প্রিয়, মা-বাবা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
প্যারেন্টস লাউঞ্জের আড্ডা। ছবি: সৌরভ দাশ
প্যারেন্টস লাউঞ্জের আড্ডা। ছবি: সৌরভ দাশ
তাঁদেরও কি ইচ্ছে করে না বিকেলবেলায় সমবয়সীদের নিয়ে একটুখানি আড্ডা দেওয়ার? গান শুনে, সিনেমা দেখে, হাসি-ঠাট্টায় সন্ধ্যা কাটানোর? আর সঙ্গে যদি থাকে ফ্রি চা-কফি, ওয়াই-ফাই, ইনডোর গেমস কিংবা জরুরি চিকিৎসাসেবা, তবে তো কথাই নেই। পরিচিত হোন চট্টগ্রামের জামালখান এলাকার ‘প্যারেন্টস লাউঞ্জ’ নামের এক অনন্য উদ্যোগের সঙ্গে।

‘প্রিয় মা-বাবা, এ লাউঞ্জ আপনাদের। আমরা আপনাদের সেবায় নিয়োজিত। আপনারা নিঃসংকোচে আমাদের সেবা গ্রহণ করুন।—ইতি আপনাদের সন্তানরা।’

ঘরের দেয়ালের রং সবুজ। সবুজ দেয়ালে ঝোলানো ঘোষণাই বলে দিচ্ছে সব। ঘরে চুপচাপ মন্ত্রমুগ্ধের মতো বসে আছেন একদল মানুষ। দারুণ একটা গান হচ্ছে। গাইছেন যিনি, তাঁর নাম আনন্দ। তিনি গাইছেনও আনন্দের গান। শ্রোতারা নিবিষ্ট মনে শুনছেন। গান শেষ হলো। ছোট্ট ঘরটা সরব হয়ে উঠল হাততালির শব্দে। সামনের সারিতে আসীন বর্ষীয়ান চিকিৎসক সিরাজ উদ্দৌল্লা আবার ফিরে গেলেন স্ত্রীর সঙ্গে আলাপে। একটুখানি গান শোনা, ফাঁকে সমবয়সী ব্যক্তিদের সঙ্গে আড্ডা, বই নিয়ে নাড়াচাড়া—এতটুকু আনন্দ-খুশির জন্যই তো তিনি নিয়মিত আসেন প্যারেন্টস লাউঞ্জে। সঙ্গে স্ত্রীকেও নিয়ে আসতে ভোলেন না।

দাবা খেলায় নিমগ্ন সচ্চিদানন্দ পাল (বাঁয়ে) ও নিখিল চন্দ্র চৌধুরী
দাবা খেলায় নিমগ্ন সচ্চিদানন্দ পাল (বাঁয়ে) ও নিখিল চন্দ্র চৌধুরী

