প্রেম, জাদু ও রূপকথার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইলিয়াম শেক্সপিয়ারের নাটকের ভাষা ইংরেজি হলেও এখনকার আধুনিক ইংরেজি ভাষার সঙ্গে তার রয়েছে বিস্তর ফারাক। তার ওপর শেক্সপিয়ারের নাটকের একটি প্রধান বৈশিষ্ট্য হলো কাহিনির জটিল বুনন। অথচ যুক্তরাজ্য-প্রবাসী নাট্যজন মুকুল আহমেদের নির্দেশনায় মাত্র তিন সপ্তাহের মহড়ায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের একদল শিক্ষার্থী মঞ্চায়ন করল শেক্সপিয়ারের নাটক! এ যেন ব্যাট বল না চেনা একদল অনভিজ্ঞের টেস্ট ক্রিকেট খেলতে নেমে যাওয়ার দুঃসাহস দেখানো। তবে সবকিছু বিবেচনা করলে বলতে হয় শেষ পর্যন্ত এই দুঃসাহসেরই জয় হয়েছে।শেক্সপিয়ারের বিখ্যাত কমেডি নাটক এ মিড সামার নাইটস ড্রিম এর মূল বিষয় প্রেম। এথেন্সের কয়েকজন উচ্ছ্বল তরুণ-তরুণীর এক অনাবিল প্রেমের অভিযান তুলে ধরা হয়েছে নাটকটিতে। গত শুক্রবার সন্ধ্যা সাতটায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের রুফ টপ মিলনায়তনে এথেন্সবাসীর সেই অভিযানে যোগ দেওয়ার সুযোগ হয়েছিল চট্টগ্রামের নাট্যমোদী দর্শকদের।ডিউক অব এথেন্স থিসিয়াসের সঙ্গে আমাজানের রাজকন্যা হিপ্পোলাইটার বিয়ে উপলক্ষে আনন্দে মেতেছে এথেন্সবাসী। এর পাশাপাশি চার এথেন্সবাসী হার্মিয়া, লাইস্যান্ডার, হেলেনা এবং ডেমেট্রিয়াসের প্রেম নিয়ে এগুতে থাকে কাহিনি। পরিদের জাদুমন্ত্রের বলে শেষ পর্যন্ত প্রত্যেকে তাদের ভালোবাসার মানুষকে পেয়ে যায়। ১৩টি দেশের ১৮ জন শিক্ষার্থী অভিনয় করেছেন নাটকটিতে। যাদের কারও মাতৃভাষাই ইংরেজি নয়। নাটকে ভিয়েতনামি, শ্রীলংকান, নেপালি, বাংলা ও ইংরেজি ভাষায় গান করেছেন কুশীলবেরা। মঞ্চসজ্জা ও পোশাক ডিজাইন করেছেন যুক্তরাজ্যের কেভিন জেনকিনস। বাঁশি ও পিয়ানো বাজিয়েছেন ক্রিস্টা থর্প ও বরুনি গানিকুলা। নাটকের সহনির্দেশক ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুন্না দহল। প্রযোজনা করেছেন সারা আমিন ও সঙ্গীতা রাভামাহিনি।নাটক সম্পর্কে নির্দেশক মুকুল আহমেদ বলেন, ‘মাত্র তিন সপ্তাহে মেয়েরা যে কাজ করেছে তাতে আমি মুগ্ধ। একটা বহুজাতিক সংস্কৃতির প্রতিনিধিদের সঙ্গে কাজ করতে পেরে ভালো লেগেছে।’