
সকাল থেকেই উৎসবের আমেজ চারদিকে। লম্বা লাইনে পেরিয়ে ভোট দিচ্ছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থীরা। নেই ক্লান্তি ও বিশৃঙ্খলা। ভোট দিয়ে কক্ষের বাইরে এসে সে কী উচ্ছ্বাস! ৩ সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কে সি দে রোড ক্যাম্পাসের চিত্র ছিল এমন।
সেদিন এখানে অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক হওয়া শিক্ষার্থীদের সংগঠন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০১৬-১৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন। নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছিল ক্যাম্পাস।
বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকে শুরু হয় ভোট গণনা। গণনার পর রাত ১০টায় ভোটের ফলাফল প্রকাশ করা হয়। প্রথমবারের মতো আয়োজিত এই কার্যনির্বাহী কমিটির নির্বাচনে আটটি সম্পাদকীয় ও সাতটি সদস্য পদের জন্য মোট ২১ জন প্রার্থী লড়াই করেন। এর মধ্যে সভাপতি পদে মোহাম্মদ ইমরান, সহসভাপতি পদে মোহাম্মদ সোয়েব উদ্দীন খান, সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জিকো বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক পদে মারুফ বিন কাশেম ও দপ্তর সম্পাদক পদে মোশারফ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সম্পাদকীয় বাকি দুটি পদের মধ্যে অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দীন ৪৪২ ভোট পেয়ে বিজয়ী হন। আর সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক পদে মো. ওসমান গণি ৪৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সংগঠনের কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সাত সদস্য হলেন মোহাম্মদ রেজাউল করিম, আবদুল মোনায়েম, মোরশেদা খানম, ইমতিয়াজ হোসাইন, মোহাম্মদ রায়হান উদ্দীন, সাজ্জাদ হোসেন ও ইশতিয়াক আহমদ।
সংগঠনের বিধিমালা অনুযায়ী নির্বাচনে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ১৯টি ব্যাচের স্নাতক উত্তীর্ণ মোট ১৭ হাজার ভোটার ছিলেন। এর মধ্যে ভোট দিয়েছেন ৮৬৭ জন ভোটার। ভোটদানে ত্রুটির কারণে সম্পাদকীয় পদে ২১টি ও সদস্য পদে ৩০টি ভোট বাতিল হয়।
কমিশনের দায়িত্বে থাকা পাঁচ সদস্য হলেন মো. রাশেদ ফারুকি, জাহাঙ্গীর আলম, আবু সালেম, হিল্লোল সাহা ও নবনীতা গুহ।
নবনির্বাচিত কমিটির সদস্যরা নির্বাচনের পর উপাচার্য অধ্যাপক অনুপম সেনের সঙ্গে সাক্ষাৎ করেন। সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ইমরান প্রথম আলোকে বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের একটি মঞ্চ তৈরি হলো।’