প্রেম ও অ্যাকোর্ডিয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরাসি সংগীত– শিল্পী মারিয়ঁ সিলা
ফরাসি সংগীত– শিল্পী মারিয়ঁ সিলা

অালিয়ঁস ফ্রঁসেজের অফিসকক্ষে ঢুকেই হাত বাড়িয়ে বললেন, ‘কাঁঠাল খেয়েছি, হাত আঠা-আঠা করছে।’ করমর্দন না করে তাই হাসি দিয়ে অভ্যর্থনা জানালেন ফরাসি সংগীতশিল্পী মারিয়ঁ সিলা। তা কেমন লাগল এ দেশের কাঁঠাল? হেসে বললেন, ‘খুব অদ্ভুত ফল। জীবনে প্রথম খেলাম। রসাল আর খানিকটা কলার মতো স্বাদ।’
ছিপছিপে হালকা-পাতলা শরীর আর লম্বাটে মুখে বয়সের ছাপ নেই। ২৩ বছর বয়স থেকে অ্যাকোর্ডিয়ান বাজাচ্ছেন। এখন তার সঙ্গে যুক্ত হয়েছে লুপ স্টেশনসহ বেশ কিছু ইলেকট্রনিক বাদ্যযন্ত্র। দেশে দেশে ঘুরে একাই কনসার্ট করেন। নিজেই গান-কবিতা লেখেন আর সুর দেন। ফরাসি এই শিল্পী নিজ দেশে জনপ্রিয় হলেও তারকাখ্যাতি থেকে দূরে থাকতেই পছন্দ করেন। তাঁর ইচ্ছে অ্যাকোির্ডয়ান নিয়ে বিশ্বভ্রমণ করা। ইতিমধ্যে কনসার্ট করেছেন বাংলাদেশসহ বিশ্বের নয়টি দেশে। ২২ জুন আলিয়ঁস ফ্রঁসেজে মারিয়ঁর সঙ্গে ঘণ্টা দেড়েক আলাপে উঠে আসে সংগীত নিয়ে তাঁর অভিজ্ঞতা ও অনুভূতির কথা।
আগের দিন ২১ জুন বিশ্ব সংগীত দিবসে অ্যাকোর্ডিয়ান বাজিয়ে গান গেয়ে শোনালেন তিনি চট্টগ্রামের দর্শকদের। গানের সঙ্গে নাচলেনও দারুণ। উপস্থাপনায় ছিল কৌতুকের ছটাও। আলাপের প্রথমেই ওঠে সেই প্রসঙ্গ। মারিয়ঁ জানালেন, স্টেজ পারফরম্যান্স করতে গিয়ে গান পরিবেশনের সময় নানা কিছুই করেন তিনি। নাচ, কৌতুক ও অভিনয়ের পাশাপাশি স্টেজে পশুপাখির ডাক ও বিচিত্র শব্দও তৈরি করেন। এসবের লক্ষ্য, দর্শক-শ্রোতাদের আবেগের একটা ভিন্ন স্তরে নিয়ে যাওয়া।
প্রকৃতি, সম্পর্ক, মানুষ—এসব তাঁর আগ্রহের বিষয়। গানে গানে কখনো অপেরার ঢঙে গল্প বলেন তিনি, আবার কখনো কেবলই সুরে ভাসিয়ে নেন শ্রোতাদের। নিজের অ্যাকোর্ডিয়ানটিকে তিনি ‘ট্র্যাভেলিং অ্যাকোর্ডিয়ান’ বলতে পছন্দ করেন। বাদ্যযন্ত্রটি তাঁর ভ্রমণসঙ্গী বলেই এমন অভিধা দিয়েছেন। এত বাদ্যযন্ত্র থাকতে কেন অ্যাকোর্ডিয়ান বেছে নিলেন? প্রশ্ন করতেই বললেন, ‘এর পেছনে একটা প্রেমের গল্প আছে। আমি যখন ২২ বছর বয়সের ছাত্রী, তখন একজন অ্যাকোর্ডিয়ান বাদকের প্রেমে পড়ি। তাঁকে এই অনুভূতির কথা কখনো বলা হয়নি। প্রেমটা গোপনই থেকে গেল। তাঁর প্রতি অনুরাগ থেকেই অ্যাকোর্ডিয়ান বাজানো শুরু করি।’
দক্ষিণ ফ্রান্সের মন্টেপিলার শহরে জন্ম তাঁর। ছোটবেলায় পিয়ানোর হাতেখড়ি হয়েছিল। এ কারণে পরে অ্যাকোর্ডিয়ান বাজানো শিখতে বেগ পেতে হয়নি। ফ্রান্সের প্রধান শহরগুলোতে কনসার্ট করেছেন। এ ছাড়া ফরাসি সরকারের হয়ে মেক্সিকো, পেরু, পানামাসহ নানা দেশে কনসার্ট করেছেন।
মারিয়ঁ একা থাকেন। নিজেকে বিকল্প ধারার শিল্পী হিসেবে পরিচয় দেন। আধুনিক পৃথিবীর ভোগবাদী মানসিকতা বর্জন করেছেন তিনি। টাকার পেছনে না ছুটে নিজের যতটুকু প্রয়োজন ততটুকুই আয় করেন। মারিয়ঁর কথা, একজন মানুষের বেঁচে থাকার জন্য খুব বেশি কিছু প্রয়োজন নেই। মানুষ নিজেদের বিলাসিতার জন্য পরিবেশ ও প্রকৃতির ক্ষতি করছে। তিনি তাই এমন জীবনধারার বিরুদ্ধে।
দেশের সীমারেখা থাকলেও সংগীত ও সুরের কোনো সীমারেখা নেই বলে মনে করেন তিনি। সংগীত সমাজ বদলাতে না পরলেও মানুষের মন বদলাতে পারে বলে তাঁর বিশ্বাস। মেক্সিকোসহ লাতিন আমেরিকার বিভিন্ন দেশে কনসার্টের অভিজ্ঞতা তাঁকে ভীষণ অনুপ্রাণিত করে। মারিয়ঁ মনে করেন, ফরাসি সংগীতের চেয়ে স্প্যানিশ সংগীত অনেক বেশি প্রাণ-প্রাচুর্য্যে ভরা। আর বাংলাদেশের গান? কথার পিঠে এমন প্রশ্ন শুনে মারিয়ঁ বললেন, এখানকার গান খুব শোনা হয়নি। তবে সবকিছু খুবই প্রাণবন্ত।
আগের দিন কনসার্টে পানামা নিয়ে একটা গান শুনিয়েছেন তিনি। প্রশ্ন করলাম, এবার বাংলাদেশও কি তাঁর গানের বিষয় হবে? মারিয়ঁ হেসে বললেন, ‘কেন নয়, এখান থেকে গিয়েই হয়তো একটা গান লিখব।’ একটু থেমে যোগ করলেন, চট্টগ্রামের কথা মনে থাকবে আর কাঁঠালের কথাও!