প্রেম ও দ্বন্দ্বের কাহিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুন পাখি নাটকের একটি দৃশ্য
আগুন পাখি নাটকের একটি দৃশ্য

জীবনে কত কিছুই ঘটে, যা আমাদের প্রত্যাশার বাইরে। স্বপ্ন ভাঙে, ভাঙে সংসার, ঘটে ভালোবাসার মৃত্যু। সংসারে মানুষ চায় এক রকম, ঘটে আরেক রকম। ভালোবাসার বদলও ঘটে কখনো কখনো নারী-পুরুষের সম্পর্কে। এই সম্পর্ক যেমন একজনের জন্য আনন্দের, আরেকজনের জন্য হয়ে দাঁড়ায় কষ্টের কারণ। এ রকমই সমাজ জীবনের বাস্তবতার চিত্রই যেন ফুটে উঠেছে আগুন পাখি নাটকে।

১৭ আগস্ট বুধবার নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে মঞ্চায়িত হলো একাডেমি অব পারফর্মিং আর্টস প্রযোজিত নাটক আগুনপাখি। প্রাচীন গ্রিক নাট্যকার এস্কিলাস, সফোক্লিস ও ইউরিপিদিসের নাটক ইলেকট্রা ও বুদ্ধদেব বসুর উপন্যাস কলকাতার ইলেকট্রা অবলম্বনে রচিত আগুনপাখি নাটকের পাণ্ডুলিপি সম্পাদনা ও নির্দেশনায় ছিলেন মুনির হেলাল।

 ট্রয় যুদ্ধের সেনানায়ক আগামেমনন ও তাঁর স্ত্রী ক্লাইতেমেনস্ত্রার কন্যা ইলেকট্রা নাটকের মূল চরিত্র। মায়ের চক্রান্তে বাবা নিহত হলে ইলেকট্রা পিতৃহত্যার প্রতিশোধ নেয়। পিতার প্রতি পরিপূর্ণ অগাধ ভক্তি ও ভালোবাসা আর মায়ের প্রতি তীব্র বিদ্বেষ ও সমালোচনাপূর্ণ মনোভাব ইলেকট্রার চারিত্রিক বৈশিষ্ট্য। কন্যার পিতার প্রতি এই অদম্য ভালোবাসাকে মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্লয়েড ‘ইলেকট্রা কমপ্লেক্স’ হিসেবে অভিহিত করেছেন। গ্রিক এই কাহিনিকে আধুনিক সময়ে প্রতিস্থাপন করেছেন বুদ্ধদেব বসু। এই কাহিনি নিয়ে তিনি রচনা করেন করেন উপন্যাস কলকাতার ইলেকট্রা। যার পটভূমি সত্তরের দশকের কলকাতা। এই উপন্যাসে দেখা যায় ইন্দ্রনাথ দেশমাতৃকার আহ্বানে বিপ্লবের দীক্ষা নিয়ে বেরিয়ে পড়েন। তাঁর মনোরমা সন্তানদের নিয়ে বেঁচে থাকার প্রয়াসী। অসুস্থ মনোরমার চিকিৎসা করে সুস্থ করে তোলেন ইন্দ্রনাথের চিকিৎসক বন্ধু রাঘব মজুমদার। সেই সূত্রে রাঘব-মনোরমার ভালোবাসা পরিণয়ে রূপ নেয়। কিন্তু বড় মেয়ে শম্পা তাঁর পিতার স্থানে কিছুতেই মেনে নিতে পারে না রাঘবকে। বাবা ইন্দ্রনাথের প্রতি শম্পার প্রবল ভালোবাসা, আস্থার কোনো ব্যত্যয় ঘটে না।

রাঘবের সবকিছুকে স্বাভাবিকভাবে নেওয়ার প্রচেষ্টা, কনকের নতুন স্বপ্নে দিদিকে টেনে আনার চেষ্টা, অদ্রির মনে শম্পার জাগিয়ে তোলার দ্বন্দ্ব এ নাটককে তার অমোঘ পরিণতির দিকে নিয়ে গিয়ে গ্রিক ট্র্যাজেডির বৈশিষ্ট্যকেই যেন উজ্জ্বল করে তোলে। কিন্তু সেখানেই শান্তির দূত হয়ে আসে আগুনপাখি। এভাবেই এগিয়ে চলে নাটক আগুনপাখির কাহিনি।

এই ধরনের নাটক নতুন নয় তবে নতুনত্ব আছে ভাবনায়, প্রয়োগে ও দৃশ্যায়নে। নাটকটিতে অনবদ্য অভিনয় করেছেন শুভ্রা বিশ্বাস, সনজীব বড়ুয়া, কঙ্কণ দাশ, সুচরিত চৌধুরী, বিবি আয়েশা প্রমুখ। শিল্প নির্দেশনা ছিলেন সুব্রত বড়ুয়া রনি, আবহ পরিকল্পনায় দেবাশীষ রায়, আলোক পরিকল্পনায় ইমরান হোসেন, প্রযোজনা সাবিরা সুলতানা।