প্রিয় সংগীততারকা বিয়ে করছে শুনে সে খুব হতাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহতাব খানম
মেহতাব খানম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স. 
সমস্যা
সমস্যা আমার বোনকে নিয়ে। সে ‘ওয়ান ডাইরেকশন’-এর বিখ্যাত গায়ক জ্যান মালিকের অন্ধ ভক্ত। প্রিয় সংগীততারকা বিয়ে করছে শুনে সে খুব হতাশ। রাতের বেলা একা একা কান্নাকাটি করে। এই বিষয়ে প্রশ্ন করলে সে এড়িয়ে যাচ্ছে। মা-বাবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকায় তাঁদের এই ব্যাপারটি বলতেও পারছি না। এই হতাশায় তার পরীক্ষার ফলও খারাপ হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ
সব বোনের যদি তোমার মতো একটি সচেতন মন থাকত, খুব ভালো হতো। কম বয়সে কারও প্রতি এ ধরনের বিমোহিত হওয়া খুব অস্বাভাবিক নয়। সে ক্ষেত্রে সাধারণত তিন ধরনের অবস্থা হতে পারে। কারও সঙ্গে একাত্মবোধ করতে চাওয়া অর্থাৎ নিজেকে তার জায়গায় দেখতে চাওয়া।
তাকে অন্ধভাবে অনুকরণের প্রয়াস চালিয়ে যাওয়া। কারও প্রতি অতিরিক্ত রোমান্টিক অনুভূতি অনুভব করা। সারাক্ষণ তার কথা ভাবতে থাকা। তৃতীয়টি হচ্ছে কোনো বিখ্যাত তারকার প্রতি তীব্র অনুভূতি নিয়ে তার সব কর্মকাণ্ড নিয়ে সারাক্ষণ মেতে থাকা। তিনটি ক্ষেত্রেই তার পছন্দের মানুষটির ব্যক্তিত্বকে কল্পনায় অনেকগুলো ইতিবাচক বৈশিষ্ট্য দিয়ে সাজায়। সে মনে মনে ওই বিশেষ মানুষটির সঙ্গে কথা বলে এবং স্বপ্ন দেখে কখন তার সঙ্গে দেখা হবে।
বাস্তবেও তার সঙ্গে দেখা করার খুব চেষ্টা করে। এ ক্ষেত্রে বাস্তবতার চেয়ে ফ্যান্টাসির ভূমিকাই বেশি থাকে। বেশির ভাগ সময় এ ধরনের অনুভূতি খুব দীর্ঘ সময় স্থায়ী হয় না। তবে অনুভূতির তীব্রতা খুব বেশি থাকে বলে অনেক সময় বাড়াবাড়ির পর্যায়ে চলে যেতে পারে। এর পরও অভিভাবকদের উচিত সন্তানদের মনের এই বিশেষ অবস্থাটির প্রতি শ্রদ্ধা দেখানো। সন্তানদের আবেগগুলোকে অবজ্ঞা বা অবহেলা না করে বরং ঠিকভাবে সেগুলো বুঝতে চেষ্টা করা প্রয়োজন। তোমার বোন হয়তো জ্যান মালিককে নিয়ে অনেক বড় একটি কল্পনার জগৎ তৈরি করেছিল এবং তাঁর প্রতি একধরনের রোমান্টিক অনুভূতিও তৈরি হয়েছিল।
হঠাৎ ছেলেটির বিয়ের খবরও ওকে তাই বিপর্যস্ত করে তুলেছে। তবে গায়কের সঙ্গে যেহেতু ব্যক্তিগতভাবে সাক্ষাতের সুযোগ হয়নি, হয়তো সময়ের সঙ্গে সঙ্গে ও নিজেই বিষয়টির সঙ্গে মানিয়ে নেবে। যদি ওর মনের এই অবস্থার পরিবর্তন না হয়, তাহলে অবশ্য পরিবারকে জানিয়ে কাউন্সেলিংয়ের সহায়তা নিতে হবে।

