প্রীতিলতাকে জানেন না প্রীতিলতা হলের ছাত্রীরা
আপু, একটু কথা বলতে পারি?হ্যাঁ, বলুন।আপনি তো প্রীতিলতা হলে থাকেন।হ্যাঁ।জানেন, উনি কে?তিনি একটু ভাবলেন। তারপর বললেন, ‘আমি ঠিক জানি না। তবে খুব সম্ভবত চট্টগ্রামের কোনো একটা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। হলে তাঁর জীবনী আছে, কিন্তু কোনো দিন পড়া হয়নি।’ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্নিকন্যা প্রীতিলতা সম্পর্কে এটুকুই বলতে পারলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের ৪১১ নম্বর কক্ষের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী লীনা খন্দকার। তিনি কক্ষে ডাব্লিং (যৌথভাবে) থাকেন। প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী হাসিনা ফেরদৌসীও তেমন কিছু জানেন না প্রীতিলতা সম্পর্কে। শুধু জানেন বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ব্রিটিশবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। জন্ম চট্টগ্রামে। ছাত্রীনিবাসের প্রবেশপথের দেয়ালে প্রীতিলতার জীবনী ও প্রতিকৃতি টাঙিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতাযুদ্ধে প্রথম আত্মোৎসর্গকারী নারী প্রীতিলতা সম্পর্কে তাঁর নামেই গড়া হলের ছাত্রীরা খুব কমই জানেন। জানার তেমন আগ্রহও নেই অনেকের। অথচ উদ্বোধনের আগে প্রীতিলতার নামে হলের নামকরণ নিয়ে একটি মৌলবাদী ছাত্রসংগঠন জংলি কর্মসূচি পালন করে। আজ ৫ মে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মশতবার্ষিকী। পটিয়ার ধলঘাটের দক্ষিণ সমুরায় শত বছর আগে জন্ম নেওয়া প্রীতিলতা ব্রিটিশবিরোধী সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন প্রিয় মাতৃভূমি মুক্ত করার জন্য। অথচ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের ছাত্রীদের অনেকেই বীরকন্যা সম্পর্কে জানেন না তেমন কিছু। হাতেগোনা কয়েকজন কেবল প্রীতিলতার জন্ম, কর্ম, সংগ্রাম ও আত্মদান সম্পর্কে বলতে পারলেন।নৃবিজ্ঞান বিভাগের ছাত্রী রুবিনা আমীন বলেন, ‘চার বছর ধরে হলে আছি কিন্তু যাঁর নামে হলের নামকরণ করা হয়েছে, তাঁকে নিয়ে কর্তৃপক্ষের কোনো আয়োজন আমি দেখিনি। প্রবেশপথে প্রীতিলতার পরিচিতি ও প্রতিকৃতি লাগিয়ে দায়িত্ব শেষ করেছে কর্তৃপক্ষ।’ ২০১০ সালের ২৩ সেপ্টেম্বর ছাত্রীরা তাৎক্ষণিকভাবে প্রীতিলতার আত্মাহুতি দিবস পালন করার উদ্যোগ নেন। হলের প্রবেশদ্বারে রাখা প্রতিকৃতির নিচে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে এ বিপ্লবীকে স্মরণ করা হয়। আবাসিক ছাত্রী ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রচার ও প্রকাশনা সম্পাদক রুচি ভট্টাচার্য জানান, ‘হল কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নিলেও আমরা প্রতিবছরই প্রীতিলতার জন্মবার্ষিকী ও আত্মাহুতি দিবস পালন করি। এ উপলক্ষে দেয়ালিকা প্রকাশ ও হলের মেয়েদের নিয়ে পাঠচক্র করি।’প্রীতিলতা হলের প্রাধ্যক্ষ মো. কামরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘গত বছর দেশের বাইরে থাকায় কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারিনি। তবে ২০ হাজার টাকা ব্যয়ে প্রীতিলতার জীবনী ও প্রতিকৃতি হলের প্রবেশপথে টাঙিয়েছি। ছাত্রীরা যাতে প্রীতিলতার কর্মে অনুপ্রাণিত হয়, সে জন্য জন্মশতবার্ষিকীতে হলের ছাত্রীদের মধ্যে ভালো ফলাফলের জন্য পুরস্কার ও আলোচনা সভা আয়োজনের চিন্তা করছি।’ উল্লেখ্য, ১৯৯৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রীতিলতা হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৯৯৭ সালের ২৮ ডিসেম্বর উপাচার্য আবদুল মান্নান এ হলটির উদ্বোধন করেন।