প্রীতি ক্রিকেট ম্যাচ

১৭ মার্চ ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বন্ধুসভার মধ্যে লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মাঠে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। টস পর্বটি পরিচালনা করেন লেদার ইঞ্জিনিয়ারিং বন্ধুসভার সভাপতি ফারহান কবির। দলনেতা রায়হান টসে জিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার দলনেতা রশীদুল হাসানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান। ইনিংসের শুভসূচনা করেন রাশেদ ও সুদীপ। ১৮ রান করার পর সুদীপ সাজঘরে ফিরে যান। মাঠে আসেন ভাস্কর দেব। শুরু হয় চার-ছক্কার ঝড়। রাশেদ ৩৪ রানে আউট হলে মাঠে নেমে পড়লেন দলনেতা। শেষপর্যন্ত ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৩৪ রান। বিরতির পর ১৩৫ রানের টার্গেট নিয়ে লেদার বন্ধুসভার রায়হান ও আশিষ ইনিংস শুরু করেন। প্রথমে চাপে পড়ে যায় লেদার বন্ধুসভা। ৬ ওভার শেষে রান তোলে ৩ উইকেট হারিয়ে ২৯। রায়হান রানের চাকা সচল রাখেন। শেষ ১৮ বলে দরকার ছিল ৩০ রান, বাকি ছিল ৪ উইকেট। ১৪তম ওভারে ১টি উইকেট হারালেও তাঁরা রান পান ১৯। শেষ পর্যন্ত ম্যাচ চলে যায় চরম উত্তেজনায়, ৩ বলে ৪ রান। রায়হান ৪ হাঁকালেন, লেদার বন্ধুসভার ৩ উইকেটে জয়।