প্রিমিয়ারের সেরা দশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেলের সোনালি আলো সবে বিদায় নিয়েছে। নগরের রাস্তায় সড়কবাতির ছটায় ঘরে ফিরছে ব্যস্ত মানুষ। এর ফাঁকে তাঁরা এলেন একে একে। ছোট্ট কক্ষটিতে ছড়িয়ে পড়ছে যেন অন্যরকম দ্যুতি। এ আলো তাঁদের সাফল্যের আলো। যাঁদের বুকে দেশপ্রেম, চোখে বিশ্বজয়ের স্বপ্ন। এগিয়ে যাওয়ার মন্ত্রণা তাঁদের তাড়িয়ে বেড়ায় সব সময়। বলছিলাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সেরা ১০ শিক্ষার্থীর কথা।গত বুধবার প্রথম আলো কার্যালয়ের সেমিনার কক্ষে তাঁদের আড্ডায় প্রাণবন্ত হয়ে ওঠে ম্লান সন্ধ্যা। আড্ডায় মিলিত হন সঞ্জয় বিশ্বাস (আইন), স্টিভ অস্কার ডি রোজারিও (এমবিএ), জেবুন নাহার (ইংরেজি), হুজাইফা মান্ডিওয়ালা (এমবিএ), সাইফুদ্দীন মুন্না (তড়িৎ কৌশল), গনিয়া মাফরুহা (ইংরেজি), শর্মি মজুমদার (কম্পিউটার সায়েন্স) ও নুসরাত নাহার (বিবিএ)। ব্যস্ততার কারণে আসতে পারেনি জাবেদ আরাফাত (আইন) আর শমীমা আকতার (অর্থনীতি)। গত ৭ জানুয়ারি ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে ‘একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন এই মেধাবীরা।আড্ডায় তাঁরা রোমন্থন করেছেন ক্যাম্পাসের স্মৃতি, উড়াল দিয়েছেন ভবিষ্যতের স্বপ্নের ডানায় ভর করে। তবে সব ছাপিয়ে সতেজ তারুণ্যের মুখে বারে বারে উচ্চারিত হয়েছে ‘হূদয়ে বাংলাদেশ’।বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম সমাবর্তন। তাতেই অর্জনের স্বীকৃতি। অনুভূতি কেমন? কথা মুখ থেকে পড়ার মুহূর্তেই অনেকটা কুইজের উত্তরের মতো লুফে নিলেন সাইফুদ্দীন মুন্না। তিনি জানান, সমাবর্তন হেডের টারসেল বাঁ পাশ থেকে ডান পাশে নিয়ে এসো—শিক্ষামন্ত্রীর এ ঘোষণার সঙ্গে সঙ্গে শরীরেও যেন বিদ্যুৎ খেল গেল। সামনে ভবিষ্যৎ, পেছনে রঙিন ক্যাম্পাস। হইহুল্লোড় ছেড়ে ছকে বাঁধা জীবনে প্রবেশ। আবার কর্মক্ষেত্রে আরও বড় পরিসরে যাওয়ার স্বপ্ন। তবে সে সময় সুখানুভূতিটা অন্য রকম। সঞ্জয়ের কাছেও সময়টা আনন্দ-বেদনার মিশেল। ‘আমার দুই চোখে ছিল আনন্দাশ্রু। সাফল্যের স্বীকৃতি পেয়েছি। এখন অনুগামীদের দেখাব সেই পথ। তাঁরা খুঁজে পাবে প্রেরণা।’ বলছিলেন সঞ্জয়। তবে শর্মি সমাবর্তনে যাওয়ার মজার অভিজ্ঞাতার কথা তুলতেই অন্যরা হেসে কুটি কুটি। হাসির রহস্য শোনা যাক শর্মির মুখেই—‘সমাবর্তনের আগের দিন মহড়া। কিন্তু ট্রেনের টিকিট পাইনি। শিক্ষকদের বার বার ফোন আরও বিচলিত করে তুলছিল আমাকে। মনে মনে ধরেই নিয়েছিলাম আমার বুঝি যাওয়া হবে না। শেষে এক কালোবাজারির কাছ থেকে টিকিট নিয়ে অবশেষে রাজধানী যাত্রা। অনুষ্ঠানস্থলে আমাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন বন্ধুবান্ধবেরা।’সাফল্যের মন্ত্রটা কী? কার অনুপ্রেরণা? এমন প্রশ্নে প্রথম মুখ খুললেন নুসরাত। তিনি বলেন, ‘প্রথম হওয়ার ইচ্ছেটা ছিল শুরু থেকেই। কারণ প্রথম হলে ফ্রি পড়তে পারব। তাতে ঘরের সবাই খুশি হবে। প্রথম হয়েও গেলাম। এবার অবস্থান ধরে রাখার প্রতিযোগিতা। এভাবেই পার করলাম চারটি বছর।’ আবার জেবুনের ভাবনাটা অন্য রকম। তাঁর কাছে প্রথম হওয়ার চেয়ে রুটিন মাফিক পাড়ালেখাটাই ছিল মুখ্য। তারই ধারাবাহিকতায় সাফল্য। অবশ্য তাঁদের মধ্যে হুজাইফের শিক্ষাজীবন ভিন্ন। হঠাৎ করে বাবা মারা যায়। স্নাতক পাসকোর্স শেষ করেছেন মাত্র। এরপর পড়া বন্ধ। পরিবারের হাল ধরতে বসেন পারিবারিক ব্যবসায়। তবে মনের মধ্যে জিইয়ে রেখেছিলেন আরও পড়ার স্বপ্ন। দীর্ঘদিন পর ভর্তি হলেন এমবিএতে। ফলাফলও হলো চমকে দেওয়ার মতো। এই মেধাবীরা শুধু যে বইয়ের মধ্যে ডুবে থাকেন তা কিন্তু নয়। এঁদের মধ্যে সঞ্জয় বানান শিশুতোষ চলচ্চিত্র। ইতিমধ্যে বানিয়েছেন প্রামাণ্যচিত্র ‘দীপ্ত আকাশে উড়বে’। মুন্না তুখোড় বিতার্কিক। শর্মি নাচের মানুষ। পেয়েছেন নতুন কুঁড়ি ও জাতীয় পর্যায়ের পুরস্কার। নুসরাত আঁকেন ছবি। তাঁর একটি প্রদর্শনী হয়েছে। অল্প সময়ের মধ্যে আরেকটি করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। জেবুন এবং গনিয়া বিশ্ববিদ্যালয়ে নাট্যদলের সঙ্গে যুক্ত।সবশেষে আড্ডা ভাঙার আগে চিরাচরিত সাধারণ প্রশ্ন, ভবিষ্যতের স্বপ্ন? তাঁদের স্বপ্ন সমাজ বদলের, সমঅধিকার প্রতিষ্ঠার। অনুগামী তরুণদের অনুপ্রেরণা হয়ে থাকতে পারার মধ্যেই সাফল্যের সার্থকতা খুঁজে বেড়াবেন তাঁরা।