সেই ছোট্টবেলাতেই পাঠ্যবইয়ের পাতায় ছবি দেখে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে প্রথম পরিচয়। তারপর কবিগুরু জড়িয়ে গেছেন তাঁর গোটা জীবনের সঙ্গে। পুরোপুরি নিজের চেষ্টাতেই স্পেনে নিজের বাড়িতে গড়ে তুলেছেন রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রবিষয়ক বইয়ের সুবিশাল এক সংগ্রহ। বাংলা ভাষার টানেই শুধু ছুটে আসেন এই বাংলাদেশে। রবীন্দ্রপ্রেমী অধ্যাপক খোসে পাস রোদ্রিগেস সম্পর্কে শুনুন বিস্তারিত।রবীন্দ্রনাথকে তাঁর প্রথম দেখা আট বছর বয়সে। পাঠ্য বইয়ের পাতায় তিনি দেখেছিলেন শ্মশ্রুমণ্ডিত একজন মানুষের মুখ। জেনেছিলেন, এই মানুষটার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তখন তিনি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। বইটির নাম থেরসের মানুসক্রিতা বা তৃতীয় পাণ্ডুলিপি। সময়টা ১৯৫৬ সাল। তাঁর জানার কথা নয়, এই ছবির মানুষটা জড়িয়ে যাবেন তাঁর গোটা জীবনের সঙ্গে। আট বছরের স্কুলপড়ুয়া খোসের কাছে অজানা হলেও স্পেনে ও আমেরিকায় রবীন্দ্রনাথ ঠাকুর তখন বিপুল সমাদৃত। সেটা মূলত হুয়ান রামোন হিমেনেথ ও সেনোবিয়া কাম্পরুবি হিমেনেথের জন্যই। রবীন্দ্রনাথের বহু গল্প-কবিতা, নাটক, উপন্যাস, প্রবন্ধ স্পেনীয় ভাষায় অনুবাদ করেছেন হিসেনেথ-দম্পতি। খোসে পাস তখন জানেন না যে হিমেনেথ-দম্পতি কী গভীর আগ্রহ রবীন্দ্রনাথের মাদ্রিদে আসার অপেক্ষা করছেন এবং রবীন্দ্রনাথ না আসায় তারা ভেঙে পড়েছেন। ১৯৫৬ সালেই নোবেল পুরস্কার পান হিসেনেথ, সে খবরও রাখার কথা নয় আট বছরের খোসের। তবু তিনি রবীন্দ্র-অনুরাগে হিসেনেথের যেন উত্তরসূরি হয়ে উঠলেন।১৯৬১ সালে পৃথিবীজুড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী উদ্যাপিত হয়। এ উত্সব সামনে রেখে তাঁর রচিত অনেক গ্রন্থ প্রকাশিত হয় বিশ্বজুড়ে। তাঁরই কল্যাণে সাত সমুদ্র তেরো নদী ওপারের এক তরুণের হাতে পৌঁছে যায় রবীন্দ্রনাথের রচনা। তখনকার টগবগে তরুণ খোসে পাস গভীর আগ্রহে একের পর এক পড়তে থাকেন আমাদের বিশ্বকবির বই। তরুণী আনা মারিয়ার সঙ্গে পরিচয় হয় সে সময়ই। পরিচয় থেকে ভালো লাগা এবং ভালোবাসা। খোসের রবীন্দ্র-অনুরাগের কথা জানতে দেরি হয়নি আনার। মনের মানুষের পছন্দ কী, আনা সেটা বেশ জানতেন। সে কারণেই একদিন খোসেকে অবাক করে তাঁর হাতে তুলে দেন রবীন্দ্রনাথের তিনটি বই। নৌকাডুবি ও গোরা বই দুটোও ছিল সেখানে। দারুণ আগ্রহে খোসে পড়লেন বইগুলো। মনে আরও দৃঢ় হলো রবীন্দ্রপ্রেম। এর পর থেকে যেখানে রবীন্দ্রনাথের বই পেয়েছেন তিনি সংগ্রহ করেছেন। পড়ে শেষ করেছেন এক নিঃশ্বাসে। একসময় সেনোবিয়া কাম্পরুবির অনুবাদে ‘শান্তিনিকেতন’ (মারাদা দে পাস) বইটি তাঁর হাতে আসে। একবার নয়, বারবার পড়েন সে বই, আর রবীন্দ্রনাথ, শান্তিনিকেতন ও বাংলা সম্পর্কে তাঁর আগ্রহ তীব্র হয়। ২০০১ সালে মিলল