>তাঁরা প্রত্যেকে লেখালেখির সঙ্গে যুক্ত। কেউ উপন্যাস লেখেন, কেউ কবিতা, আবার কেউবা অভিনেতা। আজ তেমনই কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বের প্রিয় কবি ও কবিতার কথা জানব।

সৈয়দ মনজুরুল ইসলাম
ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় মনে দাগ কেটেছিল জসীমউদ্দীনের ‘কবর’ কবিতাটি। ‘এত মানবিক আবেদন ছিল কবিতাটিতে। প্রায়ই এই কবিতাটির কথা মনে পড়ে আমার।’ বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। আরও দুটি কবিতাকে এগিয়ে রাখেন তাঁর প্রিয় কবিতার তালিকায়। নবম শ্রেণিতে নজরুলের ‘বিদ্রোহী’ কবিতাটি তাঁর মনে আলোড়ন তৈরি করে। রোমান্টিক চেতনার ও অনুপ্রেরণাদানকারী সব সময়ের জন্য সেরা। মনজুরুল ইসলাম সুকান্ত ভট্টাচার্য্যকে আবিষ্কার করেন দশম শ্রেণিতে পড়ার সময়। তাঁর কাছে মনে হয়েছে, ছাড়পত্র কাব্যগ্রন্থের আঠারো বছর বয়স কবিতাটি একটা যুগকে ধারণ করে। কলেজে উঠে জীবনানন্দ দাশ পড়ে তাঁর কবিতার প্রেমে পড়ে গেলেন। ‘তখন রবীন্দ্রনাথ অত বুঝতাম না। এখন রবীন্দ্রনাথের অনেক কবিতা ভালো লাগে। তবে কবর, বিদ্রোহী ও আঠারো বছর বয়সকে ছাপিয়ে যেতে পারেনি।’

অমিতাভ বচ্চন
ভারতের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনের বাবা ছিলেন হিন্দি ভাষার পুরোধা কবি হরিবংশ রাই বচ্চন। ভারতের শীর্ষস্থানীয় একটি মিউজিক কোম্পানি অমিতাভকে তাঁর বাবার কবিতায় কণ্ঠ দেওয়ার প্রস্তাব দিয়েছিল। বিগবি তাঁর ব্লগে লিখেছিলেন, ‘একটি মিউজিক প্রতিষ্ঠান আমাকে বাবার কবিতা আবৃত্তির প্রস্তাব দিয়েছে। বাবার লেখা বেশ কয়েকটি কবিতা আমার কণ্ঠে তারা রেকর্ড করতে চায়। এ ধরনের চমকপ্রদ প্রস্তাব পাওয়ায় আমি খুবই আনন্দিত।’ এতেই বোঝা যায়, বাবার কবিতা তাঁর কাছে কতটা প্রিয়।
নাতনি আরাধ্য বচ্চনের চতুর্থ জন্মদিনে তাকে উৎসর্গ করে একটি কবিতা লিখেছেন দাদু অমিতাভ। শুধু তা-ই নয়, দিল্লিতে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের শিকার সেই তরুণীকে নিয়ে একটি কবিতাও লিখেছিলেন অমিতাভ। বাংলাদেশের কবি সাজ্জাদ শরিফ সেটি অনুবাদ করেছিলেন। কবিতাটির অংশবিশেষ এমন—
সময় পেরিয়ে যাবে জ্বলে জ্বলে নিভে যাবে মোম
শ্রদ্ধায় ছড়ানো ফুল শুষ্ক হবে পানির অভাবে
ক্ষোভ আর শান্তির কণ্ঠের তীব্রতা যাবে ক্ষয়ে
তবু ‘নির্ভয়তা’র জ্বালানো শিখা গনগনে করে তুলবে আমাদের হৃদয়
পানিহীন শুষ্ক ফুল তাজা হবে আমাদের অশ্রুধারায়...

জয় গোস্বামী
জনপ্রিয় এই কবি বাংলা কবিতা পড়েন। সবার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর ও শঙ্খ ঘোষ তাঁর কাছে সবচেয়ে প্রিয়। বাংলাদেশের কবিদের কবিতাও তাঁকে টানে খুব। বিশেষ করে আল মাহমুদ ও সৈয়দ শামসুল হক তাঁর কাছে শ্রেষ্ঠ কবি। তাঁদের লেখা সব কবিতাই তাঁর প্রিয়। একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, গীতবিতান এখনো বালিশের পাশে রেখে ঘুমান।

জে কে রাউলিং
হ্যারি পটারখ্যাত লেখক রাউলিংকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, আপনাকে যদি কোনো মরুভূমিতে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে সঙ্গে কী নেবেন?—একটু না ভেবে তিনি উত্তর দিয়েছিলেন শেক্সপিয়ারসমগ্র। একটু সুযোগ মিললেই তিনি শেক্সপিয়ারের কবিতা পড়েন। সারাক্ষণই কোনো না কোনো বই তাঁর পড়া হয়।