>

সম্প্রতি বাগদান পর্ব সারলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস। শিগগিরই বাজবে বিয়ের বাদ্য। নিক জোনাসের চেয়ে প্রিয়াঙ্কা ১১ বছরের বড়। এই বিয়ে যদি আমাদের দেশে হতো তাহলে নিকের পাশের বাসার ‘ভাবি’ কিংবা ‘আন্টি’রা কী মন্তব্য করতেন, ভেবেছেন সোহাইল রহমান
ভাবি ১ : নাহ্, বর-বউরে মানায় নাই। হীরার টুকরা ছেলেটা বিয়ে করল এক বুড়িকে! ছি ছি! মেয়ে আবার বিয়ের দিন ফিক ফিক করে হাসছে। লাজ-শরম বলে তো একটা ব্যাপার আছে, নাকি? ছি ছি!
ভাবি ২ : দেখেন ভাবি, মেয়ের ফ্যামিলি তো ফকিরের ফ্যামিলি। গয়নাগাটি কিসস্যু দেয় নাই! হাত-গলা সব খালি। ছি ছি ছি! আমরা তো কাজের মেয়ের বিয়ে দিলেও খালি গলায় শ্বশুরবাড়ি পাঠাই না। এ কোন ফ্যামিলির মেয়ে নিয়ে আসতেছে আমাদের নিক! আমি আগেই বলছিলাম, যারা ৩৫ বছর পর্যন্ত মেয়েকে বিয়ে না দিয়ে ঘরে বসিয়ে রাখতে পারে, তারা মানুষ হিসেবে সুবিধার না। মেয়ের মাকে দেখেই বুঝছি। বিরাট শেয়ানা মহিলা। মেয়েরে এমন ছলাকলা শিখাইছে যে সে আমাদের বাচ্চা ছেলেটার মাথা খেল। তাবিজ করছে নির্ঘাত।
ভাবি ১ : আরে, সংসার তো আমরাও করছি। আপনার ভাইয়ের সঙ্গে যখন আমার বিয়ে হয় তখন আমি ক্লাস এইটে পড়ি। আপনার ভাই ২০ বছরের বড় ছিল আমার চেয়ে। বর বউয়ের চেয়ে বড় না হলে তো সংসারে সুখ আসে না।
ভাবি ২ : হ্যাঁ ভাবি, ঠিকই বলছেন। তার ওপর মেয়ের গায়ের রং তো চাপা। এত আটা-ময়দা মেখেও ছেলের চেয়ে কালো লাগতেছে। গত সপ্তাহে আমার মামাতো ভাইয়ের বিয়ে খেয়ে এলাম, বউয়ের গায়ের কালার একেবারে দুধে-আলতা! এত ফাইন মানাইছে বর আর বউকে, কী বলব ভাবি! আর আমাদের নিক কী মেয়ে যে নিয়ে এল বিদেশ থেকে! আফসোস! ক্যান, আমাদের দেশে কি মেয়ের অভাব ছিল?
ভাবি ৩ (প্রিয়াঙ্কার পক্ষের) : ভাবি থামেন, আপনাদের ছেলেও বিরাট রসগোল্লা না। ছেলেদের আবার কালো-ফরসা কী? বিসিএস ক্যাডার হলে তা-ও মানতাম। আপনার মামাতো ভাই কাস্টমসে চাকরি করে। বিসিএস দিয়ে ঢুকেছে। সে দুধে-আলতা বউ পাবে না তো আপনাদের নিক পাবে? যা হয়েছে তাতে শুকরিয়া আদায় করেন। আমাদের মেয়ে গুণবতী আছে। রান্নার হাত অসাধারণ। প্রিয়াঙ্কার হাতে ছোট মাছ দিয়ে পাটশাকের চচ্চড়ি খেলে জীবনে ভুলতে পারবেন না।
ভাবি ১ : থাক, হইছে। বউ নিয়ে আমরা তো অখুশি না। ছেলে নিজে পছন্দ করছে; সে খুশি থাকলে আমরাও খুশি। আপনাদের মেয়েকে বলে দিয়েন, আমরা যেন তাড়াতাড়ি বাচ্চাকাচ্চার মুখ দেখতে পারি। বয়স তো আর কম হয় নাই। এই বয়সে আমাদের ছেলে-মেয়ে স্কুল-কলেজে পড়ত।