প্রিজমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিজমা ব্যবহারের আগে
প্রিজমা ব্যবহারের আগে
প্রিজমা ব্যবহারের পরে
প্রিজমা ব্যবহারের পরে

* ছবিতে প্রিজমা ব্যবহার করার ফলে বোঝা যাবে আপনার একটি আইফোন আছে। আইফোন থাকা একটি বিরাট প্রেস্টিজের ব্যাপার! অন্তত ভার্চ্যুয়াল সম্মানের জন্য হলেও তো প্রিজমা ব্যবহার করা উচিত। নিজের না থাকলে পরিচিত কারও আইফোন থেকে প্রিজমা ইফেক্ট ব্যবহার করুন। তারপর সেই ছবিটি প্রোফাইল পিকচার হিসেবে আপলোড করুন ফেসবুকে।

* মানুষের যেমন হাম, পোলিও প্রভৃতি অসুখ হতে পারে, মানুষের ছবিরও হতে পারে। আর মানুষের ছবিও তো মানুষ! প্রিজমা ইফেক্ট ব্যবহার হলো ছবির জন্য টিকাবিশেষ। অ্যাপল ইনকরপোরেটেড নিশ্চয়ই বাংলাদেশে খুব দ্রুত বিজ্ঞাপনও প্রচার করতে পারে, ‘আপনার ছবিটিকে প্রিজমা টিকা দিয়েছেন কি?’

* কেন আর কার্টুন এঁকে দেওয়ার অনুরোধ নিয়ে কার্টুনিস্টদের পেছনে ঘুরবেন? আপনার যেকোনো ছবিতে প্রিজমা ব্যবহারের মাধ্যমে পেয়ে যাবেন নিজের জীবন্ত ক্যারিকেচার। এমনকি দেখুন, এই ফিচারটিতেও কার্টুনিস্ট কিঞ্চিৎ ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত ছবিতে প্রিজমা ব্যবহারের মাধ্যমেই চালিয়ে নেওয়া হয়েছে!

* প্রিজমা আসলে আইফোনের সত্যায়িতকরণ। সার্টিফিকেট যেমন সত্যায়িত করতে হয়, তেমনি ফেসবুকে প্রিজমাকৃত ছবি পোস্ট করে নিজের আইফোনকে সামাজিকভাবে ফেসবুক বন্ধুদের লাইকের দ্বারা সত্যায়িত করে নেওয়াই বাঞ্ছনীয়।

* ছবি তোলাই তো শেষ কথা নয়। তারপর আবার আপলোড করার আগে ছবি এডিট কর, মুখের দাগটাগ ঝাপসা কর, ব্রাইটনেস বাড়িয়ে ফরসা কর—কত রকম ঝামেলা! প্রিজমা ব্যবহারে এসব ঝামেলা নেই! ছবির ওপর লাগিয়ে নিন প্রিজমার প্রলেপ, মুখের দাগ, রং—কিচ্ছু বোঝা যাবে না!

* আপনার যদি নিজের কোনো ভালো ছবি না থাকে, তাহলে পছন্দের কোনো নায়কের ছবি নির্বাচন করে প্রিজমা ইফেক্ট ব্যবহার করে চেহারা পুরোপুরি ঝলসে নিন। ব্যস, এরপর নিজের ছবি বলে চালিয়ে দিন! কেউ টেরই পাবে না!

* প্রিজমা এখন চলতি ক্রেজ! ক্রাশের যেকোনো একটি ছবি প্রিজমায়িত করে তার ইনবক্সে পাঠানোর মাধ্যমে আপনি তার সঙ্গে খাতির জমিয়ে তুলতে পারেন। তবে সাবধান, বেশি এডিট করবেন না! প্রিজমাকৃত ছবিতে যেন কোনোভাবেই তাকে উদ্ভট না দেখায়। তাহলে হিতে বিপরীত হতে পারে।

* যদি আইফোনের মালিক হয়েও নিজের ছবি প্রিজমা না-ই করতে চান, তাহলে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বন্ধুদের ছবি ১০ টাকা ২০ টাকার বিনিময়ে প্রিজমা করিয়ে দিন। অনলাইন ব্যবসার জগতে নতুন দিগন্ত উন্মোচন করুন। মাল অ্যাপলের, ব্যবসা আপনার!