প্রেক্ষাগৃহবিমুখ দর্শকের ঢল মিলনায়তনে
১০ এপ্রিল। মধ্যদুপুরে সূর্যটা আগুন ঢালছে, কিন্তু দর্শকদের গায়ে লাগছেই না সেই উত্তাপ। কারণ, তাঁরা যে এসেছেন ভিন্নধারার চলচ্চিত্র ডুবসাঁতার দেখতে, জীবনসায়রে ডুব দিতে। ছবি শুরু হবে বিকেল পাঁচটায়, কিন্তু তিনটা থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনের বাইরে দর্শকদের লম্বা লাইন। গত ৮ ও ৯ এপ্রিল একই অবস্থা ছিল জেলা শিল্পকলা একাডেমীতেও। ৫ মে। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) চলছে গেরিলা, চারদিকে মানুষের মেলা। টিকিট বিক্রির দায়িত্বে থাকা পাপড়ি সিকদার, হোসনে আরা আর তৌহিদা জান্নাতের কাছে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ, তিন কন্যার চেহারায় অসহায়ত্ব, কারণ তাঁদের কাছে কোনো টিকিট নেই। কেউ তাঁদের হাতে ধরছেন, কেউ হা-পিত্যেশ করছেন। সুস্থধারার চলচ্চিত্র নিয়ে চট্টগ্রামের মানুষের এই মাতামাতি শুরু হয়েছিল গত বছরের ষোলোই ডিসেম্বর, মহান বিজয় দিবসে। সেদিন শ্রুতিচিত্র ও চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের আয়োজনে টিআইসিতে শুরু হয়েছিল তারেক মাসুদেররানওয়ে ছবির প্রদর্শনী। বিজয়ের দিনে রানওয়ে দিয়ে সুস্থধারার ছবির যে জয়যাত্রা শুরু হয়েছিল চট্টগ্রামে, তা এখনো চলছে। এরপর নূরুল আলম আতিকের ডুবসাঁতার ও নাসিরউদ্দীন ইউসুফের গেরিলা দেখতে দর্শকদের ঢল নেমেছিল। তিনটি ছবির বাণিজ্যিক প্রদর্শনীর ব্যাপক সাফল্যের পর সর্বশেষ ২১ মে হয়ে গেল মোরশেদুল ইসলাম পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র আমার বন্ধু রাশেদ-এর চট্টগ্রাম প্রিমিয়ার। মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে তৈরি এ ছবির বাণিজ্যিক প্রদর্শনী হবে আগামী ২৬-২৮ জুন টিআইসিতে, আয়োজনে রয়েছে চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্র।চট্টগ্রামের প্রেক্ষাগৃহগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। বিখ্যাত লায়ন, জলসা, নূপুর কিংবা বনানী কমপ্লেক্সের মতো ২০-২৫টি প্রেক্ষাগৃহ এখন শুধুই স্মৃতি, সেখানে গড়ে উঠেছে বিশাল বিপণিকেন্দ্র। এখনো টিকে আছে আলমাস, দিনার, সিনেমা প্যালেসসহ হাতেগোনা কয়েকটি। প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখার অভ্যাস যখন ভুলতে বসেছিলেন দর্শক, তখন রানওয়ে, গেরিলা, ডুবসাঁতার ও আমার বন্ধু রাশেদ-এর মতো ছবি তাঁদের ফিরিয়ে আনছে মিলনায়তনে। দর্শকেরা প্রেক্ষাগৃহের প্রতি বিমুখ হলেও বিভিন্ন মিলনায়তনে ছবি দেখার প্রতি বেজায় আগ্রহী। অথচ কয়েক মাস আগে সাড়া জাগানো মনের মানুষ ছবিটি আলমাস হলে প্রদর্শিত হলেও দর্শকদের তেমন সাড়া মেলেনি। এ ব্যাপারে চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের সভাপতি শৈবাল চৌধুরী বলেন, ‘আগে পরিবার নিয়ে সিনেমা হলে যেত দর্শক। কিন্তু অশ্লীল ছবির জোয়ারে সিনেমা হলে যাওয়া বন্ধ করে দেয় দর্শক। সে কারণে হলগুলোও বন্ধ হয়ে যেতে থাকে। কিন্তু এখন সুস্থধারার চলচ্চিত্র তৈরি হচ্ছে, কিন্তু সিনেমা হলে গিয়ে ছবি দেখার পরিবেশ নেই। তাই বিভিন্ন মিলনায়তনে সুন্দর পরিবেশে সুন্দর ছবি দেখার জন্য দর্শকের ঢল নামছে।’প্রচলিত নিয়মের বাইরে গিয়েরানওয়ে চলচ্চিত্রটি চট্টগ্রামেই মুক্তি দেন তারেক মাসুদ। প্রদর্শিত হয় টিআইসিতে, প্রতিদিন চারটি করে প্রদর্শনী ছিল। এ ব্যাপারে তারেক মাসুদ বলেন, ‘এখন তো সবকিছুই রাজধানীকেন্দ্রিক, কিন্তু আমার বিশ্বাস ছিল, চট্টগ্রামেও ভালো ছবির দর্শক আছে। রানওয়ে নিয়ে চট্টগ্রামবাসীর উচ্ছ্বাস দেখে আমি গর্বিত।’গেরিলার প্রদর্শনী ও ব্যবস্থাপনায় ছিল বোধন আবৃত্তি পরিষদ। সংগঠনের কর্মী পাপড়ি সিকদার টিকিট বিক্রির অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, ‘গেরিলার টিকিট না পেয়ে মায়ের বয়সী একজন আমাকে বলেন, ‘‘আমার মেয়েটা ছবি দেখবে, বলো কাকে বলতে হবে, কার পায়ে পড়তে হবে।’’ তাঁকে টিকিট দিতে না পেরে কান্না এসেছিল আমারও।’ফাইনআর্টসবিডি ডটকমের আয়োজনে গত ৮ ও ৯ এপ্রিল শিল্পকলা একাডেমী মিলনায়তন এবং ১০ এপ্রিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে প্রতিদিন দুটি করে প্রদর্শনী অনুষ্ঠিত হয় ডুবসাঁতার-এর। ফাইনআর্টসবিডি ডটকমের সাধারণ সম্পাদক আফসানা শারমিন বলেন, ‘নূরুল আলম আতিকের মেধার বিচ্ছুরণ ডুবসাঁতার বুঁদ করে দিয়েছিল চট্টগ্রামের মানুষকে।’