প্রেম-ভালোবাসায় বদরুলের জায়গা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার হয়েছেন বদরুল l ছবি: প্রথম আলো
গ্রেপ্তার হয়েছেন বদরুল l ছবি: প্রথম আলো

খাদিজা ও বদরুলের পূর্বপরিচয় বা সম্পর্ক বিবেচনায় নিয়ে সম্ভাব্য যে দুটি ঘটনা ঘটে থাকতে পারে, তা হচ্ছে—১. খাদিজা ও বদরুলের মধ্যে একসময় সম্পর্ক ছিল, এখন খাদিজা আর তা রাখতে চাননি। ২. দুজনের মধ্যে সম্পর্ক বলতে যা বোঝায়, তা কখনোই ছিল না, বদরুল একতরফাভাবে খাদিজাকে চাইতেন। দুটির কোনোটির মধ্যেই অস্বাভাবিক কিছু নেই। প্রেম হতে পারে, সেই সম্পর্ক ভেঙে যেতে পারে, কেউ একতরফাভাবে কারও প্রেমে পড়তে পারেন এবং তাতে সফল না-ও হতে পারেন। এসবের মধ্য দিয়েই আমাদের জীবন চলে।

আমরা যখন কৈশোর-যৌবনে পা রাখতে শুরু করি, তখন মনের মধ্যে প্রেমের জন্য কেমন জানি হাহাকার তৈরি হয়। আমরা প্রেমে পড়ি, পড়তে চাই, পড়ার জন্য আকুল হয়ে থাকি। কিন্তু প্রেম করতে চাইলে বা কারও প্রেমে পড়লেই কি প্রেম মেলে! বিশেষ করে ওই বয়সে। প্রেমে ব্যর্থ হওয়া বা যাঁকে চাওয়া, তাঁকে না পাওয়া—এটা কি আমাদের জীবনে খুব অস্বাভাবিক কিছু! এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে, যিনি জীবনের কোনো-না-কোনো পর্বে কাউকে ভালোবেসে বা ভালোবাসার মানুষকে না পেয়ে কঠিন দুঃখ-যন্ত্রণা বা হতাশার সময় পার করেননি! কিন্তু এসব পার করেই তো আমরা বাঁচি। সামনে আগাই, অনেকে ভালোভাবেই বাঁচি। আমরা প্রেম নিয়েই বাঁচি।

খাদিজার ওপর চাপাতি নিয়ে যে বর্বরতা বদরুল করেছেন, এরপর খাদিজা-বদরুলের দীর্ঘদিনের পরিচয়, সম্পর্ক বা প্রেম—এসব আলোচনা ও বিষয় অর্থহীন হয়ে দাঁড়ায়। ক্ষমতা, পৌরুষ বা দখলদারি মনোভাবের বাইরে এই নৃশংসতার পেছনে আর কিছুই নেই। এটা সেই মনোভাব, যা একজন নারীকে শুধু দখলই করতে চায়, নারীকে মানুষ হিসেবে বিবেচনা করে না। এই মনোভাবের কাছে অন্যের ‘হ্যাঁ’ বা ‘না’ একেবারেই অর্থহীন। অথচ সম্পর্ক নির্ভরই করে ‘হ্যাঁ’-এর ওপর। কোনো একপক্ষের ‘না’ মানেই সেখানে কোনো সম্পর্ক নেই।

বদরুলের নৃশংসতার ভিডিও যাঁরা দেখেছেন, খাদিজার ফালি ফালি হয়ে যাওয়া মাথার দৃশ্য যাঁদের চোখে পড়েছে, তাঁরা কি কেউ এর সঙ্গে কোনো ‘সম্পর্কের গল্পকে’ মেলাতে পারবেন! কোনো নারীকে যে চাপাতি দিয়ে এভাবে কোপাতে পারে, তাকে কি আমরা মানুষ বলব! মানুষে-মানুষে সম্পর্ক বা প্রেম-ভালোবাসার আলোচনায় তাই বদরুল বা বদরুলদের কোনো জায়গা নেই!