প্রিয় ঝুপড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হায়দার ভাই, ইয়া ক্যান লার?’ (এখন কেমন লাগছে?)। বাংলা বিভাগের মহি কিংবা আয়াজ ‘হায়দার গ্যালারি’তে ঢুকতেই এ প্রশ্ন করে। উত্তরে হায়দার ভাই কিছু না বলে শুধু মুচকি হাসেন! তাঁর এই নির্মল হাসিই আমাদের ঝুপড়িপাড়ার ট্রেডমার্ক। বাঁয়ে কলা ভবন আর ডানে চাকসু ভবনকে সামনে রেখে ১৩-১৪টি বেড়ার টংঘর দিয়ে সাজানো ‘n’ সাইজের বিখ্যাত ঝুপড়িপাড়া। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ডের আঁতুড়ঘর। সমাজবিজ্ঞান, আইন কিংবা বিজ্ঞান অনুষদের নিজস্ব ঝুপড়িঘর থাকলেও প্রচার ও প্রসারে কলা অনুষদের ঝুপড়িকেই গুরু মানা হয়। মাঝেমধ্যে এদিক-ওদিক হলেও এখানে যারা নিয়মিত আসে, সব আড্ডাবাজ গ্রুপগুলোই নিজেদের পছন্দসই একেকটা ঝুপড়িতে বসে। সেটা হতে পারে আলমগীর কিংবা নাজিম ভাইয়ের অথবা সিদ্দিক কিংবা আলম ভাইয়ের ঝুপড়ি। আমাদের জলসা মাথা-আউলা হায়দারের দোকানে! উপস্থিতির হিসাবে চারুকলার ছেলেমেয়েদের প্রাধান্য থাকলেও কলা অনুষদের অন্যান্য বিভাগের এবং বিজ্ঞানের ছাত্রছাত্রীরাও এখানে নিয়মিত আসে। কোনো কোনো দিন দূরের সমাজবিজ্ঞান বা বিবিএর কেউ কেউ এসে আমাদের ধন্য করে। শিক্ষকসম্প্রদায়ভুক্ত বিরল প্রজাতির দু-একজনও মাঝেমধ্যে যোগ দেন আমাদের এই ফালতুমিতে! মূলত ক্লাসের ফাঁকে আড্ডা চলে এখানে। সঙ্গে অবশ্যই চা, শিঙাড়া, চপ, সমুচা, ছোলাসহ নানা কিছু। আর যাদের বিকেল পর্যন্ত ক্লাস থাকে, তাদের জন্য ‘সবেধন নীলমণি’ ডিম-খিচুড়ি। সংখ্যাগরিষ্ঠতার অধিকারে চারুকলার লোকজন হায়দার ভাইয়ের ঝুপড়ির নাম রেখেছে ‘হায়দার গ্যালারি’। আর নামটাকে সার্থক করতেই বোধহয় আমাদের শিল্পীরা নিজেদের কিছু শিল্পকর্ম দিয়ে দোকানটা সাজিয়েছেন। আমরা যারা একটু শিল্পপ্রেমী, তারা মনে মনে কৃতজ্ঞতা জানাই। শুকরিয়া যে টিকিট কেটে গ্যালারিতে যাওয়ার বিড়ম্বনার বদলে চা-শিঙাড়ার সঙ্গে শিল্পস্বাদ আস্বাদের এমন সুযোগ কজনের কপালে জোটে! সত্যি বলতে কি, চবির তরুণ কবি, শিল্পী ও সংস্কৃতি-কর্মীদের এক আবেগ আর প্রেরণার নাম এই ঝুপড়ি। হইচই, আড্ডা, তর্ক, এলোমেলো গান, বেঞ্চি চাপড়ানো—এসব হট্টগোলের ভেতরই হয়তো কোনো কবি তাঁর আরাধ্য শব্দটি কিংবা লাইনটি, গল্পকার তাঁর গল্পের মোক্ষম প্লটটি কিংবা চিত্রকর তাঁর ড্রয়িংয়ের নতুন বিষয় পেয়ে যান। পাশাপাশি সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলোর নানা কর্মসূচি ও আন্দোলনের পরিকল্পনা সূচিত হয় এসব ঘুপচিঘরে। প্রতিদিন কত ঘটনার, কত রটনার হাট বসে এখানে। এই প্রাণখোলা আড্ডার আড়ালেই আমরা পরস্পরের বন্ধু হয়ে উঠি কিংবা নিজেদের অজান্তে দুটি হূদয় স্বপ্নের জাল বুনে চলে। এই গোলযোগের অন্তরালেই হয়তো কেউ অন্য কোনো চোখের কাছে খুন হয়ে যায় নিঃশব্দে, প্রতিদিন! কত কথার ফুলঝুরি আর বলতে না-পারা কথার বোবা কান্না ভাসে ঝুপড়ির বাতাসে! মাঝেমধ্যে বিনা নোটিশে লাপাত্তা হয়ে যান হায়দার ভাই। সকালবেলা ঝুপড়িতে গিয়ে যখন হায়দার গ্যালারির ঝাঁপ নামানো দেখি, তখন মাথাটা ঠং করে ওঠে! শুরু হয় হায়দারের চৌদ্দগুষ্টি স্মরণ। ‘মিয়া পাইছ করি, আমাদের “ইমোশন” লইয়া খেলন করো!’ সত্যি বলতে কি, হায়দারের ঝুপড়ি বন্ধ থাকলে নিজেদের কেমন এতিম এতিম লাগে। এ-ই আমাদের ঝুপড়িপ্রেম! সাংস্কৃতিক সংগঠনগুলোর মুখপত্র ছাড়াও ব্যক্তি-উদ্যোগে দু-তিনটি কবিতাপত্রও প্রকাশিত হয় ক্যাম্পাসে। ওগুলোর প্রধান সমঝদার ঝুপড়ির বাসিন্দারাই। আর কবিতাপত্র প্রকাশ এবং কবিতাওয়ালা হিসেবে বিখ্যাত হয়ে আছেন ‘মেঘমাঝি’ নির্ঝর নৈঃশব্দ। নির্ঝরের ‘মেঘ’-এর জলে ভিজব বলে চাতকের মতো প্রতীক্ষায় থাকি আমরা অনেকেই। ভাবতে খারাপ লাগছে যে দুই দিন পরই তল্পিতল্পাসহ ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছেন উনি! দাদা, তোমাকে খুব মিস করব আমরা; এই হায়দার গ্যালারি, এই ঝুপড়িপাড়া। এই কবিতা, গানে, কথায় সারা দিন মুখর থাকে ঝুপড়িগুলো। স্যারদের ভারিক্কি লেকচার আর টানা ক্লাসের ধকল সারাতে যা টনিকের মতো কাজ করে। ক্লাসের ফাঁকে ঝুপড়ির এই আড্ডাবাজি, চা-চক্র, এলোমেলো গান, বন্ধুদের সঙ্গে তর্ক, খুনসুঁটি (মাঝেমধ্যে উপরি পাওনা হিসেবে বংশীবাদক দেওয়ানের পাগলপারা বাঁশির সুর!)—সমস্ত একঘেয়েমি দূর করে মনটাকে তাজা করে তোলে। আমাদের ক্যাম্পাস-জীবনের সঙ্গে কী নিবিড়ভাবে জড়িয়ে আছে ঝুপড়ির এই সকাল-দুপুর-বিকেলগুলো! ঝুপড়িহীন কোনো দিন কল্পনাও করতে পারি না কেউ। এই ছন্নছাড়া আড্ডাবাজিই আমাদের প্রাণ। এই হিরণ্ময় স্মৃতিগুলোই হয়তো অনেক দিন পরের কোনো বিষণ্ন মুহূর্তে আমাদের হাসাবে, কাঁদাবে, আবেগে ভাসাবে! জয়তু ঝুপড়ি। যুগ যুগ জিয়ো।নাম প্রকাশে অনিচ্ছুককলাভবন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।