
দিনগুলোতে আলাদা কোনো রং ছিল না। একইভাবে যাচ্ছিল চলে। সকাল-দুপুর-সন্ধ্যা-রাত সব একই রকম; সাদা-কালো। এখন তোমার মনে পড়বে কি না জানি না, কিন্তু ঠিক এমনই একটি বৈশিষ্ট্যহীন দিনেই তোমার সঙ্গে প্রথম দেখা হয়েছিল। প্রথম দেখায় মনে হয়েছিল, কেমন যেন একটা মন খারাপ তোমার। চোখজোড়া পৃথিবীর শেষতম দিনটার মতো বিষণ্ন! তোমাকে হাসানোর জন্য দুটো কৌতুক বললাম। শুনে হাসলে তো না-ই বরং এমনভাবে তাকালে—কী আর বলব!
আমার তখন কোনো কিছুরই ঠিক নেই। সব এলোমেলো। খেলে ক্ষুধা লাগে না, ঘুমোলে চোখে নানা অবাস্তব চিন্তা—সে এক বিতিকিচ্ছিরি অবস্থা। জীবন লক্ষ্যহীন, অর্থহীন। তুমি বোধ হয় একনজরেই বুঝে নিলে ব্যাপারটা। তোমার করণীয় ঠিক করে ফেললে মুহূর্তেই। জানতে চাইলে, আচ্ছা এই জনপদে বৃষ্টি না হলে কী হয়?
ব্যস, এই একটা প্রশ্নেই বদলে গেল আমার সবটুকু। কোনো এক মহান চিকিৎসক যেন নিরাময় করলেন আমার ‘উদ্দেশ্যহীন’ নামক রোগের। শরীরে ঢুকিয়ে দিলেন ‘লক্ষ্য’ নামক এক সঞ্জীবনী সুধা। এই জনপদে বৃষ্টি না হলে কী হয় সেটা জানার জন্য আমি পথে নামলাম।
তারপর এই নগরের প্রত্যেক পথে আমি হেঁটে দেখেছি এতটা সময় ধরে। প্রতিটি মানুষের চোখের দিকে; হৃদয়ের দিকে তাকিয়ে দেখেছি। অবশেষে খুঁজে পেয়েছি তোমার প্রশ্নের উত্তর। জানতে চাও উত্তরটা?
কী?
সে জানতে চাইল আমার চোখে তার সেই অবিস্মরণীয় বিষণ্ন চোখ দুটির দৃষ্টি ফেলে।
এই জনপদে বৃষ্টি না হলে তেমন কিছুই হয় না। শুধু কেউ কবিতা লেখে না। আর তুমি এই হাত বুলিয়ে রংধনু আঁকো না ওই নীলিমার বিশাল ক্যানভাসে। বললাম তার হাতটা আমার হাতের মুঠোয় তুলে নিয়ে।
কিন্তু আমার হাতে আঙুল তো পাঁচটা। তাহলে এই হাতে সাত রং আমি কীভাবে আঁকি? দুষ্টুমি মাখা স্বরে জানতে চাইল সে।
বললাম, বাকি দুটো রং তোমার দুই চোখ থেকে আসে যে।
তাই বুঝি! বলে খুব হাসল সে। কেটে গেল তার চোখের প্রাচীন বিষণ্নতা। সবুজ ও নীল রঙের সমুদ্র হয়ে উঠল চোখ দুটো। এই প্রথম তাকে আমি হাসতে দেখলাম। আর জানলাম প্রিয় রংধনু দেবী প্রকৃতই আমাকে যেটা জানাতে চেয়েছিল—এই জনপদে বৃষ্টি না হলে মানুষ মানুষকে ভালোবাসে না।