হঠাত্ অ্যালার্ম শুনে ঘুম ভাঙতেই অবাক হলাম। এ কী! মোবাইল ফোনে অ্যালার্ম দিয়ে রাখল কে? ঘড়ির দিকে তাকালাম। সকাল সাতটা। দুই চোখ একটু কচলিয়ে ভালোভাবে তাকালাম; কিন্তু তুমি নেই। অবাক হলাম। যে তুমি রোজ সাতটায় নিজে ডেকে আমার ঘুম ভাঙাও, সেই তোমার কাজটা আজ করল মোবাইল ফোনটি?আমি বিছানা ছেড়ে খাবার ঘরটা দেখার পর রান্নাঘরে গেলাম। কিন্তু না, তুমি নেই। এরপর বারান্দায় গেলাম, কিন্তু পেলাম না। এবার আমার মনের অস্থিরতা একটু একটু করে বাড়তে শুরু করল। অনেকটা দৌড়ে এসে মোবাইল ফোনটা হাতে নিয়ে তোমার মোবাইল নম্বরে ডায়াল করলাম। কিন্তু এ কী! তোমার মোবাইল ফোনে সংযোগ দেওয়া সম্ভব নয় বলে অপর প্রান্ত থেকে জানিয়ে দেওয়া হলো যান্ত্রিক কণ্ঠস্বরের মাধ্যমে। শুনে আমার দুই পা যেন শক্ত হতে শুরু করল। আমি হাঁটার শক্তি অনেকটা হারিয়ে ফেললাম। হঠাত্ মনে ভেসে উঠল গত রাতের কথা। গতকাল রাতে তোমার আমার মাঝে কথাকাটাকাটি হয়েছিল। বিষয়টা ছিল সেই পুরোনো। আমার গুছিয়ে রাখার অভ্যাস নেই কেন? অফিস থেকে ফিরে এসে শার্ট-প্যান্ট, জুতা-মোজা কেন ঘরের এদিক-সেদিক এলোমেলো করে ফেলে রাখি? কেন আমি এই বদ-অভ্যাস বদলাচ্ছি না? কথাকাটাকাটির একপর্যায়ে আমি রাগের মাথায় বলেছিলাম, ‘আমি নিজেকে বদলাতে পারব না। একসঙ্গে থাকতে হলে এই অগোছালো স্বামীকেই সহ্য করে যেতে হবে জীবনভর।’ কিন্তু তুমি আমার এ কথাটিকে এতটা গুরুত্ব দেবে, বুঝতে পারিনি। রাগের মাথায় তো মানুষ কত কিছুই বলে, তাই না? এরপর আমি তীব্র উত্কণ্ঠা নিয়ে তোমার মা-বাবা, আত্মীয়স্বজন, বন্ধুদের বাড়িতে এক এক করে ফোন করলাম। কিন্তু না, তুমি কোথাও নেই। এবার আমার মনের অস্থিরতা বেড়ে গেল ভীষণভাবে। আমার চিন্তাশক্তি ধীরে ধীরে কমতে শুরু করল। শুধু একটি কথাই অদৃশ্য মনটা বলে যেতে লাগল বারবার, ‘আমি আর কোথায় খুঁজব তোমাকে? কোথায় গেলে তোমাকে পাব?’হঠাত্ আমার মনের পর্দায় ভেসে উঠল পৌর পার্কের সে জায়গাটির কথা, যে জায়গায় পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে তিনটি দেবদারুগাছ। যখন তোমার মন খুব খারাপ থাকে, তখন তুমি মাঝেমধ্যে সে জায়গায় গিয়ে একান্তে কিছু সময় কাটাও। আমি আর দেরি না করে পা বাড়ালাম তোমার সেই প্রিয় স্থানটির উদ্দেশে। দেবদারুগাছগুলোর কাছাকাছি পৌঁছেই আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মনের অস্থিরতাও এক নিমিষে স্বাভাবিক