প্রিয়তমেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষার বৃষ্টিতে ভিজতে ভিজতে কিছুক্ষণ আগে বাসায় ফিরলাম। ভেবেছিলাম, বৃষ্টি হবে না, আর হলেও হবে সামান্য। তাই আকাশে একটু একটু করে কালো মেঘ জমতে শুরু করছে দেখেও ছাতা হাতে নিয়ে বের হইনি। কিন্তু এমন মুষলধারে বৃষ্টি হবে চিন্তা করিনি। তুমি আজ কাছে থাকলে নিশ্চিত বকা খেতে হতো। ইস! কেন যে তুমি নেই? তোমার আদর মাখানো বকা খেতে আজ ভীষণ ইচ্ছে করছে।আমি আজ হাতে করে দুটি কদম ফুল নিয়ে এসেছি। রাস্তার পাশে তিনটি ছেলে অনেক কদম ফুল নিয়ে হইচই করছিল। ফুলগুলো দেখতেই তোমার কথা ভীষণ মনে পড়তে লাগল। তাই দুটি ফুল চেয়ে আনলাম। জানো, কদম ফুলকে না আমার খুব আপন মনে হয়। এই কদম ফুলের জন্যই তো আমি তোমাকে প্রথম দেখতে পেয়েছিলাম, অনুভব করতে পেরেছিলাম তোমার মায়াবী চোখের স্নিগ্ধতা। আচ্ছা, তোমার কি মনে আছে সেই দিনটির কথা? সেদিন আমার মনটা ভীষণ খারাপ হয়েছিল। তাই পার্কের বেঞ্চে বসে আনমনা হয়ে দেখছিলাম দীঘির জল, উড়ন্ত পাখির অবাধ ছুটে চলা, আর ভাবছিলাম জীবনের সুখ-দুঃখের মুহূর্তগুলোর কথা। কিন্তু হঠাৎ ভাবনার মধ্যে ছেদ পড়ল শোরগোল শুনে। দেখলাম, কয়েকটা ছেলে হাতে অনেক কদম ফুল নিয়ে হইচই করছে। কেন যেন তাদের দুরন্তপনা আমার খুব ভালো লাগল। তাই নীরব দর্শক হয়ে তাদের ছেলেমানুষি দেখতে লাগলাম মনোযোগ দিয়ে। কিন্তু অবাক হলাম হঠাৎ আসা একটি মেয়েকে দেখে। নীল শাড়ি পরা মেয়েটি হাসি হাসি মুখ করে তাদের কাছে কদম ফুল চাইছিল। প্রথমে রাজি না হলেও পরে তাদের মধ্যে একজন একটি কদম ফুল তুলে দিল তার হাতে। মেয়েটিও পরম আনন্দে তা গুঁজে নিল তার খোঁপায়।জানো, কদম ফুলের এমন অপার সৌন্দর্য পলকহীন চোখে আমি প্রথম দেখেছিলাম তোমার খোঁপায় গোঁজা ওই একটি ফুল থেকে। তাই কদম ফুলের সঙ্গে মিশে আছে তোমাকে প্রথম দেখার স্মৃতি।তোমাকে তারপর দেখেছিলাম একটি স্কুলের সামনের রাস্তার পাশে ঠিক এক সপ্তাহ পর। সেদিন তুমি দাঁড়িয়ে ছিলে একটি বিশাল জামগাছের তলায়। বর্ষার অঝোর ধারা থেকে নিজেকে বাঁচাতে তুমি কত চেষ্টাই না করছিলে। কিন্তু পারছিলে না। হঠাৎ কী যেন মনে করে তুমি এলে ফাঁকা রাস্তার মাঝখানে। দুই হাত শূন্যে মেলে ধরে ভিজতে লাগলে দুই চোখের পাতা বন্ধ করে। আমি রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে তোমার পাগলামি দেখছিলাম অবাক আর বিস্মিত চোখে।আচ্ছা, তুমি সেদিন বৃষ্টির জলে কী খুঁজে পেয়েছিল? তোমাকে কতবার জিজ্ঞেস করেছি, কিন্তু তুমি প্রতিবার আমাকে এর উত্তর দিয়েছ শুধু মায়াবী হাসি ঝরিয়ে। আর আমি তোমার মন মাতানো হাসিতে আত্মহারা হয়ে এ প্রসঙ্গ ভুলে গেছি বারবার।তোমার সঙ্গে প্রথম কীভাবে কথা বলেছিলাম, তা কি তোমার মনে আছে? সেদিন আমি বৃষ্টির কারণে একটু তাড়াহুড়ো করেই ট্রেনে উঠেছিলাম। তারপর সিটের কাছে পৌঁছে কাঁধের ব্যাগটা রেখে বসতেই খুব অবাক হয়েছিলাম। হঠাৎ কোত্থেকে যেন বিদ্যুতের ঝলক এসে খেলা করল শরীরজুড়ে। কিছুক্ষণের জন্য যেন মনে হচ্ছিল—কল্পনা। কিন্তু যখন নিজেকে নিজের মধ্যে খুঁজে পেলাম, তখন বুঝলাম, না, সত্যিই দেখছি। তুমি বসে ছিলে ঠিক আমার পাশের সিটে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে মনোযোগ দিয়ে দেখছিলে বৃষ্টিভেজা প্রকৃতি। হঠাৎ কী যেন মনে করে তাকালে আমার দিকে। আমি একদম ভ্যাবাচেকা খেয়ে গেলাম। তাই সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিলাম দরজার দিকে। আবার যখন তাকালাম তোমার দিকে, দেখলাম, তুমি বাঁ হাতটি জানালা দিয়ে বাড়িয়ে স্পর্শ করছ বৃষ্টির জল। হঠাৎ আমি কোনো কিছু না ভেবেই বোকার মতো বলে উঠলাম, প্লিজ, জানালার বাইরে হাত নেবেন না। এ কথা শুনেই তুমি হাত ভেতরে নিয়ে এলে। আমার দিকে একপলক তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিলে জানালার বাইরে।তোমাকে প্রথম দেখা, তোমার সঙ্গে প্রথম কথা বলা—সবকিছুর সঙ্গেই মিশে আছে বর্ষার রিমঝিম বৃষ্টির জল। তাই বর্ষার অবিরাম ধারা আমার মনকে স্পর্শ করে ভীষণ। যে তুমি শিখিয়েছিলে দুজনে মিলে কীভাবে অঝোর বৃষ্টিতে বর্ষণের গান শুনতে হয়, কীভাবে রঙিন প্রজাপতির ডানায় অবাক করা সৌন্দর্য খুঁজে নিতে হয়, কীভাবে নীল আকাশের বুকে সাদা মেঘের উড়ে চলা দেখতে হয়, কীভাবে জ্যোৎস্নার রুপালি আলোয় মায়ার পরশ খুঁজে নিতে হয়, কীভাবে জোনাকির ক্ষীণ আলোয় মনের মধ্যে ভালো লাগার পরশ বোলাতে হয়, সেই তুমি কীভাবে চলে গেলে আমাকে একা করে? কেন তুমি সৃষ্টিকর্তার কাছে জোর মিনতি করে চাইলে না আরও কিছু কাল? ভীষণ জানতে ইচ্ছা করে, ওই না ফেরার দেশে একা একা তুমি কি খুব আনন্দে আছ?রফিকুল হাসানউত্তর গয়ামবাগিচা, কুমিল্লা।