প্রিমিয়ারে বিতর্ক উৎসব

‘দেশের সব সমুদ্র বন্দর বেসরকারিকরণ করবে সরকার’—প্রধানমন্ত্রীর এমন প্রস্তাবে উত্তপ্ত সংসদ। বিরোধী দলীয় এর বিরোধিতা করে একের পর এক যুক্তি দিয়ে চলেছে। সরকারি দলও নাছোড়। তারা প্রধানমন্ত্রীর প্রস্তাবের পক্ষে দাঁড় করায় নানা যুক্তি। তবে ছিল না কোনো ওয়াকআউট কিংবা ফাইল ছোড়াছুড়ি। এভাবেই প্রাণবন্ত হয়ে ওঠে ছায়া সংসদ। বলছিলাম পিইউডিএস চতুর্থ জাতীয় বিতর্ক উৎসবের চূড়ান্তপর্বের কথা।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (পিইউডিএস) আয়োজনে দুই দিনব্যাপী এই বিতর্ক উৎসবে অংশ নেয় সারা দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকেরা। ৪ ও ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এ উৎসব।
চূড়ান্তপর্বে সরকারি দলে ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিরোধী দল প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। যুক্তিবাণে অবশেষে পরাস্ত হয় সরকারি দল। শিরোপা জেতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। তিনি বলেন, ‘সমাজকে ধ্বংসের হাত থেকে উদ্ধার করে একটি যুক্তিবাদী শান্তিময় সমাজ গঠনের প্রত্যাশা করছে আজকের তরুণ বিতার্কিকেরা। বুলেট-বন্দুক নয়, যুক্তি দিয়ে যুদ্ধ জয় করার মন্ত্রকে বুকে ধারণ করে বিতার্কিকদের পথ চলতে হবে।’
পিইউডিএসের চিফ মডারেটর জুলিয়া পারভিনের সভাপতিত্বে এ পর্বে অতিথি ছিলেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি সঞ্জীব সাহা, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান তৌফিক সাইদ, ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারী ডিন মইনুল হক ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান। সমাপনী পর্বে কথামালা ও পুরস্কার বিতরণ শেষে দেশের বিভিন্ন জেলার সাবেক বিতার্কিকদের অংশগ্রহণে ছিল আঞ্চলিক বিতর্ক এতে সভাপতিত্ব করেন দৃষ্টির সভাপতি মাসুদ বকুল। এরপর ব্যান্ডদল ‘যান্ত্রিক’ সুরের মূর্ছনায় মাতিয়ে তোলে।