প্রীতিলতার আঙিনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘড়িতে তখন সন্ধ্যা সাতটা। পপি, কণা, রুনা, ঝুমা প্রায় দৌড়াতে দৌড়াতে এসে ঢুকলেন হলে। সঙ্গে সঙ্গেই লিটন দাদু ঝুপ করে আটকে দিলেন গেটটা। সেদিনের মতো আর খুলবে না এ ফটক। সান্ধ্য আইনের গল্প শুনেছেন অনেকেই, তাই না? এখানেও মানা হয় এই আইন। কোথায়? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলোতে। আজ অবশ্য আপনাদের শুধু প্রীতিলতা হলের গল্পই বলব। বাইরে তখন সন্ধ্যা হয়ে এসেছে। পাহাড় ছুঁয়ে আঁধার নেমেছে। নিশ্চুপ প্রকৃতিতে তখনো কোলাহল। প্রীতিলতার ক্যানটিনের ছাদে তখন চায়ের কাপে উঠছে ধোঁয়া। রাখি, কণা, সাথী, আনা তখন রেলিংয়ে পা ঝুলিয়ে বকবক করে যাচ্ছেন একটানা। হলের সামনের দিকের এ ছাদের অংশের একটা মজার নাম আছে।সবাই বলে ‘লাভ নাই চত্বর’। তবে মেয়েরা ‘কোনো কাজ হবে না’ অর্থে বোঝায় আর ছেলেরা ‘ভালোবাসা নেই’ অর্থে বোঝে। প্রথম বর্ষে ভর্তি হওয়া পাপিয়াকে এভাবেই বলছিলেন হলের পুরোনো ছাত্রী তামান্না। হলের একটু দক্ষিণ পাশে রয়েছে হতাশার মোড়। দুনিয়ার তাবৎ হতাশাগ্রস্ত মানুষের আড্ডা জমে এখানে সন্ধ্যার দিকে।এবার শুনুন হলের ভেতরের খবর। প্রাণিবিজ্ঞানের তিথি এখন কী করছেন জানেন? মুরগির কঙ্কাল বানাচ্ছেন। পপি অবশ্য খুব খুশি। কারণ, তিথি সব মাংস ওকে দিয়ে দিয়েছেন। উনি মাংস আর চাল-ডাল নিয়ে আয়োজন করছেন রান্নার। তিথি খুব মজার মেয়ে। অদ্ভুত শখ আছে তাঁর। প্রায় ৩০ ধরনের পোকা আছে তাঁর সংগ্রহে। ওদিকে পান্না দিলেন আরেক খবর। দুটো খরগোশ এসেছে তাঁদের পাশের ১৪০ নম্বর রুমে। সাদা সাদা আদুরে খরগোশটা বেশ ভালো লেগে গেছে তাঁর। ৩৪২-এর পপি আবার গাছ লাগাতে বেশ পছন্দ করেন। রুমের সামনেই তাঁর খুদে নার্সারি। প্রতিদিন বিকেলে পরিচর্যা চলে গাছের। ও আচ্ছা, একটা কথা কিন্তু বলাই হয়নি। আমরা কিন্তু প্রজাপতির পাখায় বাস করি। কি, চমকে উঠেছেন নিশ্চয়ই? আসলে আমাদের হলটা প্রজাপতি আকৃতির। উত্তর আর দক্ষিণ পাশের পাখা হচ্ছে দুটি বিল্ডিং, মাঝে টিভিরুম, ক্যানটিন, ল্যাব। ডাইনিং রুমটা হচ্ছে মূল প্রজাপতির দেহ। হলের উত্তর পাশে বেশ চমৎকার একটা খেলার মাঠ, টেনিস কোট, ভলিবলের মাঠ রয়েছে। এ জন্যই মনে হয়, এ হলে বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়ের সংখ্যাটাও বেশি। সানজিদা, লাকি, শারমিন, সালেহা, পপি এ হলের নামকরা খেলোয়াড়। খেলার পাশাপাশি এ হলের মেয়েরা কিন্তু সংস্কৃতিচর্চাও করেন। মাঠের ঘাসে বা খোলা ছাদে মৌসুমী আর দিশার গান কে না শুনেছে।বর্ষা তো গিটার বাজিয়ে ব্যাপক গান। তন্বী গান জানেন না, তবে গানের সঙ্গে নাচতে বেশ ভালোই জানেন। হলে আদিবাসী ছাত্রীরাও থাকেন। ওঁরা বেশ ভালোই মিশে গেছেন সবার সঙ্গে। সকালের নাশতা সবাই ক্যানটিনে সারেন। তবে রসনাবিলাসীরা কিন্তু রুমেই হিটারে রান্না করে বেশ আয়োজন করেন। কয়েক দিন পরপরই পিকনিক করেন রুমা, পপি, ঝুমা, পান্নারা। রান্না চড়িয়ে শুরু হয় গল্পগুজব। বিদ্যুৎ চলে গেলে অবশ্য বেশ বিপদে পড়েন তাঁরা। কষ্ট করে নিচতলার গ্যাসে রান্না সারতে হয়।আমাদের হলের সামনের দিকে রয়েছে গেস্ট রুম। মা-বাবার জন্য এ রুমটি বলা হলেও মূলত গেস্ট বলতে বন্ধুরাই আসেন এখানে। তবে এ রুমটি স্বপন, শরীফ, লিটন দাদুদের খুব পছন্দ। কারণ, রাতে বেশ মজা করে এ রুমের সোফায় ঘুম দেন তাঁরা। হলটা পাঁচতলার। চারতলার অর্ধেক ছাদ। ছাদটা খুব পছন্দ মিতুুর। তিন পাশে পাহাড়ঘেরা ছাদ। মাঝেমধ্যে মেঘও ছোঁয়া যায় এখান থেকে। রাখি প্রায় রাতেই উদাসী হয়ে বসে থাকেন এখানে। অনেক বেশি সুন্দরের মধ্যেও অনেক সময় কষ্ট উঁকি মারে। তাই মনে হয় তানির। এত সুন্দরের মধ্যেও ওঁর মনটা প্রায়ই খারাপ হয়ে যায় বাসার জন্য। মা-বাবা ও ছোট্ট ভাইকে প্রতিদিন দেখতে ইচ্ছে করে ওঁর। আমাদের জন্য রয়েছে শপিং বাস। শুধু মেয়েদের জন্য। সপ্তাহে তিন দিন শহরে গিয়ে ব্যাপক শপিং হয় আমাদের।আমাদের হলের মেয়েরা কিন্তু বেশ এগিয়ে। বিশেষ করে খেলা। ইন্টার ইউনিভার্সিটি ভলিবল ুপ্রতিযোগিতায় ২০০৯-২০১০ সালে চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের মধ্যে সাতজনই এ হলের।আমাদের হলে রাতটা একটু দেরিতে হয়। দুই-তিনটার আগে তো নয়ই। আড্ডাবাজি করতে করতে ক্লান্ত হয়ে হওয়ার আগ পর্যন্ত কি আর ঘুম আসে, বলেন?