সে সুযোগ। সে বছর ২৩ ডিসেম্বর প্রথমবারের মতো শান্তিনিকেতনে এলেন খোসে পাস। শান্তিনিকেতনে তখন প্রতিষ্ঠার শতবর্ষ উত্সব চলছে। না, এত দূর পথ পাড়ি দিয়ে এসে কোনো মোহভঙ্গ হয়নি তাঁর। বরং জানালেন, ‘স্বপ্নে শান্তিনিকেতনের যে ছবি মনে মনে এঁকেছিলাম, তার বেশি প্রাপ্তি শান্তিনিকেতন দেখে। এখন প্রায় প্রতিবছর শান্তিনিকেতনে আসি। বছরের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত থাকি শান্তিনিকেতনে। অন্য নয় মাস স্পেনে।’ বলছিলেন খোসে পাস। সেবার রবীন্দ্রনাথের সঙ্গে বাংলা ভাষাকেও ভালোবেসে ফেলেন তিনি।একজন খোসে পাসখোসে পাস রোদ্রিগেসের জন্ম ১৯৪৮ সালের ১২ এপ্রিল উত্তর পর্তুগালের কর্না গ্রামে। পড়াশোনা শেষ করে স্পেনের ওরেন্সের নম্বর পাঁচ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেছিলেন। বর্তমানে তিনি ভিগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ঘর বেঁধেছেন প্রেমিকা আনা মারিয়ার সঙ্গেই। বড় ছেলে খোরকে, ছোট ছেলে ডেভিড, মেয়ে লুরিয়া ও স্ত্রী মারিয়াকে নিয়ে তাঁর সুখের সংসার। স্ত্রী-ছেলেমেয়েরাও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। স্পেনের মঞ্চে ডাকঘররবীন্দ্রনাথের বই পড়ার পাশাপাশি মঞ্চনাটকের নির্দেশনাও দিয়েছেন খোসে। ১৯৬৯ সালে স্পেনের ওরেন্সের একটি প্রাথমিক বিদ্যালয়ে রবীন্দ্রনাথের ডাকঘর নাটক মঞ্চায়ন হয় তাঁরই নির্দেশনায়। ওই স্কুলে শিক্ষকতা করতেন খোসে। ডাকঘর পড়ার পর তিনি স্কুলের শিক্ষার্থীদের দিয়ে নাটকটি মঞ্চায়নের সিদ্ধান্ত নেন। নাটক নির্দেশনার পাশাপাশি অভিনয়ও করেছেন খোসে। এ উদ্যোগ ভালো লেগেছিল প্রেমিকা আনা মারিয়ারও। পোশাক-নির্দেশনার কাজটি করেন আনা মারিয়া। ‘ডাকঘর নাটক নিয়ে আমার পরিবারের মধ্যে হইচই পড়ে যায়। আমার মা আমাকে সহযোগিতা করেন। ডাকঘর-এর সব পোশাক আমার মা নিজে হাতে সেলাই করেছেন। নাটক দেখে খুশি দর্শকেরা।’ পুরোনো স্মৃতির কথা বলছিলেন খোসে। ১৯৭১ সালে ওরেন্সের বিরখেম দে কোবাদেন্গা কলেজে ডাকঘর নাটকটি আবারও মঞ্চায়িত হয়। খোসে বলেন, ‘আমার ছাত্ররা ডাকঘর নাটকটি মঞ্চস্থ করতে গিয়ে যে সাফল্য দেখাতে পেরেছিল, এর রেশ এখনো মনে গেঁথে আছে।’একজন গবেষকখোসে পাস বর্তমানে রবীন্দ্রনাথের প্রবন্ধ নিয়ে গবেষণা করছেন। এ জন্য তিনি বছরের একটা বড় সময় শান্তিনিকেতনে থাকেন। রবিঠাকুরের শিক্ষা নিয়ে যত প্রবন্ধ আছে, সেগুলো স্প্যানিশ ও পর্তুগিজ ভাষায় অনুবাদ করছেন। পরে এগুলো বই আকারে প্রকাশিত হবে। শান্তিনিকেতন কর্তৃপক্ষ এ কাজে খোসে পাসকে সহযোগিতা করছে। খোসে বলেন, ‘গবেষণা শেষ হলে রবীন্দ্রনাথের প্রবন্ধ সম্পর্কে মানুষ আরও বেশি জানতে পারবে।’ তিনি আরও বলেন, ‘রবীন্দ্রনাথ সম্পর্কে যে বিষয়টি আমাকে সর্বাপেক্ষা মুগ্ধ করে, তা হলো বিশ্বভাবনার সঙ্গে বিশেষ ভাবনার সমন্বয় সাধন। তিনি দেখিয়ে গেছেন যে জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে কোনো বিরোধ নেই, থাকা উচিতও নয়। বর্তমান পৃথিবীর অনেকাংশে যে এ সমস্যার এখনো সমাধান হয়নি, আমার মতে রবীন্দ্রভাবনার সঙ্গে বিশ্ব নেতৃবৃন্দের পরিচিতির অভাবই এর কারণ। এ অবস্থায় যাঁরা তাঁর সম্পর্কে জানেন ও শ্রদ্ধা পোষণ করেন, তাঁদের দায়িত্ব রবীন্দ্রভাবনার সঙ্গে পৃথিবীর নতুনতর প্রজন্ম ও নাগরিকদের পরিচয় ঘটানো।’দ্বিতীয় স্বদেশখোসের দ্বিতীয় স্বদেশ দুই বাংলা। ‘বাংলা ভাষা’ তাঁর ভালোবাসার ভাষা। আর বাংলা ভাষার রাষ্ট্র বাংলাদেশ। রবীন্দ্রনাথের স্মৃতিচিহ্ন শিলাইদহ ও শাহজাদপুর কুঠিবাড়ী; রবীন্দ্রনাথের স্ত্রীর বাড়িও আমাদের এই বাংলাদেশে। সমপ্রতি আরও একবার সেই ভালোবাসার বাংলাদেশে এসেছিলেন খোসে পাস। রবীন্দ্রনাথের স্মৃতি আর বাংলা ভাষার সাক্ষাত্ পেতে তাঁর এখানে আগমন। এর আগে ২০০৫ সালে প্রথম ঢাকায় এসেছিলেন তিনি। খোসে পাসকে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সম্পাদক নৃপেন্দ্র সাহা নিয়ে আসেন বাংলাদেশে। তিনি যে গ্রন্থাগার গড়ে তুলেছেন, তা বিরল। ভারতেও এমন নজির নেই।বাংলা ছাড়া ভারতবর্ষ ভ্রমণের ইচ্ছে তাঁর নেই। পাঁচ দিনের সফরে ছুটে গেছেন দেশের বিভিন্ন প্রান্তে। কনকনে শীতে বাগেরহাটের মংলার উদ্দেশে সকালে ঢাকা ছাড়েন। পথিমধ্যে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। খোসের কণ্ঠে তখন শুনছিলাম ‘ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা’। ভিনদেশি এই মানুষটার কণ্ঠে রবীন্দ্রসংগীত শুনে অনেকে কৌতূহলের দৃষ্টিতে তাকিয়েছিলেন। স্মৃতিসৌধের সংক্ষিপ্ত বিবরণ-সংবলিত বিলবোর্ড ইংরেজি ভাষায় লেখা হওয়ার কারণে পড়তে পারেননি খোসে। একটি প্রশ্ন তাঁর, ‘এখানে বাংলায় লেখা নেই কেন?’ অন্য দর্শনার্থীদের সঙ্গে খোসে অনর্গল কথা বলেছেন বাংলায়। এ দেশের পতাকাও কিনেছেন। খোসে পাস স্প্যানিস, ইতালীয়, বাংলাসহ পাঁচটি ভাষা জানলেও ইংরেজি জানেন না। মানিকগঞ্জ, ফরিদপুর, মাগুরা, যশোর, খুলনা ঘুরে রাত ১১টায় মংলায় পৌঁছান তিনি। দীর্ঘ যাত্রাপথে কোনো ক্লান্তি নেই তাঁর। সবার সঙ্গে গল্প করেছেন, ফুটপাতে দাঁড়িয়ে পেঁপে, কলা খেয়েছেন।পরদিন ভোরে পশুর নদী পার হয়ে গেছেন মংলার শেলাবুনিয়া গ্রামে। উদ্দেশ্য, ফাদার মারিনো রিগনের সঙ্গে সাক্ষাত্। খোসে জানালেন, ফাদার মারিনোর অনুবাদ করা রবীন্দ্রনাথের ইতালীয় ভাষার বই তিনি পড়েছেন। বাংলা থেকে সরাসরি অনুবাদ করায় ইতালীয় ভাষায় লেখার ভাব প্রায় হুবহু রয়েছে। বই পড়ার পর মারিনোর সঙ্গে দেখা করা ইচ্ছে ছিল। মংলার শেলাবুনিয়ায় দুই ভিনদেশি রবীন্দ্রপ্রেমীর সাক্ষাত্ হয়। দুজনকে দেখে মনে হয়েছে, তাঁদের বন্ধুত্ব দীর্ঘদিনের। কখনো বাংলায়, কখনো ইতালীয় ভাষায় কথোপকথন হয়েছে। বাংলাদেশ ও রবীন্দ্রসাহিত্য নিয়ে আলোচনা হয়েছে। ফাদার মারিনো রিগন অনুবাদ করেছেন রবীন্দ্রনাথের গীতাঞ্জলিসহ প্রায় ৪০টি কাব্যগ্রন্থ, লালন সাঁইয়ের ৩৫০টি গান, জসীমউদ্দীনের নকশী কাঁথার মাঠ, সোজনবাদিয়ার ঘাট, নির্বাচিত কবিতা ছাড়াও এ দেশের গুরুত্বপূর্ণ কবিদের অসংখ্য কবিতা।