প্রিয় বন্ধু তোমাকে

অপুর সঙ্গে কে পরিচয় করে দিয়েছিল মনে নেই!
শুধু মনে আছে, আমার অনেক জ্বর হলে অপুর ঘুম হতো না। সেবার আমার ম্যালেরিয়া হলো। ১০৪ ডিগ্রির ওপরে জ্বর। রাত দুইটা। বিজন কোথা থেকে জানি বরফ আনতে গেল। অপু রাস্তায় অনেকক্ষণ অপেক্ষা করে কোনো রিকশা বা অটোরিকশা না পেয়ে এক মাইলের বেশি দূরের পথ হেঁটে গ্যারেজে রিকশা খুঁজতে গিয়েছিল, আমাকে মেডিকেলে নিয়ে যাবে বলে। এমনই ছিল আমাদের বন্ধন।
সেই ২০০০ সাল। মির্জাজাঙ্গাল।
একই মেসে থাকতাম আমরা। তখন মির্জাজাঙ্গাল এত ব্যস্ত ছিল না। হট্টগোল ছিল না। বর্ষায় সবুজ ঘাস, হলদে সবুজ ব্যাঙ। গভীর রাতে ঝিঁঝি পোকার ডাক। জানালায় দক্ষিণা বাতাস।
সুমন আর আমি একসঙ্গে থাকতাম যতটা এবং যতক্ষণ থাকা সম্ভব। সকাল হলেই সুমন আমাকে ডেকে দেবে—উঠ উঠ সামনে পরীক্ষা। অপু, বিজন, প্রদীপ, বিপ্রেশ টিউশনিতে। বিকেল হলেই আবার জড়ো হয়ে যেতাম। বিজনটা মাঝেমধ্যে আলাদা থাকত। পাড়ার উকিলবাবুর বাসার চারদিকে ঘুরঘুর করত। কিসের নাকি গন্ধ, লম্বা চুল, কালো বড় চোখ। ওই মেয়ের নাম কী ছিল এখন আর মনে নেই!
সন্ধ্যা হলেই ঝাঁক বেঁধে অসীমদার কাছে ছুটতাম। অসিমদা তখন গান করতেন। থিয়েটার করতেন। কখনো হাসন রাজা, কখনো রাধারমণ, মৈমনসিংহ গীতিকা অথবা আয়নাবিবির পালা।
কত সোনাঝরা সন্ধ্যা আমাদের কেটে গেল অসীমদার মেসে। সে সময়গুলোর কোনো হিসাব হয় না। এখন একেক দিন আফসোস হয়। এখন একেক দিন মনে হয়, আবার যদি সন্ধ্যাগুলো ফিরে পেতাম! আবার যদি অসীমদা ‘আয়নাবিবি, আয়নাবিবি’ বলে চিৎকার করে উঠতেন। মৈমনসিংহ গীতিকার গান শুনতে শুনতে আসরের সবাই যদি আবার বলে উঠত—‘ওয়ান মোর গুরু, ওয়ান মোর’।
অসীমদা এখন লন্ডনে। আর আমি জানি সেই ২০০০ সাল আমি ফিরে পাব না। তবু আমার কেন জানি মনে হয়, লন্ডনের ইট, পাথর, কংক্রিট, দামি নিয়নের আলো অসীমদাকে ধরে রাখতে পারবে না! তিনি ঠিক আমাদের মাঝে ফিরে আসবেন। আমাদের দেশে। বাংলাদেশে।
অসীমদার আসরে চা-নাশতার যে খরচ হতো, সব টাকা বহন করতেন কামরুল ভাই।
খুব ভালো মোটরসাইকেল চালাতেন। সাইকেল চালানো আমার এ জীবনে হলো না। তবে এই দুই চাকার গাড়িতে চড়েছি অনেক। সারা শহর চষে বেড়িয়েছি তাঁর পঙ্খীরাজের পেছনে বসে। একদিন হঠাৎ শুনলাম কামরুল ভাই আর নেই! ঘাতক ট্রাক কেড়ে নিল তাঁর জীবন। কত স্মৃতি তাঁর সঙ্গে।
অনুদা ছিলেন আমাদের মধ্যে সবচেয়ে মেধাবী। খুব বেশি বই পড়তেন। ইংরেজিতে অনার্স। কঠিন কঠিন সব বই। শেক্সপিয়ার, উইলিয়াম ব্লেইক, এস টি কোলরেজি, জন ডান, শেলি, জন কিটস। জীবনানন্দ ছিল তাঁর খুব প্রিয়। আমার বই পড়া যতদূর অভ্যাস হয়েছে, তা অনুদার সংস্পর্শে এসে। কিন্তু যে অনুদা বই বই করে পাগল ছিলেন, হঠাৎ করে তিনিও নিরুদ্দেশ হলেন। একদিন তাঁকে আর খুঁজে পাওয়া গেল না! আজ প্রায় এক যুগ অনুদা নিখোঁজ। বেঁচে আছেন, নাকি মরে গেছেন, কেউ জানে না! জীবনানন্দ পড়লেই অনুদার কথা মনে পড়ে।
অনুষ্ঠানে মনে পড়ে রত্নেশ্বরের কথা। সেই ছেলেটা, যে ঝাউগাছের পাতা দিয়ে আঁকত রবীন্দ্রনাথ! আর্টপেপার, বাঁশপাতা, লাল সুতা এসব দিয়ে কীসব বানাত। শুনেছি সে চারুকলা থেকে মাস্টার্স করেছে। দিব্যি আছে। খুব নাকি ভালো ছবি আঁকে। ঢাকায় এক্সিবিশন হয়। তার কি আর মনে আছে সে সময়গুলো!
এখন আমার বন্ধুরা সময়ের প্রয়োজনে যার যার মতো করে ছিটকে পড়েছে। সুমন পুলিশ অফিসার। অপু, বিজন শিক্ষক। বিপ্রেশ, প্রদীপ শুনেছি অনেক ভালো আছে। অথচ একদিন আমরা খুব কাছাকাছি ছিলাম। একদিন আমরা খুব অবুঝ ছিলাম, বোকা ছিলাম।
এখন ধূলিকণার মতো, সাতচাঁড়ার গুটির মতো আমরা ছড়িয়ে-ছিটিয়ে। সবাই ঢুকে পড়েছি নিজ নিজ খোঁয়াড়ে। কেবল কাজ আর সংসার অথবা প্রবাস! কাউকেই ধরে রাখা যায়নি, আর যায় নাকি এ রকম!
সেই দিনগুলো এখন স্বপ্নের মতো মনে হয়। সেই হাওয়া, সেই বর্ষা, হলদে সবুজ ব্যাঙ। ঝিঁঝি পোকার ডাক।