প্রিয়জনের রক্তে লাল প্রিয়জনের হাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মুজিবুল হক
অলংকরণ: মুজিবুল হক

চট্টগ্রামের রাউজান উপজেলার চিকদাইরের উত্তর সর্তা এলাকার সিএনজি অটোরিকশাচালক দুদু মিয়ার হদিস পাচ্ছিল না পুলিশ। ১০ দিন ধরে খোঁজার পর স্ত্রী শাহনাজ আক্তারের স্বীকারোক্তি অনুযায়ী রান্নাঘরের মাটি খুঁড়ে পাওয়া যায় দুদু মিয়ার লাশ। স্বামী অন্য নারীর প্রেমে আসক্ত, এমন সন্দেহে শাহনাজ তাঁকে ঘুমের মধ্যে বঁটি দিয়ে খুন করেন বলে পুলিশকে তথ্য দেন।
গত ১৬ অক্টোবর দুদু মিয়ার লাশ উদ্ধারের পর পারিবারিক সহিংসতার বিষয়টি সামনে চলে আসে। চট্টগ্রামে অপরাধী চক্রের হাতে বা রাজনৈতিক সহিংসতায় খুনের ঘটনা কমলেও গত তিন মাসে এমন কলহের জের ধরে স্বজনের হাতেই প্রাণ দিয়েছেন অন্তত ১৫ ব্যক্তি। এর মধ্যে বেশ কয়েকটি ঘটনা আলোচিতও হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, স্বামীর হাতে স্ত্রী, স্ত্রীর হাতে স্বামী, বোনের হাতে বোন, মেয়ের জামাইয়ের হাতে শাশুড়ি খুনের ঘটনা ঘটেছে গত কয়েক মাসে। তবে এসবের মধ্যে সবচেয়ে বেশি ঘটেছে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা।
এদিকে পারিবারিক সহিংসতা পুলিশের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নগর পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা। পারিবারিক বন্ধন দৃঢ় হলেই এ ধরনের সহিংসতা কমবে বলে মত দিয়েছেন সমাজবিজ্ঞানীরা।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার এ বিষয়ে প্রথম আলোকে বলেন, তুচ্ছ ঘটনার জের ধরে প্রিয়জনের হাতে খুনের ঘটনা বেড়েছে। এসব খুনের ঘটনা পুলিশের পক্ষে নির্মূল সম্ভব নয়।
পুলিশ সুপার আরও বলেন, পারিবারিক বন্ধন সুদৃঢ় করার জন্য সামাজিক সচেতনতা সৃষ্টির উদ্যোগ নিয়েছে পুলিশ বিভাগ। এ জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলা শুরু করেছে পুলিশ।
তবে পুলিশ জানায়, একটু সচেতন হলে সহিংসতার শিকার নারীরা নিজেদের রক্ষা করতে পারেন। নগরের ডবলমুরিং থানা কম্পাউন্ডে অবস্থিত ভিক্টিম সাপোর্ট সেন্টারে আইনি সহায়তাসহ সব ধরনের সহায়তা দেওয়া হয় নির্যাতিত নারীদের। এ ছাড়া নগরে বিভিন্ন বেসরকারি মানবাধিকার সংস্থা নির্যাতিত নারীদের আইনি সহায়তা দেয়।
পারিবারিক সহিংসতা বেড়ে যাওয়ার বিষয়ে সমাজবিজ্ঞানী ইফতেখার উদ্দিন চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, পারিবারিক বন্ধন দুর্বল হয়ে পড়া, মানুষের মূল্যবোধের অবক্ষয়, পরস্পরের প্রতি অবিশ্বাস বেড়ে যাওয়ার কারণে প্রিয়জনের হাতে প্রিয়জন খুনের ঘটনা বাড়ছে। পরিবারের সদস্যরা সমস্যাগুলো চিহ্নিত করে নিজেদের মধ্যে বোঝাপড়া না করলে পরিস্থিতি পাল্টাবে না।
পারিবারিক সহিংসতার সবচেয়ে বড় শিকার নারীরা। স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনাই বেশি। গত তিন মাসে রাউজানের সুবর্ণ বড়ুয়া ও রীমা আক্তার, নগরের মাদারবাড়ীর পোশাকশ্রমিক আঁখি আক্তার ও সিইপিজেড কলসি দীঘির পাড় এলাকার রীনা আক্তার স্বামীর হাতে খুন হয়েছেন।
ভাইয়ের হাতেও খুন হয়েছেন ভাই। গত ২৭ অক্টোবর চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের পূর্ব জাফরাবাদ গ্রামে ছোট ভাই ঝিনুক জলদাস (১৯) খুন করেন বড় ভাই মিটুন জলদাসকে। এর আগে গত ২৪ সেপ্টেম্বর রাউজানে স্বর্ণকার কিরণ মহাজনকে খুন করেন তাঁর চাচাতো ভাইয়েরা।
ভাই খুনের মতো বোনও বোনকে খুন করছে। গত ১২ অক্টোবর রাঙ্গুনিয়ার পদুয়া সুখবিলাস গ্রামে বড় বোন শাহীন আক্তার কুপিয়ে খুন করেন ছোট বোন শারমিন আক্তারকে।
বিধবা আয়শা খাতুন (৭০) নিজের দেখভাল করার জন্য মেয়ের জামাইকে ঘরজামাই করে রেখেছিলেন। কিন্তু তুচ্ছ ঘটনায় মেয়ের জামাই মামুনুর রশিদ শাশুড়িকে ছুরিকাঘাত করে খুন করেন। গত ১২ অক্টোবর জেলার রাঙ্গুনিয়া সরফভাটা ইউনিয়নের গুচ্ছগ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।
ভুক্তভোগী কয়েকটি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, খুনের মধ্যে শেষ হয়নি পরিবারগুলোর দুর্দশা। ঘটনার পর দায়ের করা মামলায় কারাভোগ কিংবা সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে পরিবারের অন্য সদস্যদের।