ঢাকা ফেরার পথে খুলনার ফুলতলার রবীন্দ্রনাথের শ্বশুরবাড়িতে গিয়েছেন খোসে। রবিঠাকুরের স্ত্রী মৃণালিনীর বাড়ি দেখে মুগ্ধ হন তিনি। দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সের অযত্ন দেখে খোসে বলছিলেন, ‘বাড়িটি আরেকটু যত্ন করা যায় না?’ ওই দিন বিকেলে কুষ্টিয়ার শিলাইদহ পৌঁছান খোসে। রবীন্দ্রনাথের কুঠিবাড়ীতে এসে আবেগাপ্লুত হন তিনি। প্রতিটি ঘরে দাঁড়িয়ে রবীন্দ্র-অনুভব নেওয়ার চেষ্টা করেন খোসে। রবীন্দ্রনাথের স্মৃতিচিহ্ন দেখতেই এতটা পথ পাড়ি দিয়েছেন তিনি। ঢাকা ফেরার পথে লালন সাঁইয়ের আশ্রমে গিয়ে বাউলগান শুনতে ভুল করেননি তিনি।বাংলাদেশে এখন অনেকের সঙ্গে চেনাজানা হয়েছে পাসের। তেমনই একজন বাংলাদেশ গ্রাম থিয়েটারের মহাসচিব হুমায়ুন কবির। তিনি বলছিলেন, ‘খোসে পাসের সঙ্গে আমার প্রথম পরিচয় হয় ২০০৫ সালে। রবীন্দ্রনাথ সম্পর্কে অসাধারণ তাঁর জ্ঞান। বাংলা ভাষার প্রতি ব্যাপক ভালোবাসা। ভিনদেশি একজন মানুষ আমাদের ভাষাকে এতটা ভালোবাসেন, ভাবতেই অবাক লাগে। অথচ আমরা এ ক্ষেত্রে পিছিয়ে পড়ছি।’ নাট্যজন প্রদীপ আগরওয়ালা বলেন, ‘খোসে সাদা চামড়ার মানুষ হলেও তাঁর ভাবনা-চিন্তা আমাদের মতো, পুরোদস্তুর বাঙালি। বাংলাকে ভালোবাসেন তিনি। চট্টগ্রামের মঞ্চে রবীন্দ্রনাথের বিসর্জন নাটক দেখেছেন। তাঁর বড় ছেলে খোরকেও বাংলা জানতে এ দেশে আনবেন সামনে। খোসের সঙ্গে থেকে মনে হয়েছে, নিজের ঘরের রবীন্দ্রনাথ আর মায়ের ভাষা সম্পর্কে আমরা তাঁর তুলনায় খুব কমই জানি।’ভালোবাসার বাংলাদেশবাংলাদেশকে আরও ভালোবাসেন এর রূপ আর মানুষের ভালোবাসা দেখে। এ দেশের মানুষের আতিথেয়তা দেখে তিনি অবাক হয়েছেন। খোসে কখনো কল্পনাও করেননি, এখানকার মানুষ তাঁকে এভাবে আপন করে নেবে।রবীন্দ্রনাথের সৃষ্টিকে বুকে ধারণ করেছেন খোসে। বাংলা ভাষা ও রবীন্দ্রভাবনা পৃথিবীর সব মানুষের কাছে পৌঁছে দিতে এখনো কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। তিনি মনে করেন, ‘সবখানে বাংলা ভাষা প্রচলন করা এখন খুবই জরুরি।’এই বাংলাদেশের মানুষের জন্য কিছু একটা করার ইচ্ছে আছে তাঁর। খোসে বলছিলেন, ‘এখান শিশুদের লেখাপড়া শেখানোর জন্য স্কুল করা ইচ্ছে আছে।’ গ্রামবাংলার গরুর গাড়ির ক্যাঁচ ক্যাঁচ শব্দ, রাখালের বাঁশির সুর, এঁকেবেঁকে বয়ে চলা অগুনতি নদী, ঝিঁঝি পোকার শব্দ—সবই পাসকে মুগ্ধ করে খুব। জানালেন, এসবের টানেই প্রতিবছর বাংলাদেশে আসতে চান তিনি। বিদায়বেলায় গেয়ে শোনালেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান—‘আমার বেলা যে যায় সাঁঝবেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে...’।