প্রথম সেমিস্টারের ফাইনালের একটা পরীক্ষায় খুব কড়া গার্ড দিয়েছিলেন আপনি। সেদিন মনে হয়েছিল, ম্যামটা খুব খারাপ। তারপর সেকেন্ড সেমিস্টারে সেই আপনারই ক্লাস পেলাম। প্রথম দিন আপনাকে দেখে ভেবেছিলাম, অবস্থা বুঝি খুব খারাপ হবে এবার। কিন্তু সেই ভাবনাটা ছিল ভুল। ক্লাসে প্রথম দিনেই বুঝেছিলাম ড্রয়িংয়ের প্রতি আপনার আলাদা আকর্ষণ আছে। তাই আপনার ছবিটা এঁকেছিলাম। কিন্তু ছবিটা দেখে আপনার তেমন কোনো প্রশংসা না পেয়ে মনটা খুব খারাপ হয়েছিল। কিন্তু বুঝতে পারিনি, সেদিনই হয়তো আপনার মনে কিছুটা হলেও জায়গা করে নিতে পেরেছি। অবশ্য সেই জায়গার যথাযথ মূল্যায়ন আমি করতে পারিনি। কিন্তু কী করব, ম্যাডাম, ফিলোসফির কঠিন কথাগুলো আমার মাথায় যে একটুও ঢোকে না। আর সে জন্যই আপনার ক্লাসে প্রায়ই বাইরে তাকিয়ে থাকতাম। সেটাও আপনার চোখ এড়াত না।যেদিন আপনি হিউম্যানস আর ফ্রি পড়াচ্ছিলেন, সেদিনও আমি বাইরে তাকিয়ে ছিলাম। আপনি ধমক দিয়ে বললেন, ‘বাইরে তাকিয়ে কি সুন্দর মেয়েদের দেখছ? দাঁড়াও। বলো এটা কোন ধরনের ফ্রিডম?’ সত্যি ম্যাডাম, সেদিন যখন সবাই তাকিয়ে হাসছিল, খুব লজ্জা পেয়েছিলাম। হয়তো যখন আপনি আমার দিকে তাকিয়েছেন, ঠিক তখনই পাশের কোনো ক্লাস শেষ হয়েছিল। আর জানালার পাশ দিয়ে সবাই যাচ্ছিল। আপনি খুব কষ্ট পেয়েছিলেন, যেদিন মিডটার্মে আপনার সাবজেক্টে চারজন শূন্য পেয়েছিল, আর তাদের মধ্যে একজন ছিলাম আমি। আপনি সেদিন খুব রাগ হয়েছিলেন আমার ওপর। কিন্তু আমারই জন্য যখন আবার পরীক্ষার সুযোগ দিলেন, সেদিন আমি বুঝেছিলাম আমাকে কতটা ভালোবাসেন আপনি! আর সেদিন থেকেই আমার প্রিয় মানুষগুলোর মধ্যে কানিজ কাকন নামটা যোগ হলো। তবে কথা দিচ্ছি, ম্যাডাম, আপনার এই ভালোবাসার মর্যাদাটুকু রাখার যথাসাধ্য চেষ্ট করব আমি। আপনার কয়েকটা জিনিস আমার খুব ভালো লাগে। আপনার চেম্বার, সেখানে দেয়ালে লাগানো আছে বিভিন্ন বিষয়ের ওপর তোলা ছবি। আর বড় করে লেখা Just do it...। যার ভাবার্থ আমার বোধগম্য হয়নি। আর একটা জিনিস, যা আপনার শৌখিনতাকে আরও ফুটিয়ে তোলে, তা হচ্ছে পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে চশমা পরা। আমি জানি না। ম্যাডাম, লেখাটা পড়ে আপনি অবাক হচ্ছেন, হাসছেন নাকি রাগ করছেন! সত্যি বলতে কি, এই সেমিস্টার শেষে আপনাকে খুব মিস করব! তখন হয়তো আপনার সঙ্গে দেখা হবে, কিন্তু আমার প্রিয় মানুষটার ক্লাস আর কখনোই করা হবে না...!আবিরআইইউবিএটি, উত্তরা, ঢাকা