বাস চলছে তো চলছে। সেদিকে হুঁশ নেই আমার। গাড়ির দুরন্ত গতির সঙ্গে সঙ্গে ওঠানামা করছে আমার হূৎস্পন্দন। কখন আসবে আমার গন্তব্য। কখন সে মেঠোপথ ধরে জাকের স্যারের বাড়ি। মানসিক অবসাদ শরীরকে যখন ঘায়েল করে তখন তার কিছুই করার থাকে না। আমি তো এখন নির্বিকার, যুদ্ধের ময়দান দেখার আগেই পরাজিত হওয়া সৈনিক!বাসের হেলপারের ডাকে ঘুম ভাঙে আমার। কখন যে ঘুমিয়ে পড়েছি তা মনে নেই। গা এলিয়ে দিতেই জানালার বাইরের বাতাস ঘুমের দেশে আহ্বান জানিয়েছিল বোধ হয়। তা ফেলতে পারিনি অন্যদিনের মতো। স্বাভাবিকতায় এসেই মেজাজের পারদ চরমে!—কোথায় আনতে বললাম আর আনলেন কোথায়?—না, ভাই, আপনিই তো উঠলেন দেখেশুনে।—কী বলেন, বাসে উঠছি আজ কত বছর! তাই বলে বাঁশখালীর বাস ছেড়ে কক্সবাজারের বাস! অসম্ভব।—ঠিক আছে ভাই, আপনি নেমে যান। অন্য বাসে করে...।—এমনিতেই দেরি হচ্ছে, তার ওপর। আগে বলিসনি কেন?—ভাই, বিশ্রিভাবে কথা বলবেন না। দেখে তো শিক্ষিত মনে হয়।—শিক্ষিতের গুষ্টি কিলাই, যত্ত সব!ছোটখাটো গণ্ডগোল হওয়ার আগেই মনে পড়ল সব ঘটনা। রাহাত্তার পুল থেকে তাড়াতাড়ি করে উঠতে গিয়েই এই বিপদ। আবেগের কাছে পরাজিত হয়ে, জাকের স্যারের মৃত্যুর খবর শুনে, হঠাৎ করে বাস ধরতে গিয়েই এই অবস্থা। আহা, বড্ড প্রিয় স্যার ছিলেন তিনি, এমন অবেলায় চলে গেলেন! দুই.লোহাগাড়া স্টেশন। পার্শ্ববর্তী উপজেলা হলেও যাওয়ার অভিজ্ঞতা হয়নি। মৃত্যুসংবাদ এমনিতেই কাবু করে ফেলেছে আমায়। এখন উপায়? বাসের জন্য অপেক্ষা করতেই পেয়ে গেলাম প্রিয়মুখ আরাফাত ভাইকে। তিনি আমাকে দেখেই বুঝতে পারলেন ভেতরের অবস্থা। ট্যাক্সি নিয়েই সোজা জাকের স্যারের বাড়ি। ট্যাক্সি ঠিক করলেনও তিনি।এখন প্রাণপণে ট্যাক্সি ছুটছে বাঁশখালীর পথে। ভাঙাচোরা রাস্তা। তারও বেশি ভাঙা দুজন মানুষের মানসিক অবস্থা।তিন.জাকের স্যারের বাড়ির সামনে এসেই থমকে যাই। ‘আস্, আস্’ বলে যিনি এগিয়ে নিতেন আমাদের, তিনি কোথায়? ভিড় নেই তেমন একটা। বেশ কয়েকজন মহিলা কাঁদছেন গাদাগাদি করে। পুরুষ বলতে কেউ নেই। ছুটলাম মসজিদের দিকে। জানাজা শেষ! কিছুই করার নেই আমার! লাশ এখন কবরে, অন্ধকার ঘরে। দু মুঠো মাটি দিলাম কবরের বুকে। যেমনভাবে স্যার আমার মাথায় হাত বুলিয়ে দিতেন দেখা হলে।রাত হয়ে গেছে বেশ। আরাফাত ভাইসহ চলে এলাম আমাদের বাড়িতে। পথে বেশ কজন বন্ধুর সঙ্গে দেখা। জাকের স্যারের বার্ধক্যজনিত মৃত্যু পাল্টিয়ে দিল আমাদের ভুবন। কঠিন বিরহের মুখোমুখি হতে হলো প্রিয় স্যারের ছাত্রদের। আমার মনে পড়ছে, বাংলা ক্লাসে জাকের স্যার এখনো ঢুলে-ঢুলে পড়াচ্ছেন, ‘রাত বাড়ছে, হাজার বছরের পুরোনো সে রাত....।’ এস ইলিয়াস, বাঁশখালী, চট্টগ্রাম।