প্রিয়াসীর স্মৃতি কাঁদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতের আলোর ঝড়টা কমে আসছে, বাতিগুলোও ভোরের আলোয় কিছুটা ম্লান যেন। রাতের উত্সবে মাতোয়ারা নির্ঘুম চোখগুলোতে বিষণ্নতার ছোঁয়া। সানাইয়ের সুরে বিদায়ের বারতা। সবাইকে চোখের জলে ভাসিয়ে স্বামীর ঘরে চলে গেল বাড়ির মেজ মেয়ে প্রিয়াঙ্কা। দিনটা ছিল ৬ ফেব্রুয়ারি। ঠিক এক বছর আগেও এ বাড়ি ভেসেছিল চোখের জলে। কিন্তু সেদিনের কান্না আর আজকের মধ্যে অনেক তফাত। আজ চোখে আনন্দ, কিন্তু সেদিন ছিল আহাজারি। সেদিন ১২ ফেব্রুয়ারি ২০০৯। এ বাড়ির বড় মেয়ে শান্তা চক্রবর্তী লাশ হয়ে ফিরেছিল বান্দরবান থেকে। একা নয় আরও আট সহপাঠী ও অভিভাবকদের সঙ্গে। চট্টগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষাসফরের বাস দুর্ঘটনায় নিহত সাত শিক্ষার্থীর জন্য সেদিন কেঁদেছিলেন সহপাঠী আর পাড়া প্রতিবেশীরা। শান্তা ছিলেন অর্থনীতির ছাত্রী। বিয়ের কথাবার্তা চলছিল তাঁর। শান্তার বান্ধবী প্রিয়াসী মুত্সুদ্দির তো বিয়ের তারিখই ঠিক হয়ে গিয়েছিল। ২০০৯ সালের ৮ মার্চ ছিল বিয়ের দিন। তার আগে বাসন্তী রঙের শাড়ি পরে বসন্ত উত্সবে গান করার কথা ছিল রক্তকরবীর এই শিল্পীর। হয়তো ডিসি হিলের সেই উত্সবে হবু স্বামীও উপস্থিত থাকতেন। কিন্তু সব কেড়ে নিল একটি দুর্ঘটনা।প্রিয়াসী গান গাইতেন। বান্দরবানের পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে যাওয়া বাসের নিচে দুই দিন পর পাওয়া গিয়েছিল তাঁর লাশ। কান্নার রোল উঠেছিল সেদিন হেমসেন লেনের প্রিয়াসীদের বাড়িতে। আলমারিতে থরে থরে সাজানো প্রিয়াসীর সম্মানসূচক স্মারক, সনদ আর গানের যন্ত্রপাতি আজও তেমনি আছে। হয়তো কিছুটা ধুলোমলিন। ‘বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড়জোর এক বছর।’ কবির এই বাণী সত্যি যথার্থ। স্বজনেরা না হোক অন্তত মানুষের মন থেকে কি ম্লান হয়ে যাচ্ছেন সেদিনের সেই শান্তা, প্রিয়াসী, পাপড়ি, কপিল, ফারজানা, সোলেয়মান, ফাহমিদা হাসানেরা? নইলে কেন তাঁদের প্রিয় বিদ্যাপীঠ চট্টগ্রাম কলেজের সহপাঠীরা বন্ধু-স্মরণে ভীত, তারা কি নতি স্বীকার করছে মৌলবাদী গোষ্ঠীর কাছে! ছোট বোনেরা বললেন, তাঁদের বড় বোন শান্তা বইয়ের পোকা ছিলেন। ডায়েরি লিখতেন। ‘অতীতের দরজাগুলো বন্ধ করে দাও’ ডেল কার্নেগির এই উক্তি খুব প্রিয় ছিল তাঁর। সেই উক্তির মতোই অতীত আজ বিস্মৃত। তবে ভুলতে কি পারবেন পরিবার পরিজন। প্রিয়াঙ্কার বিয়ের রাতে, উত্সবের রাতেও তাঁর মা লাকি চক্রবর্তী মনে করিয়ে দিলেন ‘আগামী ১২ ফেব্রুয়ারি আমার শান্তার...’ ভুলতে পারেননি বড় মেয়ের স্মৃতি। রেশমা সুলতানা দীপা তো বড় কঠিন স্মৃতি নিয়ে বেঁচে আছেন। এই দুর্ঘটনায় তিনি হারিয়েছেন তাঁর মা দিলারা ও বাবা সিদ্দিকুর রহমানকে। সেদিনের দুঃসহ রাতের কথা ভুলতে কি পারবেন কোনো রকমে প্রাণে বেঁচে যাওয়া ফরহাদ, আমজাদ, হোসেন, তুহিন, রাশেদ, ডেইজি, সৌমেনেরা। এখনো স্বজন হারানোর বেদনায় কাতর তাঁরা। দুর্ঘটনার কথা মনে পড়লে এখনো আঁতকে ওঠেন। এভাবেই নীরবে ১২ ফেব্রুয়ারির পরদিন এসেছে বসন্ত উত্সব। সেই উত্সবে ছিলেন প্রিয়াসীরা, স্বজন ও সহপাঠীদের স্মৃতিতে, রক্তকরবীর গানে, রক্তজবা হয়ে।