প্রুফ রিডার হিসেবে কাজের সুযোগ..

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

প্রুফ রিডার হিসেবে কাজ করতে পারেন বিভিন্ন প্রকাশনা সংস্থা, সংবাদপত্র, দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা, এমনকি বিভিন্ন মন্ত্রণালয়েও। মাসিক ও চুক্তিভিত্তিক—দুইভাবে প্রুফ রিডার নিয়োগ হয়।
ছাপার অক্ষরের বানানবিভ্রাট নতুন কিছু নয়। ভুল একটি শব্দ কিংবা অযাচিত একটি বর্ণই অনেক সময় বিরাট সমস্যার সৃষ্টি করে। এই বিভ্রাট দূর করে তা নির্ভুলভাবে পাঠকের সামনে উপস্থাপনের কাজটি করেন প্রুফ রিডাররা। মাত্র দেড় মাস পরই শুরু হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বইমেলা—অমর একুশে গ্রন্থমেলা। প্রতিবছরই মেলায় প্রকাশিত হয় কয়েক হাজার বই। ফলে পেশা হিসেবে যাঁরা প্রুফ রিডিংকে বেছে নিতে চান, তাঁদের জন্য একুশে বইমেলা বড় একটি সুযোগ।
কাজের ক্ষেত্র
প্রুফ রিডার হিসেবে কাজ করতে পারেন বিভিন্ন প্রকাশনা সংস্থা, সংবাদপত্র, দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা, এমনকি বিভিন্ন মন্ত্রণালয়েও। নাটক, সিনেমা ও বিভিন্ন ধরনের পাণ্ডুলিপি সংশোধনের জন্যও চুক্তিভিত্তিক কাজের সুযোগ রয়েছে বিভিন্ন মিডিয়া হাউসে।
কাজের ধরন
প্রথম ধাপে প্রুফ রিডাররা পাণ্ডুলিপি থেকে শুধু ভুল সংশোধন করে থাকেন। আর পরের ধাপে তাঁরা করেন পাণ্ডুলিপি সম্পাদনার কাজ। তবে কেউ কেউ দুটি কাজ একসঙ্গে করতে পারেন। সে ক্ষেত্রে পারিশ্রমিকের হিসাবও হয় আলাদা।
যোগ্যতা
প্রুফ রিডিংয়ের কাজে সার্টিফিকেটের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ দক্ষতা ও অভিজ্ঞতা। অভিজ্ঞতা যাঁর যত বেশি, তাঁর কদর তত বেশি। ২০ বছরেরও বেশি সময় ধরে প্রুফ রিডিংয়ের সঙ্গে যুক্ত থাকা তরুণ কুমার মহলানবীশ জানান, প্রুফ রিডিংয়ের জন্য সবার আগে প্রয়োজন প্রচুর বই পড়ার অভ্যাস; বিশেষ করে সাহিত্য। এ ছাড়া প্রয়োজন নিয়মিত অভিধান ও বাংলা বানানবিধির চর্চার অভ্যাস এবং অভিধান ঘেঁটে দ্রুত সঠিক বানান বের করার পারদর্শিতা।
নিয়োগপদ্ধতি

সাধারণত অন্যান্য সেক্টরের মতো বইয়ের প্রুফ রিডিংয়ের জন্য বিজ্ঞাপন দিয়ে কর্মী নিয়োগ দেওয়া হয় না। তবে পত্রিকায় নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞাপন দেওয়া হয়। প্রুফ রিডার হিসেবে নিয়োগের ক্ষেত্রে সাধারণত অভিজ্ঞ লোকই প্রাধান্য পেয়ে থাকেন। যাঁরা এই পেশায় আসতে চান, বিভিন্ন প্রকাশনা সংস্থার সঙ্গে তাঁদের নিয়মিত যোগাযোগ রাখতে হবে।

বেতনকাঠামো
মাসিক ও চুক্তিভিত্তিক—দুইভাবে প্রুফ রিডার নিয়োগ হয়। দুই ক্ষেত্রেই আয় নির্ভর করে কাজের মানের ওপর। ভালো কাজ করলে মাসে ৩০-৪০ হাজার টাকা আয় করা সম্ভব বলে জানান মাওলা ব্রাদার্সের প্রকাশক আহমেদ মাহমুদুল হক। আর ফর্মাভিত্তিক কাজে খুব সহজেই ১৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত আয় করা সম্ভব।