেলাল (আনারস), নেয়ামত আলী খান (দোয়াত-কলম) ও মোহাম্মদ কামাল (গরুরগাড়ি) চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। ভোটারদের অভিমত, আঞ্চলিকতার বিষয়টি প্রাধান্য না পেলে মূল লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে মোহাম্মদ হেলাল (আনারস), মোহাম্মদ সেলিম (মাইক) ও মোহাম্মদ সেলিম (চশমা)—এ তিনজনের মধ্যে। এলাকার উন্নয়নের ব্যাপারে জনপ্রতিনিধিদের আরও দায়িত্বশীল হওয়া উচিত বলে মনে করেন ভোটাররা। নতুনপাড়ার ভোটার মো. মুছা বলেন, ‘নির্বাচন এলে প্রার্থীরা উন্নয়নের আশ্বাস দেন। কিন্তু উন্নয়ন হয় না। নতুনপাড়া সড়ক উন্নয়নেও উদ্যোগ নেননি বিগত চেয়ারম্যান-মেম্বারেরা।’ এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সেলিম বলেন, ‘ওই সড়কটি উন্নয়নে ইতিমধ্যে দেড় কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। আমি নির্বাচিত হলে সড়ক উন্নয়নের কাজ হাতে নেব।’ গণসংযোগ করার সময় যুগীরহাট এলাকায় দেখা মেলে চেয়ারম্যান পদপ্রার্থী মো. হেলালের সঙ্গে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও চিকিৎসাসেবামূলক কর্মকাণ্ডের পরিধি বাড়ানোর চেষ্টা করব।’চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সেলিম (মাইক) বলেন, ‘নির্বাচিত হলে এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেষ্ট হব এবং এলাকায় উন্নয়নে কাজ করব।’ ফতেয়াবাদ এলাকায় দেখা হয় সংরক্ষিত মহিলা ওয়ার্ড-১-এর প্রার্থী সরতাজ আকতারের সঙ্গে। তিনি কলসি প্রতীকে নির্বাচন করছেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এবার প্রথম নির্বাচনে দাঁড়ালাম। সুযোগ পেলে এলাকার উন্নয়নে কাজ করব।’