প্রীতিলতার আত্মাহুতি দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বীরকন্যা প্রীতিলতার ৮৪তম আত্মাহুতি দিবসে পটিয়ার ধলঘা​েট তাঁর আবক্ষমূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সংগঠন সদস্যরা l প্রথম আলো
বীরকন্যা প্রীতিলতার ৮৪তম আত্মাহুতি দিবসে পটিয়ার ধলঘা​েট তাঁর আবক্ষমূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সংগঠন সদস্যরা l প্রথম আলো

ব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্রামের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৪তম আত্মাহুতি দিবস গত ২৪ সেপ্টেম্বর নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ওই দিন সকাল ১০টায় প্রীতিলতার গ্রাম পটিয়ার ধলঘাটে তাঁর আবক্ষমূর্তিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধলঘাট লাভ দ্য চিলড্রেন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের সভাপতি পংকজ চক্রবর্তী। সভায় বক্তারা প্রীতিলতার আত্মাহুতি দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানান।
বক্তব্য দেন শহীদ অর্ধেন্দু-সুখেন্দু-প্রীতিলতা সংসদের সাধারণ সম্পাদক প্রবোধ রায়, প্রীতিলতা ট্রাস্টের সদস্যসচিব অরুণ বিকাশ চৌধুরী, কোষাধ্যক্ষ অজিত দাশ, সাংবাদিক হারুনুর রশিদ ছিদ্দিকী, আবদুর রাজ্জাক, গৈড়লা কেপি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, প্রভাষক ভগীরত দাশ, পটিয়া গৌরব সংসদের সাধারণ সম্পাদক বিশ্বজিত দাশ, আবৃত্তিকার গৌতম চৌধুরী প্রমুখ।
এদিকে প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণে ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলা কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নারীনেত্রী রেখা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম জেলার সভাপতি মৃণাল চৌধুরী।
বক্তারা বলেন, ‘নারীমুক্তির সংগ্রামে মূল চেতনা হিসেবে প্রেরণা ও উৎসাহের নাম প্রীতিলতা ওয়াদ্দেদার। কিন্তু আক্ষেপের বিষয়, যথাযোগ্য মর্যাদায় আমরা এই মহান বিপ্লবীকে স্মরণ করতে পারিনি। রাষ্ট্রীয় কোনো উদ্যোগ পরিলক্ষিত হয় না, যার মাধ্যমে আমরা প্রীতিলতার চেতনাকে নারীসমাজের মধ্যে ছড়িয়ে দিতে পারি।’
বক্তারা পাঠ্যবইয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী সংযুক্ত করা এবং প্রীতিলতার স্মৃতি রক্ষার্থে তৎকালীন ইউরোপিয়ান ক্লাব সংরক্ষণ করে জাদুঘর হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানান।
সভায় বক্তব্য দেন তপন দস্তিদার, অমিতাভ সেন, শিমুল কান্তি বৈষ্ণব, অমৃত বড়ুয়া, পুলক কান্তি দাশ, সুনীল আইচ, নাহিদ আল মোস্তফা, গোলাম সারোয়ার, বিপ্লব দাশ, ফারজানা ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ১৯৩২ সালে ২৩ সেপ্টেম্বর প্রীতিলতার নেতৃত্বে চট্টগ্রামের পাহাড়তলীতে ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ চালানো হয়।
গভীর রাতে অভিযান শেষে ফেরার সময় প্রীতিলতার গায়ে একটি গুলি লাগে। ইংরেজদের হাতে ধরা পড়ার আশঙ্কায় তিনি নিজের সঙ্গে থাকা পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহনন করেন।
প্রীতিলতা ওয়াদ্দেদার পটিয়ার ধলঘাট ইউনিয়নের দক্ষিণ সমূরা গ্রামে ১৯১১ সালে ৫ মে জন্মগ্রহণ করেন।