হয়ে গেল। আমি অবাক চোখে দেখলাম, তুমি আকাশ নীল শাড়ি পরে সবুজ ঘাসের ওপর বসে আছ আর তোমাকে পরম যত্নে ছায়া দিয়ে যাচ্ছে দেবদারুগাছগুলো। আমি ধীরপায়ে এগিয়ে গেলাম তোমার কাছে। তোমার পাশে গিয়ে দাঁড়াতেই তুমি মায়াবি দৃষ্টিতে আমার দিকে তাকালে। এরপর একটু হেসে ডান হাতটি বাড়িয়ে দিলে আমার দিকে। হালকা সাজেই অসাধারণ হয়ে ওঠা তোমার চেহারার দিকে আমি পলকহীন চোখে তাকিয়ে আছি দেখে একটু অনুরাগের সুরে বললে, ‘শুধু কি তাকিয়েই থাকবে, নাকি একটু বসবে আমার পাশে?’ আমি তোমার বাড়ানো হাতে হাত রেখে পাশে বসলাম। হাত না ছেড়েই বললাম, ‘আচ্ছা, তুমি একটু জানিয়ে আসবে না? আমি তো টেনশনে মরেই যাচ্ছিলাম।’ তুমি আমার মুখে তোমার হাত আলতোভাবে স্পর্শ করে বললে, ‘চুপ করো তো। আজ এসব কথা বোলো না।’ এই বলে তুমি তোমার পাশে রাখা ব্যাগ থেকে একটি চকলেট কেক আর ছোট ছুরি বের করে আমার চোখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে বললে, ‘নিন সাহেব, এই ছুরিটা দিয়ে কেকটা কাটুন।’ আমি কোনো কথা না বলে কেকটা কাটলাম। তুমি মৃদুস্বরে বলে উঠলে, ‘হ্যাপি বার্থ ডে টু ইউ, হ্যাপি বার্থ ডে টু ডিয়ার স্বামী, হ্যাপি বার্থ ডে টু ইউ।’ আমি হতভম্ব হয়ে তোমার দিকে তাকিয়ে ছিলাম কিছুক্ষণ। হঠাত্ তুমি বলে উঠলে, ‘এবার কেকটা একটু খাওয়াও তো, সেই সাতসকালে কিছু না খেয়ে বের হয়েছি।’ আমি নির্বাক দৃষ্টিতে তোমার দিকে কেকটির এক টুকরা বাড়িয়ে ধরলাম। দুই বছর আগের পুরোনো ডায়েরিটা হাতে নিয়ে এটুকু পড়তেই আমার দুই চোখ নোনাজলে ভরে উঠেছে। হূদয়কে চুপিসারে আঁকড়ে ধরেছে অজানা-অদৃশ্য কোনো কিছু। আর তাতে তীব্র কষ্টে ভরে উঠেছে আমার বুক। আচ্ছা, তুমি আমাকে এমনিভাবে একা করে চলে যেতে পারলে? ওই না-ফেরার দেশে থেকে কী সুখ পাচ্ছ তুমি? আমার মতো অগোছালো স্বামীকে আরও কিছুকাল সহ্য করলে তোমার কী এমন ক্ষতি হতো? জানো মিরা, এখন আমি খুব গোছালো হয়ে গেছি। অফিস থেকে ফিরে এসে শার্ট-প্যান্ট, জুতা-মোজা গুছিয়ে রাখি। তোমার তিলতিল করে সাজানো ঘরদোর আমি আর নোংরা হতে দিই না। তুমি কি জানো, আজও তোমার জন্য অসীম ভালোবাসায় সিক্ত হয় আমার হূদয়। প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত তুমি আছ আমার অন্তরে, আমার মননে, আমার কল্পনায়। এমনিভাবে আমার ভালোবাসার ভুবনে তুমি থাকবে চির অমলিন, আমৃত্যু। রফিকুল হাসানকুমিল্লা সদর, কুমিল্লা।