প্রিয় মঞ্চে ফেরার লড়াই করছেন ইন্দিরা
একাধারে সংস্কৃতিকর্মী ও সংগঠক তিনি। প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে সাংস্কৃতিক অঙ্গনে পদচারণা। এত কিছুর সঙ্গে জড়িত হয়েও প্রচার-প্রচারণা থেকে দূরে থাকতেই পছন্দ করতেন। তবু কিছু দিন ধরে অসুখের বিরুদ্ধে লড়াই করে খবরের শিরোনাম হচ্ছেন। চট্টগ্রামে হাজারো সংস্কৃতিমনস্ক লোকজন দিন গুনছেন কখন ইন্দিরা চৌধুরী ফিরবেন তাঁর প্রিয় মঞ্চে।বোধন আবৃত্তি পরিষদের প্রতিষ্ঠাকালীন সংগঠক ও প্রশিক্ষক এবং নাট্য সংগঠন মঞ্চমুকুটের অভিনেত্রী ইন্দিরা চৌধুরী জরায়ুর টিউমার ও মস্তিষ্কের রক্তক্ষরণজনিত জটিলতায় ভুগছেন। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৫০৫ নম্বর কক্ষে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকেরা জানান, উন্নত চিকিৎসার প্রয়োজনে তাঁকে বিদেশে পাঠাতে হবে। এ জন্য প্রচুর অর্থও ব্যয় হবে।চট্টগ্রামের যেকোনো সাংস্কৃতিক উৎসব ও অনুষ্ঠানে ইন্দিরার উপস্থিতি ছিল অনিবার্য। ডিসি হিলে পয়লা বৈশাখে নববর্ষের অনুষ্ঠান শুরু হতো তাঁর ঘোষণার মধ্য দিয়ে। সক্রিয় এই সংস্কৃতিসেবী জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ে জিতবেন, এমনটাই সবার প্রত্যাশা।ইন্দিরা চৌধুরীর পাশে দাঁড়ানোর জন্য চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সমাজবিজ্ঞানী অধ্যাপক অনুপম সেন ও নাট্যজন আহমেদ ইকবাল হায়দার স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘সর্বস্তরের মানুষের কাছে আমাদের আবেদন, আসুন আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই। ইন্দিরা চৌধুরী ফিরে আসুক মঞ্চে।’ইন্দিরা চৌধুরীকে সাহায্য করতে তাঁর মায়ের নামে খোলা হয়েছে একটি ব্যাংক হিসাব। তাঁকে সাহায্য করতে হলে, কস্তুরী রাণী চৌধুরী: ১১০.১৫১.৫৬১৭, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড এই হিসাবে নগদ টাকা অথবা চেক পাঠানো যাবে।