সচ্চিদানন্দের একদিন
ঘোড়াটার দিকে হাত বাড়াতে গিয়ে কী ভেবে থামলেন সচ্চিদানন্দ পাল। পাকা খেলোয়াড়ের মতো মাপলেন বিপক্ষ দলের অবস্থান। গলার মাফলারটা জড়িয়ে নিলেন আরও একবার। হুম্-জাতীয় একটা শব্দ করলেন মুখ দিয়ে। খেলায় টান টান উত্তেজনা। চালটা দেবেন কি দেবেন না? প্যারেন্টস লাউঞ্জের এক চিলতে উঠোনে জমে উঠেছে দাবা খেলা। দর্শকও জুটে গেছি আমরা কয়েকজন। সচ্চিদানন্দের উৎসাহ উসকে দিতেই বললাম, ‘খেলায় তো মনে হয় আপনিই জিতবেন? কী বলেন?’ ভেবেছিলাম শুনেই খুশিতে হো হো করে হেসে উঠবেন তিনি। উল্টো কেমন চুপসে গেলেন সচ্চিদানন্দ। ‘না না, আমি কীভাবে জিতব! আমি তো খেলার নিয়মই জানি না।’
না, সত্যি সত্যি দাবা খেলাটা এখনো ঠিক শিখে উঠতে পারেননি এই অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী। কিন্তু তাই বলে খেলায় অংশগ্রহণের আনন্দ থেমে থাকবে কেন? হারজিতে তোয়াক্কা নেই। কেবল অংশগ্রহণের আনন্দ পেতেই তাঁর নিয়মিত আসা-যাওয়া প্যারেন্টস লাউঞ্জে।
প্রিয় ঠিকানায়
লেখক বাদল সৈয়দের ফেসবুক স্ট্যাটাস থেকে পেয়েছিলাম সূত্র। মায়াভরা চেহারার প্রবীণ কিছু মানুষ বসে আছেন একটা ঘরে। ফেসবুকে কয়েক দিন পরপর আবছাভাবে দেখছিলাম স্ট্যাটাসগুলো। চট্টগ্রাম গিয়ে নতুন কিছু খুঁজতে খুঁজতে তাই সবার আগে বাদল সৈয়দকেই ফোন। শুনেই বললেন, ‘চলেন, আপনাকে একদিন নিয়ে যাই।’ আমি রাজি। খবর পেয়ে আলোকচিত্রী সৌরভ দাশ চলে এলেন পত্রপাঠ।
যেতে যেতে আলাপ বাদল সৈয়দের সঙ্গে। প্যারেন্টস লাউঞ্জের উদ্যোক্তাদের একজন তিনি। প্রবীণদের জন্য গড়ে ওঠা এই স্বেচ্ছাসেবী সংস্থাটি এখনো বলতে গেলে নবীন। কিন্তু চালু হওয়ার বছর দেড়েকের মাথায় প্যারেন্টস লাউঞ্জ হয়ে উঠেছে প্রবীণদের প্রিয় এক ঠিকানা। ৮৭ শহীদ সাইফুদ্দীন খালেদ রোড, জামালখান, চট্টগ্রাম।
কমপক্ষে ৬০ বছর বয়সী যে কেউ চলে আসতে পারেন এই ঠিকানায়। কারও জন্য বারণ নেই। বাদল সৈয়দ বলছিলেন, ‘এখানে আমাদের মা-বাবারা, আমাদের বন্ধুদের মা-বাবারা আসবেন, গল্প-গুজবে মিলিত হবেন, সমবয়সীদের সঙ্গে কয়েক ঘণ্টা আনন্দময় সময় কাটাবেন। আড্ডা দেবেন, খাওয়াদাওয়া করবেন, বই পড়বেন অথবা সিনেমা দেখবেন, গান শুনবেন কিংবা ইনডোর গেমসে ব্যস্ত থাকবেন। এই সুযোগটা তিনি পান না কোনো রেস্টুরেন্টে কিংবা পার্কে, এমনকি নিকটাত্মীয়ের সামাজিক অনুষ্ঠানেও। আমরা প্রতিদিন না পারি অন্তত সপ্তাহে এক দিন, নয়তো মাসে দুই দিন আমাদের প্রিয় স্বজনকে পিকনিক আনন্দে ভরিয়ে রাখতে চাই।’
মা-বাবার জন্য
বাদল একা নন। চট্টগ্রামের বেশ কিছু মমতাময় মানুষ এগিয়ে এসেছেন মা-বাবার বয়সী একাকী মানুষদের এই প্রিয় ঠিকানা তৈরির কাজে। তাঁদের মধ্যে আছেন সমাজকর্মী শামসুল আবেদিন, জেবা চৌধুরী, স্থপতি আশিক ইমরান। আছেন নাম প্রকাশে অনিচ্ছুক কবি বা সাংবাদিকরাও। না, নামধাম বা প্রচার—কোনো কিছুই চাওয়ার নেই তাঁদের। সংখ্যায় তাঁরা পঞ্চাশের বেশি। সবাই এককালীন ১০ হাজার টাকা জমা দিয়ে যুক্ত হন প্যারেন্টস লাউঞ্জের শুভাকাঙ্ক্ষী বা সদস্যদের দলে। এই সদস্যদের সহায়তাতেই চলে লাউঞ্জের কার্যক্রম। শুরুতে আড্ডা—বই পড়া, সিনেমা দেখা, ফ্রি ওয়াই-ফাই, চা/কফি—এসবের ব্যবস্থা ছিল।
এখন প্যারেন্টস লাউঞ্জ শুরু করেছে প্রবীণদের নানা জরুরি সেবা দেওয়াও। মা-বাবা একা বাসায়। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার লোক নেই? আছেন প্যারেন্টস লাউঞ্জের স্বেচ্ছাসেবকেরা। জরুরি প্রয়োজনে খবর পেলেই সেখানে ছুটে যাবেন তাঁরা। এই মাসে এখানে যুক্ত হয়েছে নিয়মিত মুখদের জন্মদিন পালন।
রাত আটটার মতো বাজে। বেরিয়ে যাব। সিরাজ উদ্দৌল্লা এসে হাত মেলালেন। এই বয়সেও দারুণ ধোপদুরস্ত তিনি। হাসিমুখে বললেন, ‘ছেলেমেয়েরা সব কানাডায় থাকে। ওখানে তো আমাদের মন টেকে না। দেশের মাটি খুব টানে। বিমানে একবার যাওয়ার ধকলও তো কম না। একা একা সময় কাটতে চায় না। দিন শেষে এখানে আসি। সময়টা ভালো কাটে। যতক্ষণ থাকি ওরা আমাদের মা-বাবার মতোই আদর-যত্ন করে।’
পাশেই ছিলেন মরিয়ম রহমান। বাংলাদেশ বেতারের সাড়া জাগানো শিল্পী এককালের। এখন কানে একটু কম শোনেন। মেয়ের সঙ্গে এসেছেন প্যারেন্টস লাউঞ্জে।
‘ওল্ডহোম’ অথবা বৃদ্ধাশ্রম কথাটার মাঝে কেমন যেন একটা বঞ্চনার গন্ধ থাকে। বৃদ্ধাশ্রমে ছেলেমেয়েরা হয়তো বাবা-মাকে রাখতে যান কিন্তু বিকেলবেলায় আর নিতে আসেন না। এখানে বিকেলবেলায় যে সন্তানেরা মা-বাবাকে সঙ্গে করে নিয়ে আসেন, তাঁরা মা–বাবাকে বাড়ি নিয়ে যেতে ভোলেন না।