প্রিমিয়ারে প্রাণের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে বর্ণিল সাজ, উৎসবের আমেজ। নগরের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক মোড় ক্যাম্পাসে বসেছিল প্রাণের মেলা। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের আয়োজনে ১৯ জুলাই বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং নবীনবরণ অনুষ্ঠান ঘিরে নতুন সাজে সেজেছিল ক্যাম্পাস।হাসি, আনন্দ, আড্ডা আর গানে মুখর এই আয়োজন বিভক্ত ছিল দুটি পর্বে। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর প্রথম পর্বে ছিল আলোচনা সভা। দ্বিতীয় পর্বে সুরের মূর্ছনায় ভেসে যাওয়ার পালা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল বিভাগের যাত্রা শুরুর ইতিহাস তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ‘ব্যবসার কথা না ভেবে বিজ্ঞানশিক্ষাকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল বিভাগ সৃষ্টি করা হয়। আজ যারা প্রকৌশল অনুষদে পড়ছে, পড়ালেখা শেষে তাদের দেশ গড়ায় মনোযোগী হতে হবে। এতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে চিহ্নিত হবে।’বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ডিন অব ফ্যাকাল্টিজ ইফতেখার উদ্দিন চৌধুরী, অধ্যাপক অনিল কান্তি ধর ও প্রকৌশলী আবু তাহের। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ইফতেখার মনিরের সভাপতিত্বে আলোচনা সভার সঞ্চালনা করেন শিক্ষার্থী আতিকুর রহমান। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মৃতিচারণা করেন সাবরিনা তারান্নুম ও সাইফুদ্দিন। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে মানপত্র পাঠ করেন তানভীর আহমেদ। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন আবদুল কাদের ও মোসলেহ উদ্দিন। আলোচনা সভা শেষে শুরু হয় বরণ ও বিদায়ের আনুষ্ঠানিকতা।আফরিন, তূর্য ও শান্তার সঞ্চালনায় অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব শুরু হয় বেলা দুইটায়। শুরুতে দেখানো হয় চলচ্চিত্র নীল আমার আকাশ। এরপর গান নিয়ে আসে ব্যান্ড রায়হান অ্যান্ড রকার্স। তাঁরা ‘নতুন প্রাণ’, ‘ইচ্ছেঘুড়ি’সহ মোট ১৩টি গান পরিবেশন করেন। ‘দিন যাবে’, ‘মেলায় যাইরে’সহ একে একে আটটি গান পরিবেশন করে শিক্ষার্থীদের সুরের ভেলায় ভাসিয়ে নিয়ে যায় ব্যান্ড মানচিত্র। এ ছাড়া সাংস্কৃতিক পর্বে ছিল শিক্ষার্থীদের নাচ, গান ও নাটক পরিবেশনা।