প্রিয় মুখ
ভালোবাসা ও শ্রদ্ধার নানুজান, তুমি কেমন আছ? আশা করি, আমাদের ছেড়েও ভালো আছ। আমি যখনই মন খারাপ করি, যখনই খুব বেশি কাঁদি, তখন তোমাকে খুব কাছ থেকে অনুভব করি। আজও মনে পড়ে—তুমি বলতে, আমি নাকি বড় হয়ে মায়ের মতো দুষ্টু হব। আজ মা ঠিক তোমার মতো করেই বলে, আমি নাকি ভীষণ দুষ্টু। মনে পড়ে, তুমি লুকিয়ে আমায় সেই কবে ফল, বিস্কুট আরও কত কি খেতে দিতে, যাতে মীম (মামাতো ভাই) না দেখে ফেলে। আজ কেউ তোমার মতো করে কাছে টেনে নেয় না, বুকে জড়িয়ে ধরে না। যে সময় আমি বৃষ্টিতে ভিজতাম, তুমি তোমার সুন্দর হাতখানি বাড়িয়ে দিতে অঝোর বৃষ্টির ধারাতে, আর হারিয়ে যেতাম অন্য কোনো জগতে। তুমিই সে, যে প্রথম হাতে হাত রেখে হাঁটতে শিখিয়েছিলে। নানুজান, জানো, আজও যখন বৃষ্টি হয়, আমি আনমনা হয়ে যাই সেই পুরোনো স্মৃতি মনে করে। আমি আজও পুরোনো স্মৃতিগুলো হাতড়ে বেড়াই। আজও যখন আকাশে হাজারো তারা দেখি, তখন শুধুই তোমাকে খুঁজে বেড়াই সেখানে।আজ তোমার সেই ছোট্ট খুকী অনেক বড় হয়েছে। সে তোমাকে নিয়ে অনেক কবিতা লেখে। নানুজান, তুমি কি আমার কবিতা শুনবে না? আজ ভীষণ মনে পড়ছে—তোমার যে আমার হাতের চা খেতে খুব ভালো লাগত। আমি ভোর থেকেই তোমার জন্য তিন কাপ চিনি দিয়ে চা বানাতাম। আর মনে পড়ে তোমার সেই চা খাওয়ার ‘চুক চুক’ জাতীয় শব্দগুলো। নানুজান, আমায় মাফ করে দাও। আমি লুকিয়ে নানাজানকে মিষ্টি এনে দিতাম। তুমি কি রাগ করতে, লক্ষ্মী নানুজান? এই রাগের কারণেই কি তুমি আমায় ছেড়ে চলে গেছ? নাকি আদৌ তুমি আমাকে কখনো ভালোবাসনি? আমি তোমায় খুব-খুব-খুব ভালোবাসি, লক্ষ্মী নানুজান। ও আমার নানুজান, তুমি কেবল একটিবার ফিরে এসো, একটু আদর করে কথা বলো, বুকে জড়িয়ে ধরো, একটু খাইয়ে দাও, আমি তোমায় খুব-খুব-খুব ভালোবাসি, নানুজান। তুমি আমায় কখনো ভোলো না, লক্ষ্মী নানুজান।রিয়া, ঠিকানা পাওয়া যায়নি