পটিয়ার সুচক্রদণ্ডীর চিকিৎসক অন্নদাচরণ খাস্তগীর ছিলেন ব্রাহ্মসমাজের নেতা। ১৮৭৬ সালে তাঁর তৃতীয় কন্যা বিনোদিনীর বিয়ে হয়েছিল চন্দনাইশের জমিদার, দানবীর যাত্রামোহন সেনের সঙ্গে। যাত্রামোহনেরই ছেলে কলকাতা আদালতের বিখ্যাত ব্যারিস্টার, দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত। ১৯০৬ সালে বিনোদিনীর মৃত্যু হয়। যাত্রামোহন সেন স্ত্রীর স্মৃতির উদ্দেশে প্রায় চার একর জমির ওপর প্রতিষ্ঠা করেন একটি বিদ্যালয়। স্ত্রীর বাবার নামে প্রতিষ্ঠিত ওই বিদ্যালয়টিই আজকের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এটাকে উচ্চইংরেজি মানের বিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য জমি ও দোতলা বাড়ি দান করেন যাত্রামোহন। ১৯০৭ সালে মাত্র তিন ছাত্রী নিয়ে যাত্রা শুরু করা সেই বিদ্যালয়ে এখন শিক্ষার্থীর সংখ্যা দুই হাজার ১০০, আর শিক্ষক আছেন ৫৩ জন। ২০০৭ সালে শতবর্ষ পূর্ণ করা ওই বিদ্যালয়ের কৃতিত্ব শুধু শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা দিয়ে পরিমাপ করা যাবে না। ১০০ বছরেরও বেশি সময় ধরে সারা ভারতবর্ষে আলো ছড়াচ্ছেন খাস্তগীরের ছাত্রীরা, কখনো শিক্ষার মশাল জ্বেলে, কখনো বিপ্লবের। ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্নিকন্যা, মাস্টারদা সূর্য সেনের সহযোগী প্রীতিলতা ওয়াদেদ্দার ও কল্পনা দত্ত, ভারতের বিশিষ্ট বিজ্ঞানী শোভনা ধর, শিক্ষাব্রতী প্রণতি সেন, সাহিত্যিক মৈত্রয়ী দেবী, রাজনীতিবিদ আইভি রহমান, ভাস্কর নভেরা আহমেদ প্রমুখ এ বিদ্যালয়ের ছাত্রী। শুরু থেকে বিভিন্ন পরীক্ষার ফলাফলে সেরা বিদ্যালয়ের মধ্যেই ছিল ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়। গত কয়েক বছরে সেরাদের সেরার তালিকায়ও ছিল এটি। ২০১০ সালের এসএসসি পরীক্ষায় ৩২৩ জন ছাত্রীর মধ্যে ৩২১ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৩১ জন। পাসের হার ৯৯ দশমিক ৩৮।ইতিহাস থেকে বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষিকা কে ছিলেন তা জানা যায়নি। তবে ১৯২৭ সালে ছিলেন সুরমা বিশ্বাস, এটা জানেন বিদ্যালয়ের বর্তমান শিক্ষিকারা। ১৯৬৪ সালে বিদ্যালয়ে দুই পালা চালু হয়। তখন ছাত্রীনিবাস ছিল, ফলে দূর থেকেও মেয়েরা পড়তে আসত। ১৯৮৭ সালে নানা প্রতিকূলতায় বন্ধ হয়ে যায় এটি। