প্রীতিলতা হলে প্রীতিলতার জন্মশতবার্ষিকী পালন
ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আত্মোৎসর্গকারী প্রথম নারী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মশতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৫ মে সন্ধ্যায় অনুষ্ঠানের সূচনা হয় প্রীতিলতার স্মরণে কেক কেটে এবং শত মোমবাতি প্রজ্বালন করার মধ্য দিয়ে। হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ কামরুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত উপাচার্য মো. আলাউদ্দিন। স্বাগত বক্তব্য দেন জ্যেষ্ঠ আবাসিক শিক্ষক নির্মল কুমার সাহা। প্রীতিলতার জীবনী পাঠ করেন মিলনায়তনের আবাসিক শিক্ষক লায়লা খালেদা। আবাসিক ছাত্রীদের পক্ষে বক্তব্য দেন হাসিনা ফেরদৌসী। প্রধান অতিথি বীরকন্যা প্রীতিলতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য ছাত্রীদের প্রতি আহ্বান জানান। হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ কামরুল হুদা বলেন, প্রীতিলতার স্মরণে আগামী দিনে বিভিন্ন অনুষদের মেধাবী ছাত্রীদের শিক্ষাবৃত্তি এবং মিলনায়তনের ছাত্রীদের নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এএফ রহমান হলের প্রাধ্যক্ষ এস এম মনিরুল হাসান, সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, শহীদ আবদুর রব হলের প্রাধ্যক্ষ রাশেদ উন নবী, মাস্টারদা সূর্য সেন হলের প্রাধ্যক্ষ তপন কুমার নাথ, আকতার হোসেনসহ হলের আবাসিক শিক্ষক ও ছাত্রীরা।