প্রায় দেড় বছর ধরে অচল একমাত্র অ্যাম্বুলেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী পরিবহনের সরকারি অ্যাম্বুলেন্সটি প্রায় দেড় বছর ধরে অচল হয়ে পড়ে রয়েছে। এর ফলে সংকটাপন্ন রোগীদের চট্টগ্রাম ও খাগড়াছড়িতে স্থানান্তরে বিপাকে পড়তে হচ্ছে। বেসরকারি অ্যাম্বুলেন্সে রোগী পরিবহনে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা।
হাসপাতাল সূত্র জানায়, ১০ শয্যার এ হাসপাতালে ২০০৭ সালের শেষ দিকে অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়। এরপর থেকে হাসপাতাল থেকে রোগী পরিবহনে এটি ব্যবহৃত হয়ে আসছে। গত বছরের এপ্রিল মাসে খাগড়াছড়িতে রোগী নিয়ে যাওয়ার সময় আলুটিলা নামক স্থানে অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনায় পড়ে। ওই সময় কেউ হতাহত না হলেও অ্যাম্বুলেন্সের বেশ কিছু যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই অ্যাম্বুলেন্সটি হাসপাতালের গ্যারেজে পড়ে আছে।
অ্যাম্বুলেন্সটির চালক ক্যাচিং মারমা বলেন, জরুরি ভিত্তিতে মেরামত করা না হলে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের আধুনিক অ্যাম্বুলেন্সটি পুরোপুরি বিকল হয়ে পড়বে। তখন আর মেরামত করেও কোনো কাজে আসবে না।
এ প্রসঙ্গে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাইরুল আলম বলেন, অ্যাম্বুলেন্সটি মেরামত করার জন্য প্রয়োজনীয় বরাদ্দ পেতে খাগড়াছড়ি জেলা সিভিল সার্জনের মাধ্যমে পার্বত্য জেলা পরিষদ ও স্বাস্থ্য অধিদপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু এখনো কোনো বরাদ্দ পাওয়া যায়নি। বরাদ্দ পেলেই অ্যাম্বুলেন্সটি আবারও সচল হবে।
খাগড়াছড়ি সিভিল সার্জন নিশিত নন্দী মজুমদার বলেন, ‘এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেশ কয়েকবার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তবে আগামী অর্থবছরে এই অ্যাম্বুলেন্স মেরামতের জন্য বরাদ্দ পাব বলে আশা রাখি।’