প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বিতর্ক উৎসব ১ ডিসেম্বর শুরু
চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘পিইউডিএস প্রথম জাতীয় বিতর্ক উৎসব’ শুরু হচ্ছে ১ ডিসেম্বর। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (পিইউডিএস) উদ্যোগে চার দিনব্যাপী এই উৎসব চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। উৎসবে ১৩টি বিশ্ববিদ্যালয় ও একটি কলেজ অংশ নেবে।উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে প্রবর্তক মোড়ের ক্যাম্পাসে। প্রথম দিন শোভাযাত্রা, ছাত্র-শিক্ষক বিতর্ক, তারকা বিতর্ক, বারোয়ারি বিতর্ক অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর বিতার্কিকেরা দ্বিতীয় দিন আন্তবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় অবতীর্ণ হবে। ‘ডিবেটার হান্ট’ শিরোনামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নবীন বিতার্কিকদের নিয়ে ভিন্নধারার বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে উৎসবের তৃতীয় দিন।৪ ডিসেম্বর শেষ দিন ওয়াসা মোড়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয় বিতর্কের ফাইনাল, আঞ্চলিক বিতর্ক, প্লানচেট বিতর্ক, রম্য বিতর্ক, সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবে অংশ নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইউএসটিসি, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাউদার্ন বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বরিশাল বিএম কলেজ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও চাঁদপুর সরকারি কলেজ।