প্রীতি ম্যাচে স্বর্ণযুগের ফুটবলাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিরচেনা মাঠে অনেক দিন পর আবার পা পড়েছিল তাঁদের। একসময়কার প্রিয় সবুজ আঙিনায় আবারও ফুটবল নিয়ে মেতে উঠেছিলেন স্বর্ণযুগের ফুটবলাররা। স্বাধীনতা দিবসে মঙ্গলবার এম এ আজিজ স্টেডিয়ামে সোনালী অতীত ক্লাবের এই ফুটবলারদের মিলনমেলা বসেছিল। উপলক্ষ প্রীতি ফুটবল ম্যাচ। প্রতিপক্ষ বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) চট্টগ্রাম। উপস্থিত ছিলেন বিএসজেএ ঢাকার সভাপতি সাইদুজ্জামান ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান শামীমও। উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দিন। এ সময় বিএসজেএ চট্টগ্রামের সভাপতি শাহনেওয়াজ রিটন ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।সোনালী অতীত ক্লাবের কথাতেই আসা যাক। একসময়ের মাঠ কাঁপানো ফুটবলার সব। যাঁদের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আশীষ ভদ্র। তিনি খেলেননি। তবে সেরা ১১তে কে কে খেলবেন তা নির্ধারণ করে দিয়েছেন আশীষ ভদ্র। সাবেক তারকাদের মধ্যে কে ছিলেন না ওই দলে! আবাহনীর মো. আলী মিলন, মোহামেডানের আলমগীর, কাস্টমসের হাফিজুর রহমান, শাক্যপদ বড়ুয়া, সেই সময়ের তুখোড় গোলরক্ষক ইসমাইল কুতুবী, নওজোয়ানের সালাহউদ্দিন, মো. আলম প্রমুখ। খেলা শুরুর আগে ঘণ্টাখানেক জিমন্যাসিয়ামে অনুশীলনও করেছেন সোনালী অতীতের পুরোনো এসব তারকা ফুটবলার। আগের সেই বয়স, ক্ষিপ্রতা না থাকলেও এখনো পুরোনো সেই দিনের ড্রিবলিং, পাসিং ফুটবল, স্কিলিং কোনো অংশে কম দেখা যায়নি।প্রতিপক্ষ বিএসজেএ দলেও ছিলেন অতীতে এসব তারকা ফুটবলারের কীর্তি পত্রিকায় তুলে ধরা সাংবাদিকেরা। তমাল চৌধুরী, জাকির হোসেন, দেবাশীষ বড়ুয়া, সাইফুল্লাহ চৌধুরী প্রমুখ। একসময় মাঠে তাঁদের খেলা দেখে পত্রিকার মাধ্যমে পাঠকদের কাছে সংবাদ পৌঁছে দিতেন এসব সাংবাদিক। কিন্তু সেদিন প্রীতি ম্যাচে মুখোমুখি হন সেই তারকাদের।সম্প্রীতির সুবাস ছড়িয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে অমীমাংসিত থেকে যায়। কিন্তু একটি দীর্ঘশ্বাস তো ঝরেছেই সোনালি অতীত সদস্যদের। তাঁদের সময়ের ফুটবল আর বর্তমান সময়কার দর্শকখরার ফুটবল! যোজন ব্যবধান। তখন ছিল উপচে পড়া ভিড়, ফুটবল নিয়ে মারামারি, হানাহানি আর এখন দর্শকশূন্য স্টেডিয়ামে ফুটবল।