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসমত জাহান জানান, ‘মূল ভবন বেশ কয়েকবার সংস্কার করা হয়। সর্বশেষ ২০০৮ সালে চুনকাম করা হয়েছিল। এখন মূল ভবনের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। দ্বিতীয়তলা ক্লাসের অনুপযোগী হয়ে পড়েছে। অন্য ভবনগুলো ৪০-৫০ বছর আগের তৈরি। ছাত্রীসংখ্যা বেড়ে যাওয়ায় নতুন পাঁচতলা ভবন নির্মাণ করা হচ্ছে।’ গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেল বিশ্ব শিশু দিবস উপলক্ষে পঞ্চম শ্রেণীর ছাত্রীদের আঁকা ৫০টি ছবির প্রদর্শনী চলছে মিলনায়তনে। ওই দিনই বিশ্ব শিক্ষক দিবসে নবম শ্রেণীর ছাত্রীরা নিজেদের বানানো কার্ড ও ফুল দেন শিক্ষকদের। নবম শ্রেণীর ছাত্রীরা বলল কিছু সমস্যার কথা। ‘বিদ্যালয় ছুটির পর গাড়ির জন্য অপেক্ষা করতে হয়। ফুটপাতের ওপর অস্থায়ী দোকান বসায় চলাচলে সমস্যা হয়।’ বলল সানজানা আলম। নাহিদা হান্নানের কথা—‘পদার্থ ও রসায়নবিজ্ঞানের ব্যবহারিক ক্লাস করতে সমস্যা হয়, কারণ অধিকাংশ যন্ত্রপাতি পুরোনো ও ভাঙা।’ ফারহানা হোসেন অভিযোগ করেন, ‘দেড় বছর ধরে মাঠে ইট, বালু, সিমেন্ট ও রড পড়ে আছে। ফলে ছাত্রীরা মাঠে খেলতে পারে না।’ প্রধান শিক্ষিকা হাসমত জাহানও বললেন, ‘বিদ্যালয়ে বড় একটি মিলনায়তন দরকার। কারণ ছাত্রীর সংখ্যা অনেক বেশি। অনুষ্ঠানে সবাই বসতে পারে না।’ ২০০৭ সালের ডিসেম্বরে তিন দিনব্যাপী শতবর্ষ উৎসব উদ্যাপিত হয়। উৎসবের আনন্দধারায় শামিল হয়েছিলেন সাবেক ছাত্রী ও ব্যাংকার সানজিরা নূর চৌধুরী। তিনি বলেন, ‘শতবর্ষ উৎসবে অনেক বিখ্যাত ব্যক্তি এসেছিলেন। তাঁরা স্মৃতিচারণ করেন, বয়স ভুলে মেতে ওঠেন নৃত্যের ছন্দে, সুরের আনন্দে। প্রথম দিন রাতে সংগীতানুষ্ঠানের আয়োজন করেন সাবেক ছাত্রীরা। দ্বিতীয় দিন রাতে গান করেন ক্লোজআপ-ওয়ান তারকা ও সাবেক ছাত্রী নিশিতা বড়ুয়া ও অরিন। সমাপনী উৎসবও ছিল জাঁকজমকপূর্ণ।’ শতবর্ষী বিদ্যালয়ের গৌরবে উচ্ছ্বসিত ছাত্রীরা। নবম শ্রেণীর সানজিদা মেহজাবিন বলল, ‘অনুষ্ঠান এত সুন্দর হয়েছিল যে আমার আফসোস হচ্ছিল কেন অন্তত ৫০ বছর আগে জন্ম নিলাম না। তাহলে আমিও অনুষ্ঠানে অংশ নিতে পারতাম।’তবে কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, ‘বিপ্লবী প্রীতিলতা ও কল্পনা দত্তের স্মৃতিতে উজ্জ্বল এই বিদ্যালয়ে তাঁদের কোনো স্মৃতিচিহ্ন নেই, তাঁদের জন্ম ও মৃত্যুর দিনগুলোও পালিত হয় না। তাঁরা আমাদের স্বাধীনতা আন্দোলনের অগ্রসৈনিক। তাঁদের বিপ্লবী জীবন নিয়ে চলচ্চিত্র হচ্ছে বলিউডে, কিন্তু বিপ্লবীদের ভুলে গেছে বিপ্লবতীর্থ চট্টগ্রাম।’