প্রিমিয়ারে যুক্তির জয়গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বললেন, ‘এই সংসদ প্রস্তাব করছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে র্যা বের বিকল্প নেই।’ প্রধানমন্ত্রীর এমন প্রস্তাবের বিরোধিতা করে বিরোধীদলীয় সাংসদ বললেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশই যথেষ্ট। এর জন্য আলাদা করে র্যা বের কোনো প্রয়োজন নেই।’ এমনই যুক্তি-পাল্টা যুক্তিতে প্রাণবন্ত হয়ে ওঠে ছায়া সংসদ। ২২ সেপ্টেম্বর নগরের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অনুষ্ঠিত আন্তসেমিস্টার বিতর্ক প্রতিযোগিতার চিত্র ছিল এমন।আইন বিভাগের বিতর্ক ক্লাবের আয়োজনে সপ্তাহব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত আসর বসে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক মোড়ের ক্যাম্পাস মিলনায়তনে। চূড়ান্তপর্বে প্রথম সেমিস্টারের ‘রোদ’ দল পঞ্চম সেমিস্টারের ‘ওরা কারা’ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এতে সরকারি দলে ছিল ‘রোদ’ এবং বিরোধী দলে ছিল ‘ওরা কারা’। চূড়ান্ত পর্বের বিতর্কের পর শুরু হয় ‘আমার ভালোবাসা’ বিষয়ে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা। এতে নিজের ভালোবাসার কথা বলে সাদেকুল হক ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন।বিতর্ক শেষে মুটিং (ছায়া আদালত বিতর্ক) কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মশালাটি পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইনের প্রভাষক এম জসীম আলী চৌধুরী। কর্মশালা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য ভূমি বিরোধ ও নিষ্পত্তি কমিশনের সচিব মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত মহানগর হাকিম আবদুর রহমান। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ও প্রক্টর নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইন বিভাগের প্রভাষক হিল্লোল সাহা। আরও বক্তব্য দেন আইন বিভাগের সহকারী অধ্যাপক আহমেদ রাজিব চৌধুরী এবং প্রভাষক তাহমিনা সানজিদা। কর্মশালাটি সমন্বয় করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেট ক্লাবের মডারেটর সঞ্জয় বিশ্বাস।