আমি তাসকিয়া, ভিকারুননিসা নূন স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়ি। আমার মা আমাকে খুব ভালোবাসেন। ঠিক তেমনি আমার শ্রেণী-শিক্ষিকা, নাম শুকলা দে। তিনিও আমাকে খুব ভালোবাসেন। আমরা সবাই ডাকি শুকলা মিস। তাঁর মতো শিক্ষক আমি এর আগে দেখিনি। প্রতি ক্লাসেই শ্রেণী-শিক্ষক পেয়েছি। কিন্তু তাঁর মতো না। তিনি এত ভালো। তাঁর মতো শিক্ষক যদি সব স্কুলে অন্ততপক্ষে একজন থাকতেন, তাহলে কোনো ছেলেমেয়ে আর পড়ালেখায় খারাপ করত না। শুকলা মিস আমাদের মায়ের মতো ভালোবাসেন। আর সব সময় বলেন, ‘তোমরা সবাই আমার মেয়ে।’ তাহলে কে না পেতে চায় এমন শিক্ষক? তিনি মার্জিত, শান্ত ও বুদ্ধিমতী। আমার মনে হয়, মিস একজন জাদুকর। কারণ, যখনই আমরা তাঁর কাছে কোনো সমস্যা নিয়ে যাই, তিনি সব ধরনের সমস্যা, দুঃখ হুট করে গায়েব করে দেন! আর মুখে তো হাসি সব সময় থাকবেই। আমি কখনো কোনো শিক্ষককে নিয়ে কিছু লিখিনি কিন্তু এবার না লিখে পারলাম না। কারণ, আমি শুকলা মিসকে অনেক, অনেক, অনেক ভালোবাসি ও শ্রদ্ধা করি। শুধু আমিই না, ক্লাসের সবাই—হুমা, মিম সবাই ভালোবাসে তাঁকে। আমি মিসকে বলতে চাই, ‘আমরা আপনাকে অনেক ভালোবাসি শুকলা মিস।’তাসকিয়া আলমচতুর্থ শ্রেণীভিকারুননিসা নূন স্কুল।