ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের মহানায়ক মাস্টারদা সূর্য সেনের সহকর্মী বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ১০১তম জন্মবার্ষিকী ৫ ও ৪ মে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে ৫ মে সকালে পটিয়ার ধলঘাটে প্রীতিলতার নিজ গ্রামে তাঁর আবক্ষ মূর্তিতে বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট, লাভ দ্য চিলড্রেন ফাউন্ডেশন, মানুষের জন্য ফাউন্ডেশন, ইলমা ও বাসদসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে স্বাগত জানায়। আগের দিন ৪ মে শ্রদ্ধা জানান সাংসদ সামশুল হক চৌধুরী। ৫ মে দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ঊষা ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় এবং লাভ দ্য চিলড্রেন ফাউন্ডেশনের উদ্যোগে পূর্ণাঙ্গ হিন্দু বিবাহ আইন প্রবর্তনের দাবিতে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। বীরকন্যা প্রীতিলতা মঞ্চে প্রীতিলতা ট্রাস্টের সভাপতি পংকজ চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। বিশেষ অতিথি ছিলেন ঊষার নির্বাহী পরিচালক হোসেন আরা খান, মানুষের জন্য ফাউন্ডেশনের সমন্বয়কারী বনশ্রী মিত্র নিয়োগী, ইলমার নির্বাহী পরিচালক জেসমিন সুলতানা ও ধলঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছালামত উল্লা মল্ল। বক্তব্য দেন প্রবোধ রায়, রণধীর চক্রবর্তী, মিলন দাশ, মুকুল রানী ত্রিপাঠী, বিশ্বজিৎ দেব প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠানে কবিগানের আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।৪ মে বীরকন্যা প্রীতিলতা প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে পংকজ চক্রবর্তীর সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ সামশুল হক চৌধুরী।