প্রিমিয়ারে বিতর্কের জয়গান
‘মুক্তবাজার অর্থনীতি তৃতীয় বিশ্বের দেশগুলোকে পশ্চাৎপদ করছে’—সংসদে এ নিয়ে চলছে তুমুল বিতর্ক। সরকারি দল এ মতের পক্ষে অবস্থান নিয়েছে। বিরোধী দলও তাদের যুক্তি দিয়ে যাচ্ছে। এভাবে চলে ২০ মিনিট। তবে যুক্তিতে হেরে যায় বিরোধী দল। জোরালো যুক্তিতে নিজেদের মত প্রতিষ্ঠা করে সরকারি দল।১১ এপ্রিল নগরের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদে শেষ হলো আন্তঅর্ধবর্ষ বিতর্ক প্রতিযোগিতা। চূড়ান্ত পর্বে সংসদীয় বিতর্কে বিজয়ী হয় তন্ময় বড়ুয়া, জিনাত অহনা ও সালেহীন মিনারের সমন্বয়ে গঠিত ব্যবসায় অনুষদের দল ‘বেঞ্চমার্ক’। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন জিনাত অহনা। রানার আপ হয় বিরোধী দল ‘আলোর মিছিল’।প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (পিইউডিএস) উদ্যোগে সপ্তাহব্যাপী এ আয়োজনে ব্যবসায় অনুষদের বিভিন্ন অর্ধবর্ষের মোট আটটি দল অংশ নেয়। অংশ নেওয়া দলগুলো হলো : আমরা করব জয়, আলোর মিছিল, বেঞ্চমার্ক, ডেঞ্জারাস ওয়ারিয়র্স, বৃহস্পতি, আস্ক, এভারগ্রিন ও অদম্য। তুখোড় যুক্তি, পাল্টা যুক্তি আর শাণিত বাক্যবাণে মুখর ছিল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। আন্তঅর্ধবর্ষ বিতর্কের চূড়ান্ত পর্বের পর এ টুর্নামেন্টের ছয়জন শ্রেষ্ঠ বক্তাকে নিয়ে শুরু হয় বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা। ‘স্বপ্ন দেখি একা আমি’—এ বিষয়ের ওপর বারোয়ারি বিতর্কে অংশ নিয়ে নিজের স্বপ্নের কথা বলে ডিবেটার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন নাদিয়া আক্তার। এ ছাড়া আনিসুর রহমান দ্বিতীয় বক্তা ও সুলতা কনা দেবী তৃতীয় বক্তা নির্বাচিত হন।বারোয়ারি বিতর্কের পর শুরু হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ডিন অব ফ্যাকাল্টিজ ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের শিক্ষক সুজন কান্তি বিশ্বাস, সাদিয়া আক্তার, অর্জুন কুমার দাশ, জুলিয়া পারভীন, আবেদা সুলতানা, ফাতেমা জোহরা, আইন অনুষদের শিক্ষক সঞ্জয় বিশ্বাস ও দৃষ্টি চট্টগ্রামের বিতার্কিক জুনায়েদ কৌশিক চৌধুরী। সভাপতিত্ব করেন পিইউডিএসের সভাপতি সাইফুদ্দিন।