প্রার্থীরা মাঠে, আগ্রহ নেই ভোটারদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের বাকলিয়ার বাসিন্দা রিকশাচালক মো. হারুন। বাড়ি কুমিল্লায়। ১৫ বছর ধরে আছেন চট্টগ্রামে। তাই ভোটারও এখানকার। ভোট দেবেন কিনা জানতে চাইলে হারুনের পাল্টা প্রশ্ন, ‘ভোট হবে নাকি? কোথাও কোনো মাতামাতি নেই। কে দাঁড়ায়ছে তাও তো জানি না।’

দশম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের নয়টি আসনের নির্বাচন নিয়ে মো. হারুনের মতো আগ্রহ নেই বেশির ভাগ ভোটারের। কিছু কিছু স্থানে পোস্টার দেখা গেলেও নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে কোনো আলোচনা নেই। বরং তাঁদের মধ্যে নির্বাচন ও আন্দোলন নিয়ে উৎকণ্ঠা রয়েছে।

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে সাতটিতে একক প্রার্থী হওয়ায় ওইসব আসনে ভোট গ্রহণের প্রয়োজন হবে না। বাকি যেসব আসনে নির্বাচন হবে সেগুলো হলো চট্টগ্রাম-২ (ফটিকছড়ি), চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ), চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড), চট্টগ্রাম-৯ (কোতোয়ালী), চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা), চট্টগ্রাম-১২ (পটিয়া), চট্টগ্রাম-১৩ (আনোয়ারা), চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী)।

সরেজমিনে দেখা গেছে, প্রার্থীরা এখন মাঠে নেমেছেন। কোতোয়ালি আসনে ওয়ার্কার্স পার্টির মোহাম্মদ আবু হানিফ এক সপ্তাহ ধরে গণসংযোগ করে যাচ্ছেন। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী জিয়াউদ্দিন আহমেদ ওরফে বাবলু গত মঙ্গলবার থেকে গণসংযোগ শুরু করেছেন। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনও বাবলুর পক্ষে গণসংযোগে অংশ নেন। একই আসনে বিএনএফের প্রার্থী আরিফ মঈনুদ্দিনও গণসংযোগ করছেন বাকলিয়াসহ বিভিন্ন এলাকায়। তিন প্রার্থীরই পোস্টার দেখা যাচ্ছে নগরের বিভিন্ন স্থানে। প্রসঙ্গত, এই আসনে আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম বিএসসি মনোনয়ন প্রত্যাহার করে নেন।

চট্টগ্রাম-১১ আসনের আওয়ামী লীগ প্রার্থী আবদুল লতিফও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তাঁর পোস্টারও দেখা গেছে। এই আসনে অন্য প্রার্থীদের তেমন তৎপরতা চোখে পড়েনি। চট্টগ্রাম-১৩ আসনে বর্তমান সাংসদ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সাইফুজ্জামান চৌধুরী ওরফে জাবেদ, জাপার তপন চক্রবর্ত্তী ও বিএনএফের নারায়ণ রক্ষিত গণসংযোগ করছেন। পোস্টারও টানানো হয়েছে তাঁদের। তবে ভোটারদের আগ্রহ সৃষ্টি করতে পারছেন না প্রার্থীরা।

গতকাল বুধবার জানতে চাইলে সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘আমি এখন এলাকায় গণসংযোগ করছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি ভোটারদের আগ্রহ বাড়াতে। সাড়াও পাচ্ছি। সংসদীয় ধারাবাহিকতা রক্ষার জন্য ভোটাররা অবশ্যই কেন্দ্রে যাবেন বলে আমার বিশ্বাস।’

পটিয়ায় আওয়ামী লীগ প্রার্থী সামশুল হক চৌধুরীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির সিরাজুল ইসলাম। দুই প্রার্থীরই পোস্টার ও ব্যানার দেখা গেছে। একইভাবে সাতকানিয়া এবং বাঁশখালীতেও প্রার্থীদের কিছু কিছু পোস্টার ব্যানার দেখা গেছে। সীতাকুণ্ড, ফটিকছড়ি ও সন্দ্বীপেও প্রার্থীরা তাঁদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কিন্তু ভোটারদের দিক থেকে তেমন সাড়া পাচ্ছেন না বলে জানা গেছে।

বিএনপিবিহীন সমঝোতার নির্বাচনে ভোটারদের কাছে টানতে পারছে না প্রার্থীরা। চট্টগ্রামের হালিশহর এলাকার বাসিন্দা রাজীব দাশ নামে এক তরুণ ভোটার বলেন, ‘ভেবেছিলাম উৎসাহ নিয়ে ভোট দেব। কিন্তু নির্বাচনই হচ্ছে না।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ প্রার্থী বলেন, ‘নিয়ম রক্ষার এই নির্বাচনে ভোটার আনা এখন মূল চ্যালেঞ্জ। কিন্তু ভোটারদের কোনো উৎসাহ দেখতে পাচ্ছি না। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভোটারদের বোঝাচ্ছি।’