প্রিয়জন ফিরে আসার আনন্দ

সারা দিনই ব্যস্ত আলিয়া বেগম। আত্মীয়স্বজনে বাসা ভরপুর। তার ওপর আশপাশের গ্রাম থেকেও মানুষ আসছেন হেলাল উদ্দিনকে এক নজর দেখতে। অতিথি অ্যাপায়নে তাই একটু ব্যস্তই দেখা গেল এই গৃহকর্ত্রীকে।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের গজারিয়া গ্রামে হেলালের বাসায় যখন পৌঁছাই তখন প্রায় দুপুর। আধা পাকা টিনের ঘরটির ভেতর তখন ঘুমিয়ে ছিলেন তিনি। স্ত্রী ও সন্তানের ডাকাডাকিতে একসময় বাইরে বেরিয়ে এলেন। বাইরে তখনো ২০-২৫ জনের মতো মানুষ জড়ো হয়েছিলেন।
দুঃসহ সেই স্মৃতি হেলাল উদ্দিনকে এখনো তাড়া করছে। কী হয়েছিল জানতে চাইতেই তাই চুপ করে থাকলেন কিছুক্ষণ। পরে স্ত্রী আর মেয়ের অনুরোধে ধীরে ধীরে বলতে শুরু করলেন তাঁর কাহিনি।
অভাবের সংসারে সচ্ছলতা আনতে ২০০৫ সালের জুলাই মাসে তিনি লিবিয়ায় যান। সেখানে শ্রমিকের কাজ শুরু করেন। পাঁচ বছর কাজ করার পর তিনি দেশে ছুটিতে আসেন। গত বছর ছুটি কাটানোর পর গত জুন মাসে আবারও তিনি লিবিয়ায় চলে যান। এবার আল-ঘানি তেলক্ষেত্রে ইলেকট্রিশিয়ানের কাজ শুরু করেন তিনি। সেখানে যাওয়ার ১০ মাস পর তিনি আইএসের হাতে অপহৃত হন।
আলিয়া বেগম বলেন, ‘আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম। মানুষটা যে আমাদের মধ্যে ফিরে এসেছেন, সে জন্য হাজারো শুকরিয়া।’
হেলাল তখন শূন্য দৃষ্টিতে তাকিয়ে। এ সময় তাঁর বড় মেয়ের শ্বশুর দৌলতুজ্জামান বলেন, ‘আমার বেয়াইয়ের অপহরণের খবর শুনে আমার বেয়াইনসহ ছেলেমেয়েরা সবাই নাওয়া-খাওয়া ছেড়েই দিয়েছিল।’
আলিয়া বেগম কিছু বলেন না। যে মানুষটিকে আর ফিরে পাবেন বলে ভাবেননি, সেই মানুষটি এখন তাঁর কাছে আছে, এর চেয়ে বড় শান্তির কিছু নেই। আবার কি ফিরে যাবেন লিবিয়ায়—জানতে চাইতে বিষণ্ন গলায় হেলাল জানান, আর মন টানে না। পারলে তিনি দেশেই থেকে যেতে চান। প্রিয় মুখগুলো নিয়েই পার করতে চান বাকি দিনগুলো।