প্রায় ১৩ হাজার কিমি সাগর ঘুরে ফিরছে ঊর্মি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঊর্মি নিয়ে কৌতূহলের শেষ নেই। প্রায় সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোন করে পাঠক জানতে চান, ঊর্মি এখন কোথায় আছে? নাকি মারা গেছে? হ্যাঁ, ঊর্মি এখনো বেঁচে আছে এবং ভালোই রয়েছে। ২৯ মার্চ ঊর্মির পিঠে স্যাটেলাইট যন্ত্র স্থাপনের এক বছর পূর্ণ হলো। ঊর্মি এখন শ্রীলঙ্কা থেকে বাংলাদেশের দিকে ফিরে আসছে। সম্ভবত আগামী এপ্রিলের শেষের দিকে ঊর্মি আবার সোনাদিয়া দ্বীপে আসতে পারে। কেন জানেন? আবার ডিম পাড়তে। কৌতূহলী যে কেউ ঊর্মিকে দেখতে সোনাদিয়ায় যাওয়ার প্রস্তুতি নিতে পারেন। ঊর্মি নামের ৫৬ কেজি ওজনের ‘অলিভ রিডলে’ (জলপাই রঙের) মা কচ্ছপটির পিঠে একটি স্যাটেলাইট যন্ত্র স্থাপন করে কক্সবাজারের সোনাদিয়া উপকূল থেকে গত বছরের ২৯ মার্চ সন্ধ্যায় বঙ্গোপসাগরে ছেড়ে দেওয়া হয়েছিল। ২৯ মার্চ সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিয়ে জানা গেল, বর্তমানে ঊর্মি সোনাদিয়া থেকে ৭৭৫ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। গত ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ঊর্মি সর্বমোট এক হাজার ৫৮৬ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে শ্রীলঙ্কার কাছাকাছি চলে গিয়েছিল। এ সময় পর্যন্ত ঊর্মি ১২ হাজার ৬৩২ কিলোমিটার সমুদ্র পরিভ্রমণ করে। ২৩ ফেব্রুয়ারি ঊর্মি শ্রীলঙ্কা থেকে পুনরায় বাংলাদেশের দিকে ফিরে আসছে। গত ২৯ মার্চ পর্যন্ত ঊর্মি শ্রীলঙ্কা থেকে বাংলাদেশের দিকে ৯৮০ কিলোমিটার পথ অতিক্রম করে। গত বছরের ২৯ মার্চ ভোরে ঊর্মি গভীর সাগর থেকে সোনাদিয়া দ্বীপে ডিম পাড়তে আসে। বালুচরে গর্ত খুঁড়ে তাতে ১১০টি ডিমও পাড়ে ঊর্মি। সাগরে নেমে যাওয়ার সময় এটিকে সযত্নে ধরা হয়। তারপর ঊর্মির পিঠে স্যাটেলাইট যন্ত্র স্থাপন করে দেন সামুদ্রিক জীববৈচিত্র্যের গবেষণা ও সংরক্ষণ সংস্থা মেরিন লাইফ অ্যালায়েন্স কর্মকর্তারা। এন্টেনাযুক্ত স্যাটেলাইট যন্ত্রটির ওজন মাত্র ২০০ গ্রাম। বাংলাদেশে এটি প্রথম উদ্যোগ। আয়োজক সংস্থা কচ্ছপটির নাম রাখে ঊর্মি। প্রথম আলোসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঊর্মিকে নিয়ে একাধিক সচিত্র প্রতিবেদন প্রকাশ হওয়ায় ঊর্মির ভক্তকুলের সংখ্যাও দ্রুত বাড়তে থাকে। মেরিন লাইফ অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক, গবেষক ও জীববিজ্ঞানী জহিরুল ইসলাম জানান, সাগরে ছেড়ে দেওয়ার পর থেকে গত এক বছরে ঊর্মি ১৪টির বেশি নিম্নচাপ ও লঘুচাপ এবং তিনটি ঘূর্ণিঝড়ের কবলে পড়েছে। কিন্তু এসব দুর্যোগ মোকাবিলা করে ঊর্মি এখনো বেঁচে