প্রায় ইউনিয়নে আ.লীগের একাধিক প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলার ২২ ইউনিয়নে নির্বাচন হবে ২৮ জুন। ১৩ জুন চেয়ারম্যান ও সদস্যদের প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা পুরোদমে মাইকিং, মিছিল ও গণসংযোগ শুরু করেছেন। পুরো উপজেলায় এখন নির্বাচনী আমেজ। প্রার্থীরা গভীর রাত পর্যন্ত ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন। জানা গেছে, প্রায় ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থক একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে, দু-একটি ইউনিয়ন ছাড়া প্রায় ইউনিয়নে বিএনপি-সমর্থক একক প্রার্থী থাকায় তাঁরা সুবিধাজনক অবস্থানে রয়েছেন। তবে সাধারণ ভোটাররা দলীয় প্রার্থীর চেয়ে তাঁদের কাছে পছন্দনীয় ও গ্রহণযোগ্য প্রার্থীকে বেশি গুরুত্ব দিচ্ছেন। কেলিশহর ইউনিয়নের প্রবীণ ভোটার বজল আহম্মদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে দল নয়। সৎ ও এলাকার জন্য নিবেদিত এবং যাঁর বিরুদ্ধে কোনো অসততার অভিযোগ নেই—এমন ব্যক্তিকেই ভোট দেব।’আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা গেছে, পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী ও আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা বৈঠক করে পটিয়ার ১৭টি ইউনিয়নের প্রতিটিতে একজনের প্রতি দলের সমর্থনের কথা ঘোষণা করেন। কিন্তু অন্য প্রার্থীরা তা মানতে নারাজ। ফলে প্রায় ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থক একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন চক্রবর্তী জানান, এটা দলীয় নির্বাচন না হলেও দলের পক্ষ থেকে প্রতি ইউনিয়নে একক চেয়ারম্যানপ্রার্থী (সমর্থন) করার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, দক্ষিণ ভূর্ষি ও হাইদগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের যে দুজন করে প্রার্থী রয়েছেন, তাঁদের কাউকে একক ভাবে সমর্থন দেওয়া হয়নি। এদিকে, ধলঘাটে আওয়ামী লীগ নেতা সুনীল চক্রবর্তীকে দলীয় সমর্থন দেওয়া হলেও দুর্নীতির অভিযোগে তাঁর মনোনয়ন আপিল বিভাগে বাতিল হয়ে যায়। নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, পটিয়া উপজেলায় মোট ভোটার দুই লাখ ৯৩ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৪৮ হাজার ৯০৩ জন এবং মহিলা এক লাখ ৪৪ হাজার ৮৯০ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ২০১টি। ভোট কক্ষ ৯৭৬টি।পটিয়া উপজেলার ২২ ইউনিয়নে একমাত্র নারী প্রার্থী সুলতানা লুৎফাসহ ১১১ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।