সমস্যা
আমার বয়স ১৪ বছর। আমি অত্যন্ত মানসিক চাপের মধ্যে আছি। আমার মা-বাবা এবং অন্য আত্মীয়রা আমাকে মানসিক দিক দিয়ে নানা অত্যাচার করেন। আমার মা-বাবা, দাদি ও ফুফুরা সব সময় আমাকে বিয়ে দেওয়ার কথা বলেন। আমার মা একদিন বলেছেন, ‘এত বড় জুয়ান ছুঁড়ি এখনি বিয়ে দিলেই তো বাচ্চা দিবি।’ এমনি নানা কথা তাঁরা বলে থাকেন। আমার মা ও বাড়ির লোকজন বলেন, ‘এত বুড়া ছুঁড়ি বাসায় এমনি এমনি রাখা যায়?’ এ ছাড়া আমার দাদি, ফুফুরা ও বাবা আমার স্বভাব এবং আচরণ নিয়ে নানা কথা বলেন। বিয়ে দিতে চান। আমি বর্তমানে পড়ালেখায় মন দিতে পারছি না। কোনো কাজ করতে গেলে অনেক কান্না আসে। এ ছাড়া ছোট থাকতে তাঁরা আমাকে খুব মারতেন। তাঁরা আমাকে সবার সামনে অনেক জঘন্য ভাষায় গালাগাল ও অপমান করেন। অথচ আমি কোনো খারাপ কাজ করি না। আমার বড় মামার মেয়ে পালিয়ে বিয়ে করেছেন, আবার ফিরে এসেছেন। অথচ তাঁকে কেউ কিছু বলেন না। মনে হয় মরে যাই।
শিফা, দিনাজপুর
পরামর্শ
মাত্র ১৪ বছর বয়সে এতটা মানসিক চাপের মধ্যে যে তোমাকে পড়তে হয়েছে, তা সত্যিই খুব দুঃখজনক। বিশেষ করে মায়ের কাছ থেকে এ ধরনের কথা কোনো সন্তানই প্রত্যাশা করে না। কথাটি খুব আপত্তিকর ও অপমানজনক। তোমার মা কি নিজের জীবনে সুখী নন? অন্যদের আচরণে তাঁর মনে যে রাগ-ক্ষোভ তৈরি হচ্ছে, সেগুলো কি তিনি তোমার ওপর নিজের অজান্তেই চাপিয়ে দিচ্ছেন? এমন কী হতে পারে, তিনিও যখন বিয়ের পর অল্প বয়সে এই বাড়িতে এসেছিলেন তখন তোমার দািদ, ফুফু ও বাবার কাছ থেকে কোনো সম্মান পাননি? আমাদের সমাজে অনেক মেয়েশিশু পরিবারে গ্রহণযোগ্যতা পায় না বলে বড় হওয়ার পর নিজেকে ভালোবাসতে পারে না। হয়তো বা লেখাপড়ায় নিজের ব্যর্থতা হয়েছে বলে তোমার লেখাপড়া করাকে তাঁরা সহজভাবে নিতে পারছেন না। দাদি-ফুফুরা তোমার কোন স্বভাব ও আচরণগুলোকে ইঙ্গিত করছেন, তা কি তুমি বুঝতে চেষ্টা করেছ? যদি এমন হয়ে থাকে তাঁদের কথায় বিরক্ত হয়ে তুমিও গালাগাল করে ফেলেছ, তাহলে প্লিজ, চেষ্টা করো নিজেকে সেই সময়গুলোতে কিছুটা সরিয়ে রাখতে। নিজের ঘরে গিয়ে তখন কয়েকবার শ্বাস নিয়ে ধীরে ধীরে ছাড়বে, যাতে করে তুমি খুব খারাপ আচরণ না করে ফেলো। ছোটবেলায় তাঁরা তোমাকে যে নির্যাতন করেছেন এবং এখনো বাজে ভাষায় গালাগাল দিচ্ছেন, সেটি সত্যিই খুব বড় ধরনের অন্যায়। বাড়িতে বলো, তোমাকে যেন তাঁরা কখনো এই বয়সে বিয়ে দেওয়ার কথা না বলেন, কারণ দেশের আইন অনুযায়ী সেটি বৈধ নয়।