প্রিয় মানুষের কাছে গিয়ে ঈদ করার আনন্দ
আজ চাঁদরাত। আমার বাড়ি যাওয়ার কথা। কিন্তু বন্ধু আক্তার রুমে এসে আমাকে দেখে অবাক। কিরে, তুই এখনো যাসনি? বসে আছিস কেন? তোরতো এখন বাড়ির পথে গাড়িতে থাকার কথা।
আমি আর আক্তার একই রুমে কলেজ হোস্টেলে থাকি। আক্তার এবার ঈদে বাড়ি যাবে না। আনমনে মেঝের দিকে তাকিয়ে বললাম ‘যেতে পারব না, টাকা নেই’। টাকা নেই মানে? ফাজলামি করিস। সত্যি বলছি বিশ্বাস করলে কর, না করলে নাই। তোর টিউশনের টাকা কই? আর বাড়ি থেকে টাকা পাঠায়নি? তুইতো আমাদের অবস্থার কথা জানিস। কত টাকাই পাঠাতে পারে বল? তারপরও পাঠাইছিলো। ওইগুলা দান করেছি। গরিব শিশুদের ঈদের পোশাক দেওয়ার জন্য চাঁদা তুলল যে, ওইখানে।
বুঝলি বিষয়টা ভালো লাগছে যে, আমার টাকায় অন্তত একজন শিশু খুশি হবে। তবে খারাপও লাগছে বাড়ি যেতে পারছি না বলে। আর টিউশনের টাকা দিয়ে আব্বুর জন্য পায়জামা-পাঞ্জাবি আর আম্মুর জন্য শাড়ি কিনেছি। ভেবেছিলাম কিছু টাকা থাকবে। কিন্তু পরে দেখি নেই। ভালো হয়েছে, এবার বসে বসে আঙুল চোষ। শালা, ভাড়ার টাকাটা আগে আলাদা করে রাখতে পারলিনা? আর আমাদের বলিসনি কেন? এখনতো মনে হয় গাড়িও পাবিনা। যেতে হলে দৌড়ে দৌড়ে যেতে হবে।
আমি বললাম ‘জানিস আক্তার, আব্বু আজ ধার করে হলেও সেমাই-নুডলস কিনবে, আর আম্মু ওগুলো রান্না করে রাখবে আমাকে খাওয়ানোর জন্য। আব্বুর ইচ্ছে একসঙ্গে ঈদের নামাজ পড়ার। নামাজ শেষে আব্বুকে সালাম করব আর আব্বু আমাকে বুকে জড়িয়ে ধরবেন। কিন্তু আমি এখানে বসে বসে মশা মারছি। কেমন লাগে বলত? আক্তার কিছু বললনা। রুম থেকে বের হয়ে গেল। একটু পর এসে বলল, ‘চল, ব্যাগ নিয়ে বের হ। আমিতো অবাক।
‘কেন? বেশি প্রশ্ন করস তুই। যেইটা বলছি ওইটা কর তাড়াতাড়ি। আমি আর কিছু না বলে ব্যাগ নিয়ে বের হলাম। আক্তারের সঙ্গে চৌরাস্তার মোড়ে দাঁড়ালাম। অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি সব বন্ধু উপস্থিত। আক্তার সবাইকে আসতে বলেছে। এসেই রাগারাগি শুরু করল সবাই। শালা আমাদের পর ভাবোস তাইনা? টাকার জন্য বাড়ি যেতে পারছে না, কিন্তু কাউকে কিচ্ছু বলে নাই। আমরা তোর কেউ না? শালারে দুই গালে চারটা চড় দে। অনেক কষ্টে ওদেরকে শান্ত করানো গেল।
ওরা সবাই আমার যাওয়ার ব্যবস্থা করেছে। তবে ভোরে বাসায় যেতে হবে সূর্য ওঠার আগে। কি করা যায় চিন্তা করতে লাগল ওরা। পরিচিত ড্রাইভার ইকবাল মিয়ার কাছে গিয়ে দেখা গেল, উনিও মন খারাপ করে বসে আছেন। মালিক বলেছেন বেতন-বোনাস ঈদের পরে দেবেন তাই। এদিকে তার কাছে কোনো টাকা নেই। ছোট্ট বাচ্চা দুটি ঈদের নতুন পোশাকের জন্য কান্না করছে। তিনি সহ্য করতে না পেরে ঘর থেকে বেরিয়ে এসেছেন।
আক্তার ওনাকে কিছু টাকা দিয়ে বলল দ্রুত বাচ্চাদের জন্য কাপড় আর ঘরের জন্য সেমাই কিনে দিয়ে ফিরে আসেন। আসারপর ওনার মুখে হাসি আর নিশ্চিন্ত দেখাচ্ছে। তারপর আমরা রওনা হলাম। পথে বন্ধুদের ধন্যবাদ দিতেই অনেক চড়-থাপ্পড় খেলাম। তবে এই চড়-থাপ্পড় ছিল বন্ধুত্বের ভালোবাসার। ছলছল চোখে বসে রইলাম।
গাড়ি যখন আমার গ্রামের মুখে পৌঁছাল, যেখান থেকে কাঁচা রাস্তা শুরু, তখন সূর্য উঠতে শুরু করেছে। গাড়ি আর ভেতরে যাবে না। এখান থেকেই হেঁটে যেতে হবে। আমার বন্ধুরা কিছু বোঝার আগেই নেমে সঙ্গে সঙ্গেই দৌড়। বন্ধুরাও সবাই বের হল। কিছু দূর গিয়ে ফিরে তাকালাম। আমার মুখটা খুশিতে ঝলমল করছে। এই খুশি আপন জনের কাছে ফিরে আসার। এই আনন্দ প্রিয়জনের সঙ্গে ঈদ করতে পারার। বন্ধুদেরকেও আসতে বললাম। ওরাও দৌড়ে পিছু নিল আমার। পেছন ফিরে দেখি ইকবাল ভাইও আমাদের সঙ্গে দৌড়াচ্ছেন। তার মুখেও ছিল আনন্দের হাসি।