প্রীতিলতাকে চেনে না শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রীতিলতা ওয়াদ্দেদার। ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে দুঃসাহসিক অভিযানে নেতৃত্ব দিয়েছেন। আত্মাহুতি দিয়ে কাঁপিয়ে দিয়েছেন ইংরেজ শাসনের ভিত। ১৯১১ সালের ৫ মে চট্টগ্রামে জন্ম নেওয়া এই অগ্নিকন্যা লেখাপড়া করেছেন তৎকালীন ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ে। প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেছেন অপর্ণাচরণ মিডল প্রাথমিক বিদ্যালয়ে। কিন্তু এই বিদ্যালয় দুটির শিক্ষার্থীরা প্রীতিলতা সম্পর্কে তেমন কিছুই জানে না।গত সোমবার বিকেলে ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ছুটির পর দশম শ্রেণীর কয়েকজন ছাত্রীর সঙ্গে এ বিষয়ে কথা হয়। তারা জানায়, ‘প্রীতিলতার নাম শুনেছি, কিন্তু তাঁর সম্পর্কিত কোনো ইতিহাস বা তথ্য আমরা জানি না। তবে তিনি যে এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, সেটা জানি।’প্রীতিলতার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে বিদ্যালয়ে কোনো অনুষ্ঠান হয় না বলে জানাল তারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসমত জাহান বলেন, ‘প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতি রক্ষার্থে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে তাঁর একটি ছবি বিদ্যালয়ের অডিটোরিয়ামে বাঁধাই করা আছে।’তবে ছাত্রীদের প্রীতিলতার সাহসিকতার কথা জানানো অত্যন্ত জরুরি বলে মনে করেন প্রধান শিক্ষিকা। তিনি বলেন, বিদ্যালয়ে প্রীতিলতা স্মরণে এবার থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে।জানা গেছে, ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ই ছিল প্রীতিলতার প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯১৮ সালে তিনি এ বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শুরু করেন। ১৯৩২ সালে কলকাতার বেথুন কলেজ থেকে বিএ পরীক্ষা দিয়ে আসার পর তিনি তৎকালীন সময়ের অপর্ণাচরণ মিডল প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে যোগদান করেন, যা বর্তমানে অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় নামে পরিচিত।অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীরাও বীরকন্যার বিষয়ে তেমন কিছু জানে না। খুব অল্পসংখ্যক ছাত্রীই প্রীতিলতার জন্ম, কর্ম, সংগ্রাম এবং আত্মদান সম্পর্কে বলতে পারল। যারা জানে তাদের জানাটাও খুব ভাসা ভাসা। জানা গেছে, এ যাবৎ প্রীতিলতাকে নিয়ে স্মরণানুষ্ঠান হয়নি এ বিদ্যালয়ে। দেখা যায়নি স্মৃতি সংরক্ষণের কোনো চিহ্ন। বিদ্যালয়ের কোথাও নেই প্রীতিলতার কোনো পরিচিতি কিংবা জীবনী। তবে বিদ্যালয়ের মাঠের মাঝখানে ১৯৪৬ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত দায়িত্বে থাকা প্রধান শিক্ষিকা প্রণতী সেনের প্রতি সম্মান জানিয়ে একটি স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে। বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী মারিয়া আক্তার, সুপ্রিয়া, নুজাত ফাইরুজ এবং আরও অনেকে বলতে পারল না প্রীতিলতা সম্পর্কে। তাদের মধ্যে কেউ কেউ বলল, একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী নারী মুক্তিযোদ্ধার নাম প্রীতিলতা। বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষিকা পলি রাণী শীল বলেন, ‘গত বছর সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের নিয়ে প্রীতিলতার জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে। বিদ্যালয়ের নিজ উদ্যোগে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। প্রীতিলতা সম্পর্কে পাঠ্যপুস্তকে কোনো অনুচ্ছেদ নেই। সে কারণে এ প্রজন্ম্নের শিক্ষার্থীরা প্রীতিলতাকে চেনে না।’বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষিকা গীতা চৌধুরী জানান, ‘একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বিদ্যালয়ের অনেক দলিল-দস্তাবেজ হারিয়ে গেছে। তাই প্রীতিলতা সম্পর্কিত অনেক তথ্যই সংরক্ষণ করা যায়নি।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতা বেগম জানান, ‘এই বছরেই আমি প্রধান শিক্ষিকার দায়িত্ব নিয়েছি। এ যাবৎ তাঁর স্মৃতি রক্ষার্থে তেমন কিছু করা হয়নি। বিদ্যালয়ের প্রকাশিত ম্যাগাজিনগুলোতে মাঝে মাঝে তাঁকে নিয়ে লেখা হয়। তবে বিদ্যালয়ের জন্য তাঁর একটি প্রতিকৃতি তৈরি করা হচ্ছে। এবার থেকে নিয়মিত তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করা হবে।’