প্রিয়তমেষু
আশিক একটু সময় নিয়েই অফিস থেকে বের হয়। চারদিকে এখনো আলো। গ্রীষ্মের দিনগুলো বড়, বেশ একটা বাড়তি সময় সূর্যকে কাছে পাওয়া যায়। প্রকৃতি যেন হেসে গড়িয়ে পড়ে এই সময়। আশিক হাঁটতে হাঁটতে পুরোনো শহরের বড় রাস্তাটার মাঝে এসে দাঁড়ায়। প্রায়ই সে অফিস ছুটি হলে এখানে আসে। রাস্তাটা সরু হলেও পুরোনো শহরের এটাই বড় রাস্তা। রাস্তার এক মাথা শেষ হয়েছে বাজার চত্বরে, অন্য দিকটা গেছে ম্যালারেনের পাড়ে। রাস্তার দুই পাশে ছোট দোকান। কোনো কোনো দোকানের দরজা ছোট ও নিচু, মাথা নুইয়ে ঢুকতে হয়। দোকানগুলোর ভেতর হরেক সামগ্রী। রাস্তার মাঝের দোকানটিতে অনেক ভিড়। চমৎকার নাম, ‘শান্তি, প্রেম ও আইসক্রিম’। দোকানের ভেতর থেকে একটা মিষ্টি গন্ধ আসছে। আশিকের নাকে এসে লাগে। নামটি এত বড় ও অদ্ভুত কেন, আশিক জানে না। ভেতরে দোকানি মেয়েটি মাথা গুঁজে আইসক্রিম বানিয়ে কুল পাচ্ছে না। দোকানের পাশ দিয়ে একটি রাস্তা পেছন দিকে চলে গেছে বাজার চত্বরে, এখানেই নোবেল মিউজিয়াম। পর্যটকদের ভিড়। গ্রীষ্মে বিদেশি পর্যটকে রাস্তা ভরে যায়। তারা যা দেখে, খুবই আগ্রহ নিয়ে তাকিয়ে দেখে। পাথরের সরু রাস্তাটা দিয়ে ওর হাঁটতে ভালো লাগে। কোনো গাড়িঘোড়া নেই। কত দিনের পুরোনো পথ, কে জানে! হয়তো পাঁচ-ছয় শ বছরের। একটা রোমাঞ্চ অনুভব করে আশিক। আগে এই রাস্তা দিয়েই রাজা-বাদশারা যেতেন। আশিক সংসদ ভবনের দিকে এগিয়ে যায়। রাস্তার শেষ মাথায় ডান দিকে রাজবাড়ি। রাস্তা পার হয়েই ছোট একটা পাথরের সাঁকো। সাঁকোর ওপারেই সংসদ ভবন, বিশাল ভবনটি ছোট একটা দ্বীপে। পাশ দিয়ে বয়ে যাচ্ছে ম্যালার লেক, লেকটি গিয়ে মিশেছে বাল্টিক সাগরে। জায়গাটা খুবই অপূর্ব। এখানে এলেই আশিক যেন কেমন হয়ে যায়, পদ্মার কথা মনে পড়ে, কত দিন দেখা হয় না!সাদা কাশফুল দেখেছেন?কে যেন ফিসফিসিয়ে বলে ওঠে। চমকে এদিক-ওদিক তাকায় আশিক। পাথরের সাঁকোর ওপর কেউ নেই। মাথার ওপর দিয়ে একঝাঁক বুনো হাঁস উড়ে যায়। আশিক মাথা তুলে হাঁসের ঝাঁক দেখে। সাঁকোর ওপর পড়ন্ত বিকেলের হাওয়া। মাঝেমধ্যে গল্প লেখে আশিক। তবে নিজেকে গল্প বা লেখক হিসেবে দাবি করে না। সে তো আর গল্পকার নয়, তবে দু-একটা মাঝেমধ্যে পত্রপত্রিকায় ছাপা হয়। কোনো কোনো সম্পাদক গল্পের শেষে আশিকের মেইলটাও ছাপিয়ে দেন। গল্পের ভালো লাগা না-লাগা নিয়ে অনেক পাঠক-পাঠিকাই মেইল পাঠান, মতামত জানান। আশিক ছোট করে হলেও উত্তর দেয়। আর কিছু না হোক, তারা তো কষ্ট করে লেখাটি পড়েছে, সেটার মূল্য তো দিতে হবে! ঊর্মির মেইলটা এভাবেই আসে। মুগ্ধ পাঠিকার ছোট মেইল। আশিক উত্তর দেয়। প্রত্যুত্তর আসতে দেরি হয় না। হঠাৎ করেই অনুযোগের সুরে মেইল আসে, ‘আপনি কি নির্লিপ্ত মানুষ? আমি যা লিখি শুধু সেটারই উত্তর দেন!’ মেইলটা যেন আশিককে একটা ধাক্কা দেয়। এমন করে কেউ তো অনুযোগ করে না!বিজ্ঞানের প্রভূত উন্নতির সঙ্গে সঙ্গে ই-মেইলেও নতুন সংযোগ হয়েছে।ই-মেইলে গেলেই দেখা যায়, ওপাশে কে কে অনলাইনে আছে। সেদিন হঠাৎ করেই দেখতে পায় ঊর্মির নাম। কত হাজার মাইল দূরে ওপাশে অপেক্ষা করছে! নামটায় ক্লিক করতেই ঊর্মির মেসেজ আসে, ‘কেমন আছেন? নির্লিপ্ত বলায় রাগ করেছেন নাকি?’ আশিক অবশ্য রাগ করেনি, তবে ধাক্কা খেয়েছিল। ‘না’ উত্তর পাঠায় আশিক। এভাবেই জানা হয়ে যায়, বিশ্ববিদ্যালয়ের শেষ পর্বের পরীক্ষা দিয়ে ফলাফলের জন্য অপেক্ষা করছে ঊর্মি। ঊর্মির প্রচুর অবসর। আশিক ভাবে, এটা হয়তো মেয়েটির অবসর বিনোদন। মেসেজ আসে, ‘আপনি কী ফুল পছন্দ করেন? আমি কাশফুল।’ আশিক জানায়, ‘রজনীগন্ধা।’ মেসেজ আসে, ‘আমি খোঁপায় পরলাম।’ আশিক আবারও একটা ধাক্কা খায়। এভাবে কেউ বলে? আশিক জানায়, ‘আপনার যদি আপত্তি না থাকে তবে মোবাইল ফোন নম্বরটা পাঠাতে পারেন।’ ফিরতি মেইলেই নম্বর চলে আসে। কম্পিউটার স্ক্রিনে নম্বরটা দেখে ভয় পায় আশিক। সতর্ক করে নিজেকে। সে তো এমনি এমনি লিখেছিল। নম্বরটা ভুলও তো হতে পারে? আর যদি সত্যি হয়? ভয়ে শরীর কাঁটা দিয়ে ওঠে। ভাবতে পারে না আশিক। মোবাইল নম্বরটা বৃত্তের মতো পেঁচিয়ে ধরে তাকে। আশিক জানায়, ‘ফোন করলে কী বলব, তুমি না আপনি?’ উত্তর আসে, ‘তুমি বলতে পারেন, তবে তুই না।’ আশিক চমকে ওঠে, জানায়, ‘আজ নয় কাল করব।’ ‘অপেক্ষায় থাকব’, ওপার থেকে উত্তর আসে ঊর্মির।ভাবতে ভাবতে পরদিন অফিসে আসে আশিক।অফিসে আসতেই চোখ নাচিয়ে আইরি জানায়, ‘বস ডেকেছেন, ভেতরে চলে যাও।’ আশিকের ওপরওয়ালা পিটার লরসনের সেক্রেটারি আইরি। পিটার লরসন ওপরওয়ালা হলেও ব্যবহারে প্রকাশ পায় না, তবে সবাই তাঁকে সমীহ করে চলে। লরসনের ঘরে যাওয়ামাত্র বলেন, ‘কাল একটা মিটিং আছে ফিনল্যান্ড ব্রাঞ্চে। ওটা সেরে আস, আইরির কাছ থেকে কাগজপত্র বুঝে নিয়ে যাও।’ পিটার লরসনকে কিছু বলতে সাহস হয় না আশিকের। আইরির কাছে আসতেই হাতে ধরিয়ে দেয় প্রয়োজনীয় কাগজপত্রসহ একটি ফাইল আর বিমানের টিকিট, বলে, ‘এখন বাসায় যাও, সকালে ফ্লাইট।’তিন দিন পর আজই ফিরেছে আশিক।তিন দিনে অনেকটা সময় পার হয়ে গেছে। অফিস থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে ম্যালার হ্রদের পাথরের সাঁকোটার ওপর এসে দাঁড়ায়।মনটা কেমন করে ওঠে। তা কি কথা না রাখার বেদনা, নাকি অন্য কিছু? হাঁসের ঝাঁক পাখা ঝাপটে মিলিয়ে যায় দিগন্তে। হ্রদের জল ছুঁয়ে ছুটে আসে বেলা শেষের বাতাস।ওদিকে ঊর্মি জানালা দিয়ে নদীটা দেখে।নদীর পাড়জুড়ে কাশবন। সাদা কাশফুল বাতাসে দোল খায়। অপেক্ষার পালা শেষ হয় না। ঊর্মির চোখ বেয়ে নেমে আসে জল।লিয়াকত হোসেন, স্টকহোম, সুইডেন।