প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে শীতকালীন খেলার আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী শীতকালীন অভ্যন্তরীণ খেলার আসর। ২৭ জানুয়ারি বিকেলে প্রবর্তক মোড়ে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আসরের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ইফতেখার উদ্দীন চৌধুরী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের অধ্যাপক অনিল কান্তি ধর, খাগড়াছড়ি পার্বত্য জেলা ভূমি কমিশনের সচিব মোহাম্মদ মাহাবুবুর রহমান এবং নোয়াখালী জেলা ভূমি জরিপ ট্রাইব্যুনালের যুগ্ম জেলা জজ আব্দুল হান্নান। শুরুতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম। উপাচার্য অনুপম সেন ক্রীড়া সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন। তিনি বলেন, এ ধরনের খেলাধুলার আয়োজন শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াবে এবং সবাইকে নতুন উদ্যমে কাজ করার প্রেরণা যোগাবে।

বিশেষ অতিথি ইফতেখার উদ্দীন চৌধুরী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে অভিনন্দন জানান এবং কাজের পাশাপাশি খেলাধূলার চর্চার গুরুত্ব তুলে ধরেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা ক্যারাম খেলায় অংশ নেন। প্রতিযোগিতায় প্রায় একশ শিক্ষক-কর্মকর্তা নয়টি বিষয়ে খেলায় অংশ নেবেন বলে আয়োজকেরা জানান।