আছে স্বাভাবিক জীবনে। গত বছরের ৮ নভেম্বর সকালে ঊর্মি মাদ্রাজ পেরিয়ে শ্রীলঙ্কার কাছাকাছি বঙ্গোপসাগরের শেষপ্রান্তে চলে যায়। চলতি সালের ২২ ফেব্রুয়ারি ঊর্মি চলে যায় শ্রীলঙ্কা সীমান্তের ১৫০ কিলোমিটারের কাছাকাছি। ২৩ ফেব্রুয়ারি ঊর্মি উল্টো পথে ঘুরে বাংলাদেশের দিকে ফিরে আসছে। আগামী এপ্র্রিল মাসের শেষের দিকে এ ঊর্মি পুনরায় সোনাদিয়া দ্বীপে ডিম দিতে আসতে পারে। তখন ঊর্মিকে ধরে নানা বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। জহিরুল ইসলাম জানান, ‘সোনাদিয়া থেকে ছেড়ে দেওয়ার দুসপ্তাহের মধ্যে ঊর্মি কুয়াকাটার দিকে চলে যায়। তখন মাছ ধরার জালে পড়ে মারা যাওয়ার চিন্তায় উদ্বিগ্ন ছিলাম। এর এক মাস পর ঊর্মি কুয়াকাটা থেকে সুন্দরবনের পাশ দিয়ে গভীর সাগরের দিকে ছুটতে থাকে। দুমাস আট দিন সময়ে ৭১২ কিলোমিটার দূরে অর্থাৎ কক্সবাজার থেকে সোজা দক্ষিণ-পশ্চিমে (ভারতের কাছাকাছি) গভীর সাগরে চলে যায়। এ সময় ঘূর্ণিঝড় লাইলার কবলে পড়ে। এ দুমাসে ঊর্মি সাগর পরিভ্রমণ করে তিন হাজার ২০২ কিলোমিটার। চলতি নভেম্বরে ঊর্মি ঘূর্ণিঝড় গিরি ও বিজলিসহ ১৪টির বেশি নিম্নচাপ, লঘুচাপ মোকাবিলা করে শ্রীলঙ্কার সাগরে পৌঁছে। মাছ ধরার জালে আটকা না পড়লে, অথবা জেলেদের নিষ্ঠুর হাতের থাবায় আক্রান্ত না হলে ঊর্মির খারাপ কিছু হবে বলে মনে হচ্ছে না।’ ঊর্মির পিঠে প্রথমবারের মতো যন্ত্র স্থাপনের মূল উদ্দেশ্য হচ্ছে, সামুদ্রিক কচ্ছপের জীবনপ্রণালি, বিচরণসহ নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করা। সূত্র জানায়, ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে ঊর্মির অনেক ভক্ত জমে গেছে। তাঁরা প্রতিদিন ওয়েবসাইটে (www.seaturtle.org/tracking/?project_id=487) ঊর্মির খবর সংগ্রহ করছেন। ২৯ মার্চ পর্যন্ত এ ওয়েবে ৩৫ হাজার ৩৪৫ বার ঊর্মিকে অনুসন্ধান করা হয়েছে। ঊর্মির বর্তমান তালিকাভুক্ত (রেজিস্টার্ড) গ্রাহক সংখ্যা ২৮৮। সূত্র জানায়, সামুদ্রিক কচ্ছপ সাধারণত ১০০ বছর পর্যন্ত বেঁচে থাকে। ১৫ বছর পর নারী কচ্ছপ প্রথম ডিম পাড়ার উপযোগী হয়। জন্মের পর পুরুষ কচ্ছপ উপকূল দেখার সুযোগ পায় না। সারা জীবন এরা সাগরে কাটিয়ে দেয়। গবেষক জহিরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, ঊর্মি সমুদ্রের পানিতে ভেসে ওঠামাত্রই ট্রান্সমিটার যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে ঊর্মির অবস্থান সম্পর্কিত তথ্য বা সংকেত স্যাটেলাইটে পাঠাচ্ছে। প্রতিটি স্যাটেলাইট ভূপৃষ্ঠের পাঁচ হাজার বর্গকিলোমিটার এলাকা প্রতিমুহূর্তে স্ক্যান করে থাকে। তাই ঊর্মি পৃথিবীর যে প্রান্তেই অবস্থান করুক, স্যাটেলাইটে তা ধরা